ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক ভয়াবহ ও অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে রইল দিন্দোরি জেলা। সেখানে রসগোল্লা মনে করে একটি বোমায় কামড় দেওয়ার ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার গভীর রাতে কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ভুক্তভোগী ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। তিনি যখন নিজের বাড়িতে বসে ছিলেন, তখন অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে উপস্থিত হন।

সূত্রের খবর, দুজনের মধ্যে কথা শুরু হয়। অভিযোগ করা হয়েছে যে, আলাপচারিতার এক পর্যায়ে রাম ভগত একটি দেশীয় বোমাকে রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে তুলে দেন। রাজেন্দ্র সেটি আসল মিষ্টি ভেবে মুখে পুরে কামড় দিতেই এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মৃত রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘এটি ছিল প্রাণী মারার জন্য ব্যবহৃত বোমা। বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য অনুরোধ করি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুর জানান, এই ঘটনায় রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা নাগপুর আরও জানান, সে সময় চারপাশ অন্ধকার থাকায় রাজেন্দ্রর হাতে বোমা দেওয়া হচ্ছে নাকি রসগোল্লা, তা তিনি স্পষ্টভাবে বুঝতে পারেননি। তিনি বলেন, ‘ওটাতে কামড় দেওয়ার মুহূর্তেই বোমাটি বিস্ফোরিত হয়।’

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাম ভগত দাবি করেছেন যে, একটি ছেলে তাকে ওই বোমাটি দিয়েছিল। পুলিশ সেই ছেলেটিকেও আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ বর্তমানে সব দিক খতিয়ে দেখে মামলাটি তদন্ত করছে। বিশেষ করে, অভিযুক্ত ব্যক্তি এবং ভুক্তভোগীর প্রতিবেশীদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সেই সম্ভাবনাটিও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।