যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি গতকাল রোববার এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার নিকটবর্তী স্থানে বিমানটি আছড়ে পড়ে। এলাকাটি ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে মাত্র ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে।
দুর্ঘটনাস্থলের দৃশ্য থেকে জানা গেছে, আবাসিক এলাকার একটি সড়কের ওপর বড় গর্ত তৈরি হয়েছে এবং চারদিকে আগুনের চিহ্ন ছড়িয়ে আছে। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ, কংক্রিটের টুকরো এবং বিমানের বিভিন্ন অংশ পুরো সড়কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার শিকার লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা করেছিল এবং এর গন্তব্য ছিল বাহামা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং বিমানের গতিপথ বিশ্লেষণ করে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচে নেমে আসছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও এর সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ড্যাশবোর্ড ক্যামেরায় ধারণ করা বলে মনে হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক এলাকার সড়ক দিয়ে গাড়ি চলার সময় হঠাৎ একটি উড়োজাহাজ প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই বিশাল আগুনের গোলার সৃষ্টি হয়।
এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’
উড়োজাহাজটিতে কারা আরোহী ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে গভর্নর ডিস্যান্টিস আশ্বস্ত করে বলেন, ‘এ পর্যন্ত মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার খবর আমরা পাইনি।’
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এই ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সব ধরনের সহায়তা প্রদানের জন্য এফএএ ঘটনাস্থলে একটি বিশেষ দল পাঠাচ্ছে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডাফি আরও বলেন, ‘যাঁদের আমরা হারিয়েছি, তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের জন্য সবাই প্রার্থনা করুন।’
পাম বিচ কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ এই ঘটনাটিকে ‘বিপুলসংখ্যক হতাহত হওয়ার ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছে। পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মিলিটারি ট্রেইল নামক ছয় লেনের একটি সড়কে, যার দুই পাশে বিভিন্ন খাবারের দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।
গভর্নর ডিস্যান্টিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের নিকটবর্তী একটি ট্রেলার পার্ক থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানটি আছড়ে পড়ার ফলে এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, যার মধ্যে পানির সরবরাহের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি মেরামত করে পুনরায় চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, দুর্ঘটনার সময় ওই এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছিল। সংবাদ সম্মেলনের সময়ও সেখানে ভারী বৃষ্টি পরছিল।
উল্লেখ্য, গতকাল সকালে প্রেসিডেন্ট ট্রাম্প তার মার-আ-লাগো অবকাশযাপন কেন্দ্রে অবস্থান করছিলেন। তবে দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তিনি নিকটস্থ একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে করে সেখান থেকে প্রস্থান করেন।