হলিউডের দুইবারের অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী হিলারি সোয়াঙ্কের পরিবারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক সদস্য। ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদটি প্রকাশ্যে আসার ঠিক একদিন পর, ১৫ অক্টোবর নিউইয়র্কের রাস্তায় তাঁকে দেখা যায়। সেই সময়ে তাঁর বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বিশেষ নজর কেড়েছে।

নিউইয়র্কে ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অতিথি হিসেবে অংশ নেওয়ার পর অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসতে দেখা যায় সোয়াঙ্ককে। তাঁর পরনে ছিল একটি স্লিভলেস টপ, নিচু কোমরের মাতৃত্বকালীন জিনস এবং একটি রঙিন বোনা কার্ডিগান। সাজের পূর্ণতা দিতে তিনি সাথে নিয়েছিলেন লাল রঙের একটি ব্যাগ এবং পায়ে ছিল নেভি ব্লু রঙের হিল।

এর আগের দিন, ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ভিডিও প্রকাশ করে তৃতীয় সন্তান আসার সুখবর জানান এই অভিনেত্রী। ওই ভিডিওতে তাঁর স্বামী ফিলিপ স্নাইডার এবং তিন বছর বয়সী যমজ সন্তান আয়া ও ওমকেও দেখা গেছে। পরিবারের চার সদস্যের শরীরেই ছিল জ্বলজ্বলে রঙিন কাঠি। অন্ধকারের মাঝে নাচানাচি করে আনন্দঘন মুহূর্ত উদ্‌যাপন করেন তাঁরা। সোয়াঙ্কের পেটে একটি ছোট নিয়ন কাঠি দিয়ে মানুষের অবয়ব তৈরি করা ছিল।

ভিডিওটির ক্যাপশনে রসিকতা করে সোয়াঙ্ক লিখেছেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, পরবর্তী কোন প্রকল্পে কাজ করছি। এটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে।’

তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাওয়ায় অত্যন্ত উচ্ছ্বসিত এই অভিনেত্রী। পিপল সাময়িকীর সাথে আলাপকালে তিনি বলেন, ‘অন্য সবার মতো আমিও জানতে পেরেছি যে আমি অন্তঃসত্ত্বা। পরীক্ষা করিয়ে জানতে পারলাম, আমি গর্ভবতী। আমি ভীষণ আনন্দিত, কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’

২০১৮ সালে উদ্যোক্তা ফিলিপ স্নাইডারকে বিয়ে করেন হিলারি সোয়াঙ্ক। বিয়ের পাঁচ বছর পর, ২০২৩ সালে তাঁদের যমজ সন্তান আয়া ও ওমের জন্ম হয়। এবার তাঁদের পরিবারে আসছে তৃতীয় সন্তান।

এর আগে চল্লিশোর্ধ্ব বয়সে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন অভিনেত্রী। ২০২৫ সালে উইমেনস হেলথ সাময়িকীকে তিনি জানিয়েছিলেন, আরও আগে সন্তান নেওয়া সম্ভব হলে হয়তো নিতেন। তবে ৪৭ বছর বয়সে মা হওয়ার সময়টিকে তিনি জীবনের এক অনন্য ও বিশেষ অধ্যায় হিসেবে বিবেচনা করেন।

সোয়াঙ্ক বলেন, ‘আমি সক্রিয়ভাবে ৪৭ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করিনি। তবে জীবনের অনেক কিছু এক জায়গায় এসে মিলেছিল তখন। নানা কারণে সেটিই ছিল সঠিক সময়।’

সন্তানদের বড় করে তোলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। সোয়াঙ্কের মতে, চল্লিশের শুরুর দিকে মা হলে তিনি বর্তমানের মতো ধৈর্যশীল ও বোঝাপড়ায় আগ্রহী অভিভাবক হতে পারতেন না। সন্তানদের চিন্তাভাবনা, তাঁদের আচরণের পেছনের কারণ এবং তাঁরা পৃথিবীকে কীভাবে দেখেন, সেসব বিষয়ে এখন তাঁর বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। উল্লেখ্য, ‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘বয়েজ ডোন্ট ক্রাই’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য অস্কার জয় করেছেন হিলারি সোয়াঙ্ক।