যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত অবহিত করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের জন্য এখন পর্যন্ত কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে যোগাযোগব্যবস্থায় এই আকস্মিক বিপর্যয়ের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তিনি সতর্ক করে বলেন, পুরো বিষয়টি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

বিপর্যয়টি কি সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে ঘটেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুলিন বলেন, ‘এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।’ তবে তিনি পুনরায় নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

মুলিন জানান, যুক্তরাষ্ট্রের দুটি নির্দিষ্ট অঞ্চলে যোগাযোগব্যবস্থা পুরোপুরি সচল রয়েছে, যার অর্থ পুরো ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে ওই দুটি অঞ্চল কোথায়, তা তিনি প্রকাশ করেননি। এর আগে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে এবং আকাশে থাকা সব উড়োজাহাজের অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগের সমস্যার কথা স্বীকার করেছে। এর ফলে সংস্থাটির ওয়েবসাইটে থাকা তথ্য প্রদর্শনে সমস্যা হতে পারে অথবা পুরোনো তথ্য দেখাতে পারে। সংস্থাটি জানিয়েছে, সমস্যা সমাধানে বর্তমানে প্রযুক্তিবিদেরা কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই মনে করছে না যে, যোগাযোগব্যবস্থার এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন কোনো সফটওয়্যার হালনাগাদের কারণে এই বিপর্যয় ঘটেছে কি না। তবে এখনো কোনো কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির সব বিমানবন্দর থেকে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ও নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখা হয়।

যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটার প্রভাব আন্তর্জাতিক ফ্লাইটেও পড়েছে। ইউরোপের ৪২টি দেশের বিমান চলাচল সমন্বয়কারী সংস্থা ইউরোকন্ট্রোলের ওয়েবসাইটে জানানো হয়েছে, এফএএর অনুরোধে সদস্যদেশগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছে। এই দেশগুলোর তালিকায় ইসরায়েলও রয়েছে।

যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্র থেকে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে চলাচলকারী ফ্লাইটে বিঘ্ন ঘটতে পারে। তাই যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মেক্সিকো সিটির প্রধান বিমানবন্দর বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরও যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে আসা ফ্লাইটে বিঘ্নের কথা জানিয়েছে। যাত্রীদের নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে এবং সূচির পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুলিন বলেন, পুরো পরিস্থিতি সামাল দিতে ‘কিছুটা সময় লাগবে’। এক ঘণ্টার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, এমন সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রায় ৯৫ মিনিট কার্যকর ছিল। তবে শুক্রবারের এই নিষেধাজ্ঞা এরই মধ্যে সেই সময়সীমা ছাড়িয়ে গেছে। এদিন স্থানীয় সময় বেলা ৩টা ৫৪ মিনিটে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং বিকেল সাড়ে পাঁচটা নাগাদও তা বহাল ছিল।

বিমান চলাচল বিশ্লেষক রবার্ট মান মনে করেন, এই নিষেধাজ্ঞা সন্ধ্যা পর্যন্ত চললে উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ফিরতে সপ্তাহান্ত পর্যন্ত সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহনবিষয়ক কমিটি বলেছে, এই ঘটনা বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অবকাঠামো আধুনিক করার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে। দেশজুড়ে ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টার উড়োজাহাজ চলাচল সমন্বয়ের কাজ করে। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বাধীন কমিটি জানিয়েছে, প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের আমলের পর থেকে নতুন কোনো নিয়ন্ত্রণকেন্দ্র নির্মাণ করা হয়নি। জনসন ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।