হলিউডের কিংবদন্তি অভিনেতা ডাস্টিন হফম্যান তাঁর দীর্ঘ অভিনয়জীবনে দুটি অস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে প্রভাবশালী কাজ হিসেবে পরিচিত ‘দ্য গ্র্যাজুয়েট’ সিনেমাটি। এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন বেঞ্জামিন চরিত্রে। সিনেমাটির কাহিনী ছিল বেশ বিতর্কিত, যেখানে দেখা যায় এক তরুণ একই সঙ্গে এক মধ্যবয়সী নারী এবং তাঁর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। মা ও মেয়ের সঙ্গে এই ত্রিকোণ প্রেমের গল্পটি মুক্তির সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। এই সিনেমার বেঞ্জামিন চরিত্রটিই হফম্যানকে এনে দিয়েছিল অস্কার মনোনয়ন এবং বদলে দিয়েছিল তাঁর পুরো ক্যারিয়ার। তবে দীর্ঘ ৫১ বছর পর নিজের আত্মজীবনীতে এই অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেতা জানান, “মা মেয়ের সঙ্গে প্রেমের এই সিনেমার গল্পটিতে অভিনয় করা ছিল ভুল সিদ্ধান্ত। চরিত্রে নিজেকে ভুল নির্বাচন মনে হয়েছিল। এটা মিসকাস্ট।”

সম্প্রতি প্রকাশিত তাঁর স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’ বইটিতে ৮৯ বছর বয়সী এই অভিনেতা তাঁর জীবনের বিভিন্ন অধ্যায়ের পাশাপাশি ১৯৬৭ সালের এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরেছেন।

সম্প্রতি ‘টুডে’ অনুষ্ঠানে বইটির বিষয়ে আলাপকালে হফম্যান জানান, সিনেমাটির প্রধান চরিত্র বেঞ্জামিন ব্র্যাডকের জন্য তিনি নিজেকে কখনোই উপযুক্ত মনে করেননি। চার্লস ওয়েবের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় বেঞ্জামিনকে ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার, মেধাবী ছাত্র এবং দৌড় প্রতিযোগিতায় দক্ষ এক তরুণ হিসেবে চিত্রিত করা হয়েছিল। হফম্যানের মতে, নিজের শারীরিক গঠন বা বৈশিষ্ট্যের সঙ্গে এই বর্ণনার কোনো মিল ছিল না।

সেই সময়ের স্মৃতিচারণ করে হফম্যান বলেন, “কোনো এক অদ্ভুত কারণে পরিচালক মাইক নিকোলস আমাকে সিনেমাটিতে নিয়েছিলেন।” শুটিং শেষ হওয়ার পর পরিচালকের মনে যে সংশয় তৈরি হয়েছিল, সেটিও স্মরণ করেন তিনি। হফম্যানের ভাষ্য অনুযায়ী, কেউ একজন পরিচালক নিকোলসকে বলেছিলেন যে প্রধান চরিত্রে ভুল অভিনেতাকে নেওয়া হয়েছে এবং এটি অত্যন্ত দুঃখজনক। এই মন্তব্যে পরিচালক বেশ মন খারাপ করেছিলেন এবং তাঁর আশঙ্কা ছিল যে ভুল অভিনেতা নির্বাচনের কারণে সিনেমাটির গ্রহণযোগ্যতা কমে যেতে পারে।

তবে হফম্যান মনে করেন, সে সময় হলিউডে নায়ক নির্বাচনের প্রচলিত ধারায় এক ধরনের পরিবর্তন আসছিল। নির্মাতারা কেবল সুদর্শন অভিনেতাদের পর্দায় দেখানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে হফম্যান বলেন, “প্রথমবারের মতো তাঁরা পর্দায় সুদর্শন মানুষ চাইছিলেন না। বরং সাধারণ চেহারার, খুঁত আছে এমন বাস্তব মানুষের মতো অভিনেতাদের খুঁজছিলেন তাঁরা। এর কারণ দর্শকেরা যেন পর্দার চরিত্রের সঙ্গে নিজেদের মিল খুঁজে পান।”

কিন্তু সিনেমাটি মুক্তির পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ‘দ্য গ্র্যাজুয়েট’ মোট সাতটি অস্কার মনোনয়ন পায়। সেরা অভিনেতার বিভাগে মনোনয়ন পান ডাস্টিন হফম্যান এবং সেরা পরিচালকের পুরস্কার জয় করেন মাইক নিকোলস। যে চরিত্রটিকে তিনি শুরুতে ভুল নির্বাচন মনে করেছিলেন, সেটিই শেষ পর্যন্ত তাঁর অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় এবং সফল কাজে পরিণত হয়।

সাক্ষাৎকারে হফম্যান তাঁর শুরুর দিকের কঠিন সংগ্রামের দিনগুলোর কথাও উল্লেখ করেন। নিউইয়র্কে অভিনয়ের শুরুর সময়ে তিনি অভিনেতা জিন হ্যাকম্যান এবং রবার্ট ডুভালের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। সেই সময় তাঁদের কারওই নিয়মিত কাজ ছিল না। জীবনযাপনের তাগিদে রবার্ট ডুভাল রাতের শিফটে ডাকঘরে কাজ করতেন এবং জিন হ্যাকম্যান আসবাবপত্র সরানোর কাজ করতেন। সেই দিনগুলোর কথা মনে করে হফম্যান বলেন, “আমরা কাজ পাব, এমনটা আশা করতাম না। বিখ্যাত হব, সেটাও ভাবিনি।”

তাঁর স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’ বইটিতে অভিনয়জীবনের শুরু, দীর্ঘ সংগ্রাম, বিশ্বব্যাপী খ্যাতি এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। জীবনের সবচেয়ে গর্বের বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে হফম্যান অভিনয় সাফল্য বা পুরস্কারের কথা না বলে তাঁর পরিবার ও সন্তানদের কথা উল্লেখ করেন। পরিবারের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “হ্যাঁ, কারণ এটাই সবচেয়ে বাস্তব।”

হফম্যানের মতে, পরিবারই তাঁকে বাস্তবতাকে আঁকড়ে ধরার সুযোগ করে দিয়েছে। তাঁর এই স্মৃতিকথার মাধ্যমে পাঠকেরা একজন সাধারণ মানুষ থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার পেছনের সংগ্রাম ও অভিজ্ঞতার কথা জানতে পারবেন।