যুক্তরাষ্ট্রের সকল বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজের চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে পুনরায় বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এই ব্যাপক বিপর্যয়ের মূল কারণ হিসেবে তিনি ‘পুরানো হার্ডওয়্যারের কারণে’ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন।

ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করে শন ডাফি বলেন, “দেশজুড়ে রাডার, যোগাযোগ ব্যবস্থা ও কেন্দ্রগুলোতে আমরা অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছি।” তিনি জানান, রাউটারগুলো থেকে যখন অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করে, তখন নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সারা দেশে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়।

যুক্তরাষ্ট্রের বর্তমান এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম অত্যন্ত প্রাচীন বলে মন্তব্য করেন পরিবহনমন্ত্রী। এই বিষয়ে তিনি ব্যাখ্যা করেন যে, রাউটারগুলোর ওপর ‘তথ্যের অতিরিক্ত চাপ’ পড়ে গিয়েছিল, যার ফলে প্রাপ্ত তথ্যে ‘অসামঞ্জস্যতা’ দেখা দেয় এবং পুরো ব্যবস্থাটি অচল হয়ে পড়ে।

এই সংকটময় পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন পরিবহনমন্ত্রী কংগ্রেসের (যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ) কাছে আহ্বান জানান যেন তারা অত্যাধুনিক উড়োজাহাজ চলাচল ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান করে। শন ডাফির মতে, যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর জন্য ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রয়োজন।

অন্যদিকে, এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ত্রুটির সম্ভাবনা ছিল কি না, তা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি পূর্বেই এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, “কোনো সাইবার হামলা হয়নি এবং এ ঘটনার সঙ্গে মাইক্রোসফট বিপর্যয়ের কোনো সম্পর্ক নেই।”

হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে মুলিন আরও জানান, যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। আকাশপথে চলাচলের এই বিপর্যয় সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির সব বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ও নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখা হয়।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইটের উড্ডয়ন প্রায় দেড় ঘণ্টা (৯৫ মিনিট) বন্ধ রাখার নির্দেশ কার্যকর ছিল। তবে শুক্রবারের এই নিষেধাজ্ঞা সেই সময়সীমাকে ছাড়িয়ে গেছে।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার সমস্যার কথা জানিয়েছে। এই কারিগরি ত্রুটির ফলে সংস্থাটির ওয়েবসাইটে থাকা তথ্য প্রদর্শনে সমস্যা হতে পারে অথবা পুরোনো তথ্য প্রদর্শিত হতে পারে। সমস্যাটি সমাধানে বর্তমানে প্রযুক্তিবিদেরা কাজ করছেন বলে জানিয়েছে ওই সংস্থা।