দেশের বাজারে স্বর্ণের দামের অস্থিরতা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই এই মূল্যবান ধাতুর দাম ওঠানামা করতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বর্ণের নতুন মূল্য তালিকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ওইদিন ভরিতে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।
বাজুসের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত শুক্রবার (১৩ নভেম্বর) বর্তমান নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি করা হচ্ছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে, গত ১১ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেই সময়ে ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের দামের এই পরিবর্তনের বিপরীতে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গয়নার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে উল্লেখ করে বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।