মাঠের লড়াইয়ের আসল শক্তিই হলো পারফরম্যান্স। বর্তমানে বল টেম্পারিং নিয়ে উসমান খাজার করা অভিযোগের কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ব্যাপক তোলপাড় চলছে। আট বছর আগে কেপ টাউন টেস্টে প্রকৃতপক্ষে কী ঘটেছিল—সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে ঘুরছে। তবে পার্থে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংসের পর, বল টেম্পারিংয়ের আলোচনা থেকে অনেকের নজর এখন সরে গেছে মাহলি বিয়ার্ডম্যানে। প্রশ্ন উঠছে, কে এই ২১ বছর বয়সী পেসার?
কারণ, ইংল্যান্ডের দল মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায়। আর এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে ছিলেন বিয়ার্ডম্যান, যিনি ওয়ানডে অভিষেকেই মাত্র ২৪ রানে ৬ উইকেট শিকার করেন। এই বিধ্বংসী বোলিংয়ের পর তাড়া করতে নেমে ১৫৯ বল হাতে রেখেই ৭ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে বিয়ার্ডম্যানের এই বোলিং পারফরম্যান্স এখন পর্যন্ত সেরা। এই অর্জনের মাধ্যমে তিনি বর্তমান অস্ট্রেলিয়া দলের নির্বাচক এবং সাবেক পেসার টনি ডোডমেইডের রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছেন। ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন ডোডমেইড।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্বাগতিক দর্শকদের সামনে ২১ বছর ২ মাস ১৩ দিন বয়সে আরও একটি অনন্য কীর্তি গড়েন বিয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে তিনি কুপার কনোলিকে পেছনে ফেলেছেন।
২০০৫ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডুনসবরোয় জন্ম নেওয়া বিয়ার্ডম্যানের ক্রিকেটে অনুপ্রেরণা ছিল ভিন্ন। ২০১৩–১৪ অ্যাশেজ সিরিজে মিচেল জনসনের বোলিং দেখে মুগ্ধ হয়ে তাঁর অ্যাকশনের অনুসরণ করতে শুরু করেন এই ডানহাতি পেসার। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের আগেই তিনি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির কাছাকাছি বোলিং করতে পারতেন। আজকের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তাঁকে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে দেখা গেছে।
বিস্তারিত আসছে..।