ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া অঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লখিমপুরে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার এই পদক্ষেপের পদ্ধতি, স্বচ্ছতা এবং মানবিক দিক নিয়ে ওঠা নানা প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। উল্লেখ্য, এই দুই রাজ্যেই বর্তমানে হিন্দুত্ববাদী বিজেপি দল ক্ষমতায় রয়েছে।

মধ্যপ্রদেশের খান্ডোয়ার মানসিং অয়েল মিল ক্রসিং এলাকায় অবস্থিত প্রায় ৩০০ বছরের প্রাচীন হজরত কাসিম শাহ ওয়ালির দরগাহটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করেছিল জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান শুরুর পর স্থানীয় বাসিন্দারা এর তীব্র প্রতিবাদ জানান। সেই সময় সিটি কাজি সৈয়দ নিসার আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিটি ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত নির্দেশ এবং রাস্তার নকশা দেখতে চাইলে অভিযানটি সাময়িকভাবে স্থগিত করা হয়।

স্থানীয় বাসিন্দাদের গুরুতর অভিযোগ যে, তাঁরা এলাকা ছেড়ে চলে যাওয়ার পর রাতের অন্ধকারে বিপুল পুলিশি নিরাপত্তায় বুলডোজার চালিয়ে দরগাহ ও তার সংলগ্ন দেয়াল ভেঙে ফেলা হয়। যদিও প্রশাসন দাবি করেছে যে তারা কেবল আংশিক অপসারণ করেছে, তবে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে যে দরগাহটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি। রাতের অন্ধকারে একটি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার এই পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাপক ভাবে।

অন্যদিকে, আসামের লখিমপুর জেলার বরবিল গ্রামে বিজ্ঞপ্তিভুক্ত আদিবাসী বলয়ের প্রায় ১৭ বিঘা সরকারি জমি বেআইনি দখলমুক্ত করার কথা বলে ৪২টি মুসলিম পরিবারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এই উচ্ছেদ অভিযানে নারী ও শিশুসহ শতাধিক মানুষ খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছেন।

স্থানীয় এক স্কুলশিক্ষক তোয়েব আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অধিকাংশই সেখানে বেশ কয়েক প্রজন্ম ধরে বসবাস করে আসছিলেন। তোয়েব আলী বলেন, “আগে সরকারি কর্মকর্তা জমি দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো কথা নেই।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তীব্র শীতের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের শিশুদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করছেন এবং বিকল্প বাসস্থানের আবেদন জানাচ্ছেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, এই উচ্ছেদ অভিযানের পেছনে ধর্মীয় বৈষম্যের প্রভাব রয়েছে।

মানবাধিকারকর্মীদের মতে, পরপর এই দুটি ঘটনার ফলে ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে অনিশ্চয়তা ও বিপন্নতার সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থাপনা হোক বা বসতভিটা, উচ্ছেদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার অভাব, পূর্ব নোটিশের অনুপস্থিতি এবং পুনর্বাসনের অভাব সংখ্যালঘুদের মনে বঞ্চনা ও নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে। তাঁরা আরও উল্লেখ করেন যে, উন্নয়নের দোহাই দিয়ে বা জমি দখলমুক্ত করার অভিযানে সাধারণ মানুষের রুজি-রোজগার, আশ্রয় এবং ধর্মীয় অনুভূতির সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায়, সমাজের একটি বড় অংশের মানুষের মধ্যে প্রান্তিকীকরণের অনুভূতি আরও গভীর হতে পারে।