আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিসে আক্রান্ত অনেক ব্যক্তিই এমন এক সমস্যার সম্মুখীন হন যে, বিছানা থেকে ওঠার সময় কিংবা বসা অবস্থা থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরে, চোখে অন্ধকার নেমে আসে অথবা তীব্র দুর্বলতা অনুভব করেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এসব উপসর্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো পোস্টুরাল হাইপোটেনশন, যা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন নামেও পরিচিত। মূলত বসা বা শোয়া অবস্থা থেকে হঠাৎ দাঁড়ানোর পর যখন রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়, তখনই এই সমস্যাটি দেখা দেয়। ডায়াবেটিসের কারণে দীর্ঘদিনের স্নায়ুর ক্ষতি হওয়া এই সমস্যার অন্যতম প্রধান কারণ। রক্তচাপের এমন আকস্মিক পতনের ফলে রোগী অজ্ঞান হয়ে যাওয়া এবং পড়ে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়; তাই সময়মতো এই রোগ শনাক্ত করা এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, যাদের রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত, অধিক বয়সপ্রাপ্ত ব্যক্তি কিংবা যারা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এ ছাড়া কিডনি বা হৃদ্রোগের সমস্যা, শরীরে পানিশূন্যতা, রক্তস্বল্পতা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু নির্দিষ্ট ওষুধ সেবনের ফলেও এই ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
সাধারণত মানুষ যখন উঠে দাঁড়ায়, তখন মাধ্যাকর্ষণের প্রভাবে শরীরের নিচের অংশে রক্ত জমা হওয়ার একটি প্রবণতা তৈরি হয়। একজন সুস্থ মানুষের স্নায়ুতন্ত্র ও রক্তনালি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে এই রক্তচাপকে স্বাভাবিক পর্যায়ে ধরে রাখে। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হয়। এছাড়া পানিশূন্যতা, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া, দীর্ঘক্ষণ শুয়ে থাকা এবং কিছু ওষুধের প্রভাবও এর কারণ হতে পারে। এই সমস্যার প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে দাঁড়ালে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, দুর্বলতা, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা এবং হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া।
এই সমস্যা শনাক্ত করতে প্রথমে পাঁচ মিনিট শুয়ে থাকার পর রক্তচাপ মাপা হয় এবং এরপর দাঁড়ানোর এক ও তিন মিনিট পর পুনরায় রক্তচাপ মাপা হয়। যদি দাঁড়ানোর তিন মিনিটের মধ্যে সিস্টোলিক রক্তচাপ অন্তত ২০ মিমি পারদ অথবা ডায়াস্টোলিক রক্তচাপ অন্তত ১০ মিমি পারদ কমে যায়, তবে পোস্টুরাল হাইপোটেনশন সন্দেহ করা হয়। রোগ নির্ণয়ের জন্য রক্তের শর্করা, এইচবিএওয়ানসি, সিবিসি, ইলেকট্রোলাইট ও কিডনির কার্যকারিতা পরীক্ষা করা প্রয়োজন। এছাড়া প্রয়োজন অনুযায়ী ইসিজি, টিল্ট-টেবিল পরীক্ষা বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা যাচাই করা হয়।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তচাপ কমানোর ওষুধ বা মূত্রবর্ধক ওষুধের মাত্রায় পরিবর্তন আনতে হতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা, ধীরে ধীরে শোয়া থেকে বসা এবং বসা থেকে দাঁড়ানো, দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে না থাকা এবং প্রয়োজনে কম্প্রেশন স্টকিং ব্যবহার করা বেশ উপকারী হতে পারে। তবে যাদের হৃদ্রোগ, কিডনি রোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে পানি ও লবণের পরিমাণ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে।
লেখা: সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।