যশোর আদালতের সামনে প্রায় ৩৮ বছর ধরে জুতা সেলাই ও পলিশের কাজ করে চলেছেন শচীন দাস (৫৬)। দীর্ঘ এই কর্মজীবনে কাজের ফাঁকে তিনি সময় কাটান খবরের কাগজ পড়ে এবং অবসরে চর্চা করেন রবীন্দ্র-নজরুলসহ বিভিন্ন কবি-লেখকের সাহিত্য। এছাড়া বাউল গানের প্রতি রয়েছে তাঁর গভীর অনুরাগ ও ভালোবাসা।
শচীন দাসের আদি বাড়ি যশোর সদর উপজেলার সজলপুর জামতলায়। তাঁর বাবা দেবু গোসাই এই একই পেশায় দীর্ঘ ৫৫ বছর অতিবাহিত করেছেন। ১৯৮৬ সালে যশোর শহরের মুসলিম একাডেমি থেকে মাধ্যমিক পাস করার পর শচীন তাঁর বাবার এই পেশায় যুক্ত হন।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে একটি পত্রিকা বিক্রির দোকান রয়েছে। ঠিক সেই দোকানের উল্টো পাশেই বসে জুতা সেলাই ও পলিশের কাজ করেন শচীন। প্রতিদিন সকালে তিনি ওই দোকান থেকে একটি পত্রিকা কেনেন। তবে শুধু একটিতে সীমাবদ্ধ থাকেন না; ওই কেনা পত্রিকার পাশাপাশি আরও কয়েকটি পত্রিকা নিয়ে তিনি কাজে বসেন। সবকটি পত্রিকা পড়ার পর কেনা কপিটি নিজের কাছে রেখে বাকিগুলো দোকানে ফেরত দিয়ে দেন। এভাবে প্রতিদিন তিনি চার থেকে পাঁচটি পত্রিকা পড়েন। খবরের কাগজ পড়ার পাশাপাশি প্রতি সপ্তাহে একবার বাউল গানের আসরও বসান তিনি, যেখানে লালনসংগীতের চর্চা করা হয়।
নিজের জীবন ও আনন্দ নিয়ে শচীন দাস বলেন, “প্রতি বুধবার সন্ধ্যার পর তাঁর বাড়িতে বাউলগানের আসর বসে। সেখানে তিনি নিজে কণ্ঠ ছেড়ে গান ধরেন। তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউ এবং নাতি সবাই আসরে যোগ দেন। ওই আসরে পরিবারের সবাই কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।” অভাব-অনটনের সাথে লড়াই করলেও ছোট ছোট আনন্দের মাধ্যমেই জীবনে সুখ খুঁজে নেন এই পরিবার।
মা, স্ত্রী, ছেলে, ছেলের বউ এবং দুই নাতিসহ মোট সাত সদস্যের একটি সংসার শচীনের। এছাড়া তাঁর দুই মেয়ে রয়েছে, তবে তাঁদের বিয়ে হয়ে যাওয়ায় তাঁরা স্বামীর বাড়িতেই থাকেন। শচীন তাঁর ছেলে সত্য দাসকে নিজের পেশায় যুক্ত করেননি, বরং তাঁকে সেলুনের কাজ শিখতে দিয়েছেন। বাবা-দাদার পেশায় সন্তানকে না আনার কারণ জানতে চাইলে শচীন দাস বলেন, “মানুষ এখনো এই কাজটাকে অনেক ছোট মনে করে। সম্মান দেয় না। সে কারণে সন্তানকে আর এই পেশায় নিয়ে আসিনি।”
শচীন দাস প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ টাকা আয় করেন। অন্যদিকে তাঁর ছেলে সেলুনের কাজ করে প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা সংসারে সহায়তা করেন। বর্তমান জীবন নিয়ে হতাশাস্বরে তিনি বলেন, “বর্তমানে ভাড়া বাড়িতে থাকি। ছেলে ও আমার আয় দিয়ে কোনোরকমে সংসার চলে। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। তাই পত্রিকা পড়ে, গানবাজনা করে ছোট ছোট সুখ খুঁজি। এতেই আনন্দ পাই।”