দেশের বাজারে স্বর্ণের মূল্যের অস্থিরতা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই দামের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত শুক্রবার (১৩ নভেম্বর) বাজুস স্বর্ণের নতুন মূল্য তালিকা নির্ধারণ করেছে। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।
বাজুসের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত শনিবার (১৪ নভেম্বর) বর্তমান নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি করা হচ্ছে।
বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, ১২ নভেম্বর সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তার আগে ১১ নভেম্বর সকালে আবারও দাম সমন্বয় করে বাজুস। ওইদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়।
উল্লেখ্য যে, গত ৬ নভেম্বর পর পর তিন দফা দাম বাড়ানোর পর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
স্বর্ণের দামের এই ঘন ঘন পরিবর্তনের মাঝেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গয়নার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাজুস। প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে যে, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।