বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে রাজধানীর হাতিরঝিলে ‘এমলিনো ডায়াবিট রান’ শীর্ষক একটি বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের (এসিএমইএলএবি) ডায়াবেটিক পোর্টফোলিও ‘একমিস ডায়াকেয়ার’-এর উদ্যোগে গত শনিবার এই কর্মসূচিটি পালন করা হয়।

এই বিশেষ আয়োজনে বিভিন্ন বয়স ও পেশার মানুষের পাশাপাশি কমিউনিটি পার্টনার হিসেবে দেশের বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনিম সিনহা এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাবরিনা জুনেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘টেক আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। এই প্রতিপাদ্যকে সামনে রেখেই পুরো আয়োজনটি সাজানো হয়েছে। মূলত ডায়াবেটিস রোগ ধরা পড়ার আগেই সঠিক জীবনযাপন এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানোর সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই দৌড় আয়োজনের প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করেন প্রখ্যাত এন্ডোক্রাইনোলজিস্ট ও সহযোগী অধ্যাপক রুশদা শারমিন বিনতে রউফ। তিনি ডায়াবেটিস প্রতিরোধ করার উপায় এবং প্রাথমিক পর্যায়ে করণীয় পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া অতিথি দৌড়বিদ হিসেবে এই আয়োজনে অংশ নেন চিকিৎসক সাকলায়েন রাসেল, কামরুল হাসান, এ কে এম আহসান উল্লাহ এবং উজ্জ্বল কুমার মল্লিক।

আয়োজকদের মতে, প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় হাঁটা বা দৌড়ানোর মতো নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি কমাতে অত্যন্ত সহায়ক। উল্লেখ্য যে, পুরো আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর)।