নামের সামান্য মিলের কারণে দীর্ঘ ২২ বছর ধরে একটি অস্ত্র মামলার জটিলতায় জীবন অতিবাহিত করছেন ঢাকার দোহারের বাসিন্দা মো. আলমাস। ২০০৪ এবং ২০১৮ সালে দুইবার আটকের পর ২০২৫ সালের ৪ নভেম্বর তিনি পুনরায় গ্রেপ্তার হন। এক বছর কারাগারে বন্দি থাকার পর গত ১০ নভেম্বর তিনি মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। তাঁর জীবনের এই দীর্ঘ কষ্টের কথা শুনিয়েছেন আজহারুল হক।

ঘটনার বর্ণনা দিয়ে মো. আলমাস বলেন, “২০২৫ সালের ৪ নভেম্বর। দুপুরে কাজ শেষ করে বাড়ি ফিরে মেয়েটাকে কোলে নিয়েছি মাত্র। এমন সময় উঠানে পুলিশ। আমাকে গ্রেপ্তার করতে এসেছে। বুঝতে পারি, সেই পুরোনো অস্ত্র মামলা। পুলিশকে আগের কাগজপত্র দেখাই। আশপাশের লোকজনও এগিয়ে এসে বলেন, আমি ওই মামলার আসামি নই।”

তবে পুলিশের তেমন কোনো ভ্রুক্ষেপ হয়নি। তিনি জানান, পুলিশ তাঁর কথা বা প্রতিবেশীদের কথা না শুনেই হাতকড়া পরিয়ে তাঁকে ফাঁড়িতে নিয়ে যায়। এরপর দোহার থানাহাজতে এক রাত রাখার পর তাঁকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

কারাগারের দিনগুলো ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। আলমাস বলেন, “আমার ভেতরটা ভেঙেচুড়ে গেল। খেতে পারতাম না। শুয়ে থাকতাম আর ভাবতাম, কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, তারপরও কেন মাসের পর মাস আমাকে কারাগারে থাকতে হচ্ছে! কান্নাকাটি করতাম। অন্য বন্দীরা আমাকে বোঝাতেন, সান্ত্বনা দিতেন। এ সময় সবচেয়ে বেশি মনে পড়ত আমার মেয়ের মুখ। তাকে খুব মিস করতাম।”

এই ভোগান্তির শুরু হয়েছিল ২০০৪ সালে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১০ বা ১২ বছর। মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ তাঁকে আটক করে। যদিও এলাকার মানুষের প্রতিবাদের মুখে পরে তিনি মুক্তি পান।

২০১৮ সালে পুনরায় আটকের পর তিনি জানতে পারেন, নামের মিলের কারণে অন্য একজনের মামলায় তাঁকে আসামি হিসেবে খোঁজা হচ্ছে। ২০০২ সালের ১০ এপ্রিল ঢাকার মিরপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার প্রকৃত আসামি ছিলেন দক্ষিণ বাহ্রা গ্রামের খলিল আহমেদের ছেলে আলমাছ হোসেন, যাকে ১০ বছরের সাজা দেওয়া হয়। তবে তিনি জামিনে মুক্তি পেয়ে বিদেশে চলে যান।

আলামস জানান, তাঁর নাম মো. আলমাস এবং বাবার নাম শেখ খলিল। অন্যদিকে মামলার আসামির নাম আলমাছ হোসেন এবং বাবার নাম খলিল আহমেদ। দুজনের ঠিকানাও প্রায় কাছাকাছি হওয়ায় এই বিভ্রান্তি তৈরি হয়। এই ভুল সংশোধনের জন্য তিনি তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ এবং কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারীর কাছ থেকে সনদ সংগ্রহ করেন। ওই সনদগুলোতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, তিনি ওই মামলার আসামি নন।

তিনি আরও বলেন, “আমি কখনো ঢাকায় থাকিনি। মিরপুরও চিনি না। অথচ মামলার আসামি হিসেবে আমার নাম-ঠিকানা চলে এসেছে। আমার মায়ের নাম রাশনারা/রাসনারা বেগম। আর প্রকৃত আসামি আলমাছ হোসেনের মায়ের নাম সালমা আক্তার। এই তথ্যগুলো যাচাই করলেও হয়তো আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। এত বছর ধরে এই হয়রানিও পোহাতে হতো না।”

