বিশ্বজুড়ে কর্মক্ষেত্রের প্রচলিত ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। একদিকে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, অন্যদিকে বাড়তি বেতনের চেয়ে কাজের স্বাধীনতাকে এখন বেশি গুরুত্ব দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি পরিচালিত এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের প্রায় ৭৪ শতাংশ কর্মী তাঁদের দৈনন্দিন পেশাগত কাজে এআই এজেন্ট ব্যবহার করছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলেও কর্মীদের কাছে এখন অর্থের চেয়ে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যই অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্বখ্যাত নিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যাডেকো’ তাদের বার্ষিক ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক’ প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের ৪০ হাজারের বেশি কর্মীর ওপর এই ব্যাপক জরিপটি চালানো হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এই জরিপের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, প্রশাসনিক ও একঘেয়ে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানগুলো এখন এআই-এর ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়ছে। এর ফলে কর্মীদের মধ্যেও এই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ২০২৫ সালে বিশ্বের ৬৪ শতাংশ কর্মী কর্মক্ষেত্রে এআই ব্যবহার করতেন, যা মাত্র এক বছরের ব্যবধানে বেড়ে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। শুধু যুক্তরাজ্যেই ৭২ শতাংশ কর্মী কাজে এআই ব্যবহারের কথা জানিয়েছেন।

বেতনের চেয়ে জরুরি কাজের স্বাধীনতা

জরিপে অংশগ্রহণকারী কর্মীরা জানিয়েছেন, বর্তমান সময়ে চাকরি ছাড়ার পেছনে তাঁদের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে পেশাগত ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্যের অভাব। এছাড়া কাজের সময়সূচিতে নমনীয়তা এবং বাড়ি থেকে কাজ করার সুযোগ বা ‘রিমোট ওয়ার্কিং’-এর অভাবকেও তাঁরা বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

অ্যাডেকো জানিয়েছে, সাত বছর আগে এই বার্ষিক জরিপ শুরু করার পর এই প্রথমবার বেতনের বিষয়টি পছন্দের তালিকায় নিচের দিকে নেমে গেছে। করোনা মহামারির ছয় বছর পর কর্মীদের প্রত্যাশায় এক বিশাল পরিবর্তন এসেছে। প্রতিবেদনের বিশ্লেষণে বলা হয়েছে, কর্মীরা এখন শুধু কাজের বিনিময়ে কত টাকা পাচ্ছেন তা দেখেন না, বরং কাজটি তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে কতটা মানানসই, সেটিই এখন মূল বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

করোনা পরবর্তী সময়ে অনেক প্রতিষ্ঠান কর্মীদের পুরোপুরি অফিসে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই নিয়ে নিয়োগদাতা এবং কর্মীদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই চলছে। সুইজারল্যান্ডভিত্তিক অ্যাডেকো গ্রুপের প্রধান নির্বাহী ডেনিস মাচুয়েল বলেন, “যেসব প্রতিষ্ঠান কর্মীদের পুরোপুরি অফিসে ফেরাতে চায়, তারা এটি বাস্তবায়ন করতে গিয়ে হিমশিম খাচ্ছে।” প্রতিষ্ঠানগুলো দাবি করছে যে সপ্তাহে পাঁচ দিনই অফিসে আসতে হবে, কিন্তু বর্তমান বাস্তবতায় এই নিয়ম কার্যকর করা কঠিন হয়ে পড়ছে।

সম্প্রতি যুক্তরাজ্যের ব্যাংকিং গ্রুপ ‘ন্যাটওয়েস্ট’ অফিসে উপস্থিতির নিয়ম আরও কঠোর করেছে। গত অক্টোবরে প্রতিষ্ঠানটি তাদের ‘রিমোট-ফার্স্ট’ নীতি বাতিল করে। ফলে ১৩ হাজার কর্মীকে মাসে দুই দিনের বদলে সপ্তাহে অন্তত দুই দিন অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

জেন–জিদের ক্যারিয়ার ভাবনা

জরিপে দেখা গেছে, বয়োজ্যেষ্ঠ সহকর্মীদের তুলনায় তরুণ কর্মী বা জেন–জিদের (জেনারেশন জেড) ক্যারিয়ার ভাবনা সম্পূর্ণ আলাদা। কাজের পরিবেশ বা স্বাধীনতা মনমতো না হলে তরুণেরা খুব দ্রুত চাকরি বদলে ফেলছেন। এর ফলে নিয়োগদাতাদের সঙ্গে তরুণ কর্মীদের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে।

অ্যাডেকোর সিইও ডেনিস মাচুয়েল বলেন, “অনেক প্রতিষ্ঠানই তরুণদের আচরণ দেখে অবাক হয়। তরুণেরা ছয় মাস কাজ করার পরই বলেন, তাঁরা পরবর্তী নতুন কোনো কাজের জন্য প্রস্তুত।”

বাংলাদেশের চাকরির বাজারেও তরুণদের মধ্যে এই প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং ও সৃজনশীল খাতের তরুণেরা বাঁধাধরা সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করতে বেশি পছন্দ করেন। একই সঙ্গে দেশের তরুণ কর্মীদের মধ্যেও দৈনন্দিন কাজে এআই টুল ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে এখনো প্রথাগত নিয়মে সপ্তাহে পাঁচ বা ছয় দিন সরাসরি অফিস করার বাধ্যবাধকতা রয়েছে। ফলে তরুণ চাকরিপ্রার্থীদের প্রত্যাশার সঙ্গে প্রতিষ্ঠানের নীতির একটি স্পষ্ট ফারাক থেকে যাচ্ছে।

স্থায়ী নিয়োগে ফিরছে প্রতিষ্ঠানগুলো

গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানগুলো স্বল্প মেয়াদি চুক্তিতে কর্মী নিয়োগ দিচ্ছিল। তবে এখন আবার স্থায়ী কর্মী নিয়োগের হার বাড়ছে। ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রতিষ্ঠানগুলো স্থায়ী নিয়োগের দিকে ঝুঁকছে।

এই বিষয়ে ডেনিস মাচুয়েল বলেন, “প্রতিষ্ঠানগুলো এখন মনে করছে অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হতে পারে। তাই হাত গুটিয়ে না বসে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো।”