এক সময় ধর্মীয় বিধান বা মাসআলা জানার জন্য মানুষ মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হতেন। কিন্তু বর্তমান সময়ে অনেকেই ফোনের পর্দায় চ্যাটজিপিটি-র মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কাছে প্রশ্ন লিখে ফেলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে সুন্দর ও গোছানো একটি উত্তর চলে আসে। তবে প্রশ্ন জাগে, যন্ত্রের দেওয়া এই উত্তরকে কি ইসলামি শরিয়তের ‘ধর্মীয় বিধান’ বা ‘ফতোয়া’ হিসেবে গণ্য করা যায়?
মূলত ফতোয়া বা ধর্মীয় বিধান বলতে বোঝায়—কোনো ধর্মীয় প্রশ্নে একজন যোগ্য আলেম বা মুফতি কোরআন, হাদিস ও ফিকহের নীতি অনুসরণ করে প্রশ্নকারীর জন্য যে শরয়ি সমাধান প্রদান করেন। এই প্রক্রিয়ার পেছনে থাকে দীর্ঘ বছরের ইলম অর্জন, দলিলের পুঙ্খানুপুঙ্খ যাচাই এবং পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার এক গভীর বোধ।
সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি গবেষণা আলোচনায় এসেছে। মালির ‘ফ্রাঙ্কো-আরব ইউনিভার্সিটি অব আফ্রিকা’র গবেষক ওমর আমের চ্যাটজিপিটি ও বার্ডের (জেমিনি) মতো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর সামনে ৩০টি ধর্মীয় প্রশ্ন রাখেন। জাকাত, নামাজ, বিয়ে-তালাক থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়গুলো ছিল এই প্রশ্নের অন্তর্ভুক্ত। (আল-জাজিরা, ৮ সেপ্টেম্বর ২০২৬)
গবেষণায় দেখা গেছে, এআই-এর ভাষা অত্যন্ত সুন্দর হলেও ইসলামি আইনশাস্ত্রের কাঠামো ও প্রসঙ্গের ক্ষেত্রে এতে বড় ধরনের ঘাটতি রয়েছে। এমনকি অধিকাংশ উত্তরই অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হয়েছে। এআই-এর ধর্মীয় বিধান গ্রহণযোগ্য না হওয়ার প্রধান ৫টি কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
প্রথমত, যন্ত্রের মধ্যে বিনয় ও অনিশ্চয়তার অভাব। একজন প্রাজ্ঞ আলেম কোনো বিষয়ে নিশ্চিত না হলে নির্দ্বিধায় বলতে পারেন, ‘আমি জানি না’ কিংবা ‘আপনার অবস্থা আরও জানা দরকার।’ কিন্তু যন্ত্র কখনো দ্বিধা করে না। ভুল তথ্যও সে এমন চূড়ান্ত ভঙ্গিতে উপস্থাপন করে যে সাধারণ পাঠক সেটিকে অকাট্য বিধান মনে করেন। ইসলামি ঐতিহ্যে ‘জানি না’ বলার মর্যাদা অপরিসীম। ইমাম মালিক (রহ.)-এর কাছে ছয় মাসের পথ পাড়ি দিয়ে এক ব্যক্তি এসে একটি মাসআলা জিজ্ঞেস করলেন। ইমাম বললেন, ‘আমি জানি না।’ লোকটি হতবাক হয়ে বলল, ‘আমি আমার লোকদের কী বলব?’ ইমাম বললেন, ‘তাদের বোলো, মালিক বলেছে, আমি জানি না।’ (ইউসুফ ইবনে আবদিল বার, জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি , ২/৮৩৮)। কোরআনেও একই শিক্ষা দেওয়া হয়েছে: ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না..।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৬)।
দ্বিতীয়ত, ব্যক্তিগত প্রেক্ষাপট বোঝার অক্ষমতা। ধর্মীয় বিধান বা ফতোয়া মানে কেবল বইয়ের আইন খুঁজে বের করা নয়; বরং সেই বিধান কোন মানুষের ক্ষেত্রে কীভাবে খাটবে, তা বোঝাই আসল কাজ। এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করলেন, রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া যাবে কি না। নবীজি অনুমতি দিলেন। পরে আরেক ব্যক্তি এসে একই প্রশ্ন করলে নিষেধ করলেন। দেখা গেল, যাঁকে অনুমতি দিয়েছিলেন তিনি বয়স্ক, আর যাঁকে নিষেধ করেছিলেন তিনি তরুণ। (সুনান আবু দাউদ, হাদিস: ২৩৮৭)। যন্ত্র একটি বাক্য পড়তে পারে, কিন্তু সামনে বসা মানুষটির পরিস্থিতি পড়তে পারে না।
তৃতীয়ত, মতভেদের প্রতি সংবেদনশীলতার অভাব। অনেক মাসআলায় বৈধ মতভেদ আছে, যা মুসলিমদের জন্য প্রশস্ততা। যেমন ফজরের কুনুত—কোনো মাজহাবে এটি সুন্নত, আবার কোনো মাজহাবে এর বিধান নেই। অথচ যন্ত্র এমন ক্ষেত্রে একটি মতকে ‘একমাত্র সত্য’ বলে ঘোষণা করে বসে, যা সাধারণ মানুষকে অকারণ দ্বিধায় ফেলে। এছাড়া যন্ত্র অনেক সময় শব্দের মিল দেখে এক অধ্যায়ের কথা অন্য অধ্যায়ে বসিয়ে দেয়।
চতুর্থত, সূত্রের অনিশ্চয়তা। মুফতি কোনো বিধান দিলে বলতে পারেন, কোন আয়াত বা হাদিস থেকে তিনি এ কথা বলছেন। কিন্তু যন্ত্র নানা ভাষা ও নানা মানের লেখা মিশিয়ে উত্তর বানায়। ফলে সূত্র অনিশ্চিত হওয়ায় তা যাচাই করার উপায় থাকে না। কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনগণ, কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।’ (সুরা হুজুরাত, আয়াত: ৬)।
পঞ্চমত, জবাবদিহিতার অভাব। ধর্মীয় বিধান দেওয়ার সঙ্গে একটি বিরাট দায় জড়ানো। ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, মুফতি যেন আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করছেন। মহানবী (সা.) হুঁশিয়ার করেছেন, ‘যাকে ইলম ছাড়া ফতোয়া দেওয়া হলো, তার পাপ ফতোয়াদাতার ওপর বর্তাবে।’ (সুনান আবু দাউদ, হাদিস: ৩৬৫৭)। মুফতি এই দায় বহন করতে পারেন, কারণ তিনি শরিয়তের ‘মুকাল্লাফ’ বা দায়িত্বপ্রাপ্ত। তাঁর জবাবদিহি আছে। কিন্তু যন্ত্রের এর কিছুই নেই। ইরাকের ব্যাবিলন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, যন্ত্রের কোনো নিয়ত বা দায়িত্ববোধ নেই। ভুল বিধানে কারও সংসার ভাঙলে দায় কার হবে—তার স্পষ্ট উত্তর এখনো নেই।
যন্ত্র কয়েক সেকেন্ডে একটি উত্তর সাজিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্নকারীর চোখের জল, জীবনের জটিল বাস্তবতা আর আল্লাহর কাছে জবাবদিহির যে ভার একজন মুফতি কাঁধে তুলে নেন, তা কোনো অ্যালগরিদম বহন করতে পারে না। তবে প্রযুক্তিকে সম্পূর্ণ ঠেলে দেওয়ার সুযোগ নেই। জর্ডানের ইফতা বিভাগের মতে, মুফতির সরাসরি তত্ত্বাবধানে থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রশংসনীয়। মিসরের দারুল ইফতাও জাকাতের হিসাবের মতো কাজে একে সহায়ক হিসেবে মেনেছে। (মিসর কানেক্ট, কায়রো, ২৯ সেপ্টেম্বর ২০২৬)।
তাই যন্ত্রকে মুফতির আসনে নয়, বরং ‘স্মার্ট ফিকহ সহকারী’র ভূমিকায় রাখতে হবে। বিশাল তথ্যভাণ্ডার থেকে দ্রুত দলিল খোঁজা বা বিভিন্ন মাজহাবের মত এক জায়গায় সংকলন করার মতো কাজে সে দারুণ হতে পারে। এআই-এর উত্তরকে চূড়ান্ত ধর্মীয় বিধান না ভেবে, সূত্র খোঁজার সূচনা হিসেবে নেওয়া উচিত। যে উত্তর নিজেকে ‘একমাত্র সত্য’ বলে দাবি করে, তাকে সন্দেহ করা প্রয়োজন। রোগ, সফর বা সংসারের জটিলতার ক্ষেত্রে সরাসরি যোগ্য আলেমের কাছে যাওয়াই শ্রেয়। গবেষকেরা বলেছেন, যে ব্যক্তি ফতোয়ার সাদৃশ্যকে ফতোয়া ভেবে নেয়, সে আসলে প্রতিধ্বনিকে জিজ্ঞেস করেছে আর প্রতিধ্বনিকে শায়খ ভেবেছে। ধর্মীয় বিধানের মতো দেখতে একটি উত্তর বানিয়ে ফেলতে পারাটাই কোনো যন্ত্রকে মুফতি বানায় না।