২০১৭ সালে বিয়ে করেন আলমাস। তাঁর স্ত্রী বন্যা আক্তার ২০১৮ সালে স্বামীর আটকের পর এই আইনি জটিলতার কথা জানতে পারেন। এরপর থেকে সাংসারিক সুখ-দুঃখের পাশাপাশি এই আইনি লড়াইয়ের সঙ্গী হন তিনি।

২০১৮ সালের পর তিনি ভেবেছিলেন এই দুঃস্বপ্ন শেষ হয়েছে। চেয়ারম্যানদের সনদ এবং নিজের পরিচয় দেওয়ার পর পুলিশ আর তাঁর বাড়িতে আসেনি এবং আদালতে হাজিরাও দিতে হয়নি। ফলে তিনি কার্তিকপুর বাজারের এক ইলেকট্রিশিয়ানের দোকানে কাজ শিখে নিজের জীবন গুছিয়ে নিতে শুরু করেন।

বিদেশে যাওয়ার চেষ্টায় ২০২৫ সালে সৌদি আরবের ভিসা পান তিনি। এর জন্য ঋণ করে সাড়ে ৪ লাখ টাকা জমা দিয়েছিলেন। কিন্তু বিদেশ যাওয়ার আগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

কারাগারে থাকাকালীন সহবন্দিদের মাধ্যমে তিনি জানতে পারেন যে, তাঁর এই করুণ কাহিনী নিয়ে ‘মুক্তকণ্ঠ’ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়া আলমাসকে অন্য বন্দিরা সেই প্রতিবেদনটি পড়ে শোনান। সেই খবরটি শুনে তিনি আশাবাদী হন যে, এবার হয়তো ন্যায়বিচার পাবেন এবং মুক্তি মিলবে।

পরিবারের সদস্যরা তাঁর মুক্তির জন্য আদালতের দ্বারস্থ হন। ৮ নভেম্বর উচ্চ আদালত তাঁকে দ্রুত মুক্তির নির্দেশ দিলে ১০ নভেম্বর তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এক বছর পর বাড়ি ফিরলে স্বজন ও প্রতিবেশীরা তাঁকে স্বাগত জানান। তবে এই দীর্ঘ সময়ে তাঁর স্ত্রী বন্যা আক্তারকে এক ছেলে, এক মেয়ে এবং বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করে চরম কষ্ট সহ্য করতে হয়েছে। মুক্তির নির্দেশ পাওয়ার পর দুই দিন কারাগারের ফটকে বসে অপেক্ষা করেছিলেন তাঁর স্ত্রী।

মুক্ত হয়ে বাড়ি ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন আলমাস। তিনি বলেন, “কারাগার থেকে ফিরেছি ঠিকই, কিন্তু আগের মতো কাজে মন বসাতে পারি না। শরীর ও মন কোনোটাই আগের মতো নেই। বারবার মনে পড়ে বিনা অপরাধে কারাগারে কাটানো দিনগুলোর কথা। মনে হয়, ১২ মাসে আমার জীবন থেকে ১২ বছরের বেশি সময় কেড়ে নেওয়া হয়েছে। বন্দী থাকা অবস্থায় সৌদি ভিসাও বাতিল হয়ে যায়। টাকাগুলোও ঋণের বোঝা হয়ে থাকে। আমার জীবনের যে ক্ষতি হয়েছে, সরকার তার সঠিক বিচার করুক। যে অপরাধ আমি করিনি, তার জন্য কেন আমাকে এত বছর ধরে হয়রান হতে হলো? কেন এক বছর কারাগারে কাটাতে হলো? কেন ঋণের বোঝা নিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে?”

২২ বছরের হারানো সময়, ভেঙে যাওয়া স্বপ্ন এবং পরিবারের কষ্টের কথা ভেবে তিনি এখন কেবল তাঁর এই অপূরণীয় ক্ষতির বিচার দাবি করছেন।