স্মার্টফোনের ক্যামেরার প্রযুক্তি যত উন্নত হচ্ছে, অদ্ভুতভাবে তরুণ প্রজন্মের মধ্যে পুরোনো দিনের ছবির প্রতি আকর্ষণ তত বাড়ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি প্রজন্মের একটি বড় অংশ এখন অত্যাধুনিক স্মার্টফোনের পরিবর্তে পুরোনো মডেলের আইফোন ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠেছে। তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ২০১৩ সালে মুক্তি পাওয়া আইফোন ৫সি। এই ফোনটির ক্যামেরায় তোলা ছবির সেই বিশেষ পুরোনো আমেজ নতুন প্রজন্মকে প্রবলভাবে আকৃষ্ট করছে। প্রযুক্তিপণ্য কেনাবেচার ওয়েবসাইট কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে অনলাইনে ‘বাই আইফোন ৫সি’ লিখে অনুসন্ধানের হার অবিশ্বাস্যভাবে ৪০ হাজার ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, বাজারে আসার ১৩ বছর অতিক্রান্ত হওয়ার পরও এই ফোনটি নিয়ে নতুন করে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। শুধু ফোনটিই নয়, এর ক্যামেরার কার্যকারিতা সম্পর্কেও মানুষের কৌতূহল বাড়ছে।

আইফোন ৫সির প্রতি এই আকর্ষণের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে এর ৮ মেগাপিক্সেলের ক্যামেরাকে। বর্তমানের আধুনিক স্মার্টফোনগুলোর ক্যামেরায় যেমন নিখুঁত রং বা সফটওয়্যারের মাধ্যমে অতিরিক্ত পরিশীলিত ছবি পাওয়া যায়, এই ফোনে তেমনটি ঘটে না। এর ছবিতে কম রেজোল্যুশনের বৈশিষ্ট্য বজায় থাকে। তরুণদের কাছে ছবির এই লো-ফাই বা কম প্রযুক্তিনির্ভর ধরনটিই এখন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

এই প্রবণতা সম্পর্কে একজন ব্যবহারকারী জানিয়েছেন, “আইফোন ৫সি মডেলের ফোনে তোলা ছবি পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয়।” তিনি বন্ধুদের সঙ্গে ভ্রমণের ছবি ও ভিডিও ধারণ করার জন্য এই ফোনটি ব্যবহারের পরামর্শও দিয়েছেন। অন্য এক ব্যবহারকারী ফোনটির আনবক্সিং ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, মূলত ছবি তোলার উদ্দেশ্যেই তিনি আইফোন ৫সি কিনেছেন। অপর একজন ব্যবহারকারী লিখেছেন, “আইফোন ৫সি এখনো তাঁর সবচেয়ে প্রিয় আইফোন।”

২০১৩ সালের ২০ সেপ্টেম্বর আইফোন ৫সি বাজারে আসে। তবে মাত্র দুই বছরের মাথায় অ্যাপল কোম্পানিটি এই ফোনটির উৎপাদন বন্ধ করে দেয়। যুক্তরাজ্যে বাজারে আসার সময় এর দাম ছিল ৫৪৯ থেকে ৭০৯ পাউন্ড। তবে বর্তমানে অনলাইন মার্কেটপ্লেস ইবেতে ব্যবহৃত আইফোন ৫সি মাত্র ২০ পাউন্ডে পাওয়া যাচ্ছে।

বাজারে আনার সময় অ্যাপল আইফোন ৫সি-কে ‘এযাবৎকালের সবচেয়ে রঙিন আইফোন’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। ফোনটি পাঁচটি উজ্জ্বল রঙে পাওয়া যেত এবং এতে ছিল ৮ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা। বর্তমান সময়ের আইফোনগুলোর ক্যামেরার তুলনায় এর প্রযুক্তিগত সক্ষমতা অনেক কম হলেও, ছবির স্বতন্ত্র ধরনের কারণেই পুরোনো এই ফোনটি এখন জনপ্রিয় হয়ে উঠছে।

কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ‘আইফোন ৫সি ক্যামেরা’ লিখে অনলাইনে অনুসন্ধানের হার বেড়েছে ১ হাজার ৮১৫ শতাংশ। একই সময়ে শুধু ‘আইফোন ৫সি’ লিখে অনুসন্ধানের হার বেড়েছে ২৬৪ শতাংশ।

কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের প্রধান পণ্য কর্মকর্তা লি এলিয়ট বলেন, “আইফোন ৫সির ক্যামেরায় পুরোনো দিনের ডিজিটাল ক্যামেরার বৈশিষ্ট্য পাওয়া যায়। এর ছবির রেজোল্যুশন তুলনামূলক কম এবং সফটওয়্যারের মাধ্যমে ছবিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত করা হয় না। ফলে ছবিতে ২০১০ সালের শুরুর দিকের ডিজিটাল ক্যামেরার মতো একটি স্বতন্ত্র আবহ তৈরি হয়।”

আইফোন ৫সির ৮ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে সর্বশেষ আইফোন ১৮ প্রোর ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার তুলনা করলে প্রযুক্তিগত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তবে দানাদার ও লো-ফাই ঘরানার ছবি তোলার ক্ষেত্রে আইফোন ৫সির ক্যামেরার নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে। লি এলিয়টের মতে, কোনো ফিল্টার ব্যবহার করেও ছবিতে ঠিক একই ধরনের আবহ তৈরি করা কঠিন।

শুধুমাত্র আইফোন ৫সি নয়, সামগ্রিকভাবে পুরোনো প্রযুক্তির পণ্যের প্রতিও নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান সারকানার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় সপ্তাহে তারযুক্ত হেডফোন বিক্রি থেকে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। অর্থাৎ, পুনরায় তারযুক্ত হেডফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে। এমা ওয়াটসন, হ্যারি স্টাইলস, বেলা হাদিদ ও চার্লি এক্সসিএক্সের মতো বিশ্বখ্যাত তারকাদেরও সম্প্রতি তারযুক্ত হেডফোন ব্যবহার করতে দেখা গেছে।

টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির টেড রজার্স স্কুল অব রিটেইল ম্যানেজমেন্টের প্রভাষক ওমর এইচ ফারেস জানিয়েছেন, পুরোনো প্রযুক্তির প্রতি তরুণদের এই আগ্রহের পেছনে অতীতের প্রতি একধরনের স্মৃতিকাতরতা কাজ করছে। তরুণেরা হয়তো অতীতের এমন একটি সময়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন, যেটিকে তাঁরা নিজেদের কল্পনায় আরও সুন্দর ও আদর্শ বলে মনে করেন। অতীতের প্রতি এই স্মৃতিকাতরতার পাশাপাশি ডিজিটাল দুনিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগও এই প্রবণতার পেছনে বড় ভূমিকা রাখছে।