অনলাইন জুয়া চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ঘুষ লেনদেনের গুরুতর অভিযোগে যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনকে ক্লোজ করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজির বিশেষ নির্দেশে তাকে বর্তমানে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানা থেকে এসআই আব্দুল আল মামুনকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। উল্লেখ্য, এর আগে তিনি প্রায় এক মাস ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর তার বিরুদ্ধে অনলাইন জুয়া চক্রের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলা এবং তাদের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে এসআই মামুন মুক্তকণ্ঠকে বলেন, “প্রায় তিন মাস আগে জুয়া সংক্রান্ত ঘটনায় একজনকে আটক করেছিলেন তিনি। ওই আটকের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন যে, তার বিরুদ্ধে আনা এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
এই পুরো বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “জুয়া-সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এসআই আব্দুল আল মামুনকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হবে। পুলিশ সুপার একজন কর্মকর্তাকে এ তদন্তের দায়িত্ব দেবেন। তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”