এক সফরে সাহাবিদের একটি দল বেরিয়েছিল। এক সঙ্গীর মাথায় পাথরের আঘাতে গভীর ক্ষত হলো। এর মধ্যে তাঁর গোসলও ফরজ হলো। তিনি সঙ্গীদের জিজ্ঞেস করলেন, ‘আমার জন্য তায়াম্মুমের কোনো সুযোগ আছে কি?’
সঙ্গীরা বললেন, ‘তুমি পানি ব্যবহার করতে পারছ, তাই আমরা তোমার জন্য তায়াম্মুমের সুযোগ দেখছি না।’ তিনি গোসল করলেন, জখম তাজা হয়ে গেল এবং তিনি মারা গেলেন।
নবীজির কাছে খবর পৌঁছালে তিনি বললেন, ‘ওরা তাঁকে হত্যা করেছে, আল্লাহ ওদের ধ্বংস করুন! যা জানত না, তা কেন জিজ্ঞেস করল না? অজ্ঞতার চিকিৎসা তো প্রশ্ন করাই।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩৬)
সেদিন ভুল জবাব দিয়েছিলেন কয়েকজন সঙ্গী, যাঁরা জানতেন না কিন্তু জবাব দিয়েছিলেন।
আজ সেই প্রশ্নগুলো যাচ্ছে স্মার্টফোনের পর্দায়, আর জবাব দিচ্ছে এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা, যার কোনো ধর্মীয় যোগ্যতা নেই, কোনো নিয়ত নেই এবং কোনো জবাবদিহিও নেই। অথচ এর দেওয়া জবাবগুলো আসে অত্যন্ত ঝকঝকে, গোছানো ভাষায় এবং প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে।
এই বাস্তবতাকে গবেষণার বিষয় করেছেন ওমর আমের। মালির ‘ফ্রাঙ্কো-আরব ইউনিভার্সিটি অব আফ্রিকা’র কলা ও মানবিক অনুষদের ফিকহ ও উসুলে ফিকহ বিভাগে তিনি তাঁর স্নাতকোত্তর অভিসন্দর্ভ জমা দিয়েছেন। তাঁর গবেষণার শিরোনাম হলো—যান্ত্রিক ফতোয়া: ইসলামের দৃষ্টিভঙ্গি ও মানুষের গ্রহণের চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে একটি বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক গবেষণা।
গবেষণার শুরুতে তিনি ফতোয়া ও মুফতির প্রয়োজনীয় শর্তাবলি আলোচনা করেছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যপদ্ধতি ব্যাখ্যা করেছেন। এরপর তিনি বাস্তব পরীক্ষার পর্যায়ে যান। চ্যাটজিপিটি ও বার্ডের মতো এআই মডেলগুলোর সামনে তিনি ৩০টি ফতোয়ার প্রশ্ন রাখেন। প্রশ্নগুলো ছিল জাকাত, নামাজ, বিয়ে-তালাকের মতো প্রচলিত বিষয় থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি, স্মার্ট কন্ট্রাক্ট, ব্যাংকে কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা-নির্ণয়, জিনগত পরিবর্তন ও অঙ্গদান পর্যন্ত। এরপর তিনি এই উত্তরগুলোকে নির্ভরযোগ্য সূত্র ও ফিকহি মতের সঙ্গে মিলিয়ে যাচাই করেন।
গবেষণার বিবরণ অনুযায়ী, এআই মডেলগুলোর ভাষা অত্যন্ত প্রাঞ্জল হলেও ইসলামি আইনশাস্ত্রের কাঠামো ও প্রাসঙ্গিকতার ক্ষেত্রে তারা প্রায়ই ভুল করেছে। উদাহরণস্বরূপ:
১. মোজার ওপর মাসেহ: মডেলটি বিষয়টি জায়েজ বলে সঠিক পথেই ছিল, কিন্তু এরপর নিজ থেকে জীবাণুনাশক ব্যবহারের পরামর্শ এবং নারীদের পর্দা নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য জুড়ে দিয়েছে, যার মূল প্রশ্নের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
২. বৃষ্টিতে দুই ওয়াক্ত নামাজ একত্রে পড়া: মডেলটি দাবি করেছে যে, শুধু সফর ও ‘হাদানা’ (সন্তানের লালনপালন) অবস্থায় এটি বৈধ। উল্লেখ্য, ‘হাদানা’ হলো পারিবারিক আইনের পরিভাষা, নামাজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
প্রকৃত চিত্রটি হলো, মহানবী (সা.) মদিনায় ভয় বা বৃষ্টি ছাড়াই জোহর-আসর ও মাগরিব-এশা একসঙ্গে পড়েছিলেন। কারণ জানতে চাইলে ইবনে আব্বাস (রা.) বলেছিলেন, ‘যাতে তাঁর উম্মত কষ্টে না পড়ে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৭০৫)
বৃষ্টির ক্ষেত্রে মাজহাবে মতভেদ রয়েছে। শাফেয়ি মাজহাবে জোহর-আসর ও মাগরিব-এশা একত্রে পড়া যায়, মালিকি ও হাম্বলি মাজহাবে শুধু মাগরিব-এশা, আর হানাফি মাজহাবে সাধারণ অবস্থায় একত্রে পড়ার অনুমতি নেই। (দারুল ইফতা জর্ডান, ফতোয়া নং ৩৪৮৯; ইসলামঅনলাইন ফিকহ, ‘কম্বাইনিং প্রেয়ার্স ডিউরিং রেইন’)
যন্ত্রটি এই বিভিন্ন মতের জটিলতা পুরোপুরি ধরতে ব্যর্থ হয়েছে।
৩. বয়স্কদের দুধপান: মডেলটি সরাসরি ‘হ্যাঁ, জায়েজ’ বলে দিয়েছে এবং সঙ্গে এমন কিছু শর্ত জুড়ে দিয়েছে যার ফিকহে কোনো ভিত্তি নেই। অথচ হাদিসে বর্ণিত আছে, সাহলা বিনতে সুহাইলকে নবীজি সালিমকে দুধ পান করানোর নির্দেশ দিয়েছিলেন। (সহিহ মুসলিম, হাদিস: ১৪৫৩)
আবার নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের দুধভাইদের ব্যাপারে সতর্ক হও, কারণ দুধপান (সম্পর্ক সৃষ্টি করে) ক্ষুধার সময়ে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৬৪৭)
অধিকাংশ আলেম এবং নবীজির অন্য স্ত্রীরাও সালিমের ঘটনাকে বিশেষ অনুমতি হিসেবে গণ্য করেছেন, সাধারণ নিয়ম হিসেবে নয়। তবে আয়েশা (রা.), ইবনে হাজম ও প্রয়োজনে ইবনে তাইমিয়ার মত আলাদা। (দারুল ইফতা জর্ডান, ফতোয়া নং ২৪৩)
এই সূক্ষ্ম বিষয়গুলো না বুঝে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ বলা ভুল সিদ্ধান্ত।
৪. আহলে কিতাব নারীকে বিয়ে: মডেলটি একে সম্পূর্ণ নিষিদ্ধ বলে দাবি করেছে এবং বলেছে যে, এমন স্ত্রী দেনমোহর ও ভরণপোষণের অধিকার পাবেন না।
কিন্তু কোরআনেই উল্লেখ আছে, ‘এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীরা তোমাদের জন্য হালাল, যদি তোমরা তাদের মোহর দাও।’ (সুরা মায়িদা, আয়াত: ৫)
এই আয়াতটি বিয়ের অনুমতি দেয় এবং মোহরের কথা বলে। অনেক ফকিহ এর পক্ষে অবস্থান নিয়েছেন, যদিও কেউ কেউ ভিন্নমত পোষণ করেছেন। তাই একে ‘সর্বসম্মত’ মত বলা সঠিক নয়।
৫. ফজরের কুনুত: পরীক্ষায় একটি মডেল ফজরের কুনুতকে সরাসরি ‘বিদআত’ বলে ঘোষণা করেছে এবং দাবি করেছে যে এভাবে নামাজ শুদ্ধ হবে না। অথচ ফিকহের চিত্র ভিন্ন। মালিকি মাজহাবে ফজরের কুনুত মুস্তাহাব, শাফেয়ি মাজহাবে সুন্নত, আর হানাফি ও হাম্বলি মাজহাবে ফজরে কুনুতের বিধান নেই। (ইবনে কুদামা, আল-মুগনি; আল-কাসানি, বাদাইউস সানাই; আন-নববি, আল-মাজমু)
উভয় পক্ষেরই দলিল রয়েছে। সাদ ইবনে তারিকের বর্ণনায় তাঁর পিতা বলেছেন, মহানবী (সা.) ও খলিফাদের পেছনে নামাজ পড়েও তিনি ফজরে কুনুত পড়তে দেখেননি, এটি ‘নতুন কিছু’। (সুনানে তিরমিজি, হাদিস: ৪০২)
অন্যদিকে শাফেয়ি অনুসারীরা অন্য বর্ণনাকে প্রাধান্য দেন। কুনুত পড়ুক বা না পড়ুক, কোনো মাজহাবেই নামাজ বাতিল হয় না। তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের ফতোয়াতেও বলা হয়েছে, শাফেয়ি মুসল্লি হানাফি ইমামের পেছনে কুনুত না পড়লেও তাঁর নামাজ শুদ্ধ। (দিয়ানেত ফতোয়া, ইসলাম অ্যান্ড ইহসান-এ উদ্ধৃত)
৬. জাকাতের নিয়ত: ডিজিটাল অ্যাপের মাধ্যমে জাকাত দেওয়ার প্রশ্নে বার্ড মডেল আমানতদারি ও প্রকৃত হকদারের কাছে পৌঁছানোর শর্ত ঠিক বললেও ‘নিয়ত’ বিষয়টি বাদ দিয়েছে, যা ইবাদতের মূল শর্ত। নবীজি (সা.) বলেছেন, ‘সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)
৭. যেখানে যন্ত্র সঠিক ছিল: সুদের হার নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রশ্নে চ্যাটজিপিটি সঠিক মূলনীতি দিয়েছে। সেটি হলো—সুদ মানুষ ঠিক করুক বা যন্ত্র, তা হারামই থাকবে। কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৫)
হাদিসে সুদখোর, সুদদাতা, এর লেখক ও দুই সাক্ষীর সবাইকে অভিশাপ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, ‘তারা সবাই সমান।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮)
অর্থাৎ হারাম কাজের সঙ্গে যুক্ত কোনো পক্ষই দায়মুক্ত নয়। এই উদাহরণটি প্রমাণ করে যে, সুস্পষ্ট ও স্থির মূলনীতির প্রশ্নে যন্ত্র অনেক সময় নির্ভুল হতে পারে।
তবে গবেষণার সবচেয়ে গভীর প্রশ্নটি হলো—যন্ত্র যদি শতভাগ সঠিক উত্তর দেয়, তবে কি তা ফতোয়া হবে? গবেষকের মতে, হবে না। কারণ ফতোয়ার সঙ্গে জড়িয়ে আছে ‘তাহকিকুল মানাত’, অর্থাৎ একটি সাধারণ বিধানকে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োগ করার প্রজ্ঞা। নবীজির জীবনেই এর দৃষ্টান্ত পাওয়া যায়।
এক ব্যক্তি রোজাদার অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া নিয়ে প্রশ্ন করলে নবীজি অনুমতি দিলেন। কিন্তু অন্য এক ব্যক্তি একই প্রশ্ন করলে তিনি নিষেধ করলেন। দেখা গেল, প্রথম ব্যক্তিটি ছিলেন বয়স্ক এবং দ্বিতীয় জন ছিলেন তরুণ। (সুনান আবু দাউদ, হাদিস: ২৩৮৭)
প্রশ্ন এক হলেও জবাব ভিন্ন হয়েছে কারণ প্রশ্নকারীর অবস্থা আলাদা ছিল।
একইভাবে ‘সবচেয়ে প্রিয় আমল কোনটি?’ এই প্রশ্নে কখনো নবীজি বলেছেন ‘সময়মতো নামাজ, তারপর পিতামাতার সঙ্গে সদাচরণ, তারপর জিহাদ’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৭)। আবার কখনো বলেছেন ‘আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ইমান, তারপর আল্লাহর পথে জিহাদ, তারপর কবুল হজ’। (সহিহ বুখারি, হাদিস: ২৬)
অর্থাৎ প্রশ্নকারী ও পরিস্থিতির ভেদে জবাব পরিবর্তিত হয়।
শব্দের অর্থ মানুষের ‘জীবনরূপ’ ও সামাজিক প্রেক্ষাপট থেকে আলাদা করা যায় না। যন্ত্র সম্ভাব্যতার হিসাবে শব্দের পর শব্দ বসায়। সে শব্দ চেনে, কিন্তু শব্দের পেছনের আবেগ, প্রশ্নকারীর নিয়ত ও শরিয়তের মূল উদ্দেশ্য (মাকাসিদ) বুঝতে পারে না।
ইবনুল কাইয়িম (রহ.) এই মূলনীতিকে সুসংহত রূপ দিয়েছেন। তাঁর মতে, মