নাগরিকদের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কেবল রাষ্ট্রের ওপর নির্ভর করা সম্ভব নয়। এই লক্ষ্য অর্জনে বেসরকারি প্রতিষ্ঠান বা উদ্যোগগুলোর বিকাশ অত্যন্ত জরুরি বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারডেম অডিটোরিয়ামে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান বলেন, "বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যেভাবে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং দেশের বিভিন্ন স্থানে সেবাপ্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম বিস্তৃত করেছে, তা উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষণীয়। রাষ্ট্রের বাইরে থেকে কীভাবে একটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে, বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে এবং টেকসইভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার উদাহরণ।"

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, এই ধরনের প্রতিষ্ঠানের কার্যকারিতা কেবল ডায়াবেটিস চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তারা ভূমিকা রাখতে পারে। এই কারণে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সামগ্রিক কার্যক্রমকে একটি ‘কেস স্টাডি’ হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে তিনি মনে করেন।

ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন হোসেন জিল্লুর রহমান। তার মতে, রোগ হওয়ার পূর্ব মুহূর্ত থেকে শুরু করে রোগ শনাক্তকরণ এবং রোগ হওয়ার পরবর্তী পর্যায় পর্যন্ত—প্রতিটি ধাপেই সচেতনতা প্রয়োজন। তবে রোগ হওয়ার আগের সচেতনতা বৃদ্ধিতে কেবল চিকিৎসকদের ওপর নির্ভর না করে শিক্ষক, স্থানীয় সরকার এবং সমাজের অন্যান্য অংশকেও সম্পৃক্ত করতে হবে।

এই অর্থনীতিবিদ আরও বলেন যে, স্কুল পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার সুযোগ রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারকে তাদের এলাকার স্বাস্থ্য পরিস্থিতির প্রতি আরও দায়িত্বশীল করে তোলা সম্ভব।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের দূরদর্শী পদক্ষেপের প্রশংসা করে হোসেন জিল্লুর রহমান বলেন, ১৯৫৬ সালে যে স্বপ্ন নিয়ে এই কার্যক্রমের সূচনা হয়েছিল, উত্তরসূরিদের প্রচেষ্টায় তা আজ বহুগুণ বিস্তৃত হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের লক্ষ্য শুধু রোগ নিয়ন্ত্রণ নয়; মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। তিনি তার বক্তব্যে সতর্ক করে বলেন, ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পাওয়ার অপেক্ষা না করে আগেই পরীক্ষা করানো এবং সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, টাইপ-২ ডায়াবেটিসের শুরুর দিকে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু যখন জটিলতা দেখা দেয়, তখন চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে সেই জটিলতাগুলো আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। তাই ‘প্রি-ডায়াবেটিস’ পর্যায়েই রোগ শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া আবশ্যক।

টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ইনসুলিনের প্রাপ্যতাকে মানবাধিকার হিসেবে দেখার দাবি জানান এ কে আজাদ খান। তিনি বলেন, "ইনসুলিন বেঁচে থাকার জন্য অপরিহার্য হরমোন। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা পুরোপুরি ইনসুলিনের ওপর নির্ভরশীল। তাই ইনসুলিন নিশ্চিত করা শুধু চিকিৎসার বিষয় নয়, এটি সমাজের দায়িত্ব।"

উক্ত সভায় আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমেদ এবং বারডেম হাসপাতাল প্রশাসনের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক ফারজানা বি ইব্রাহিম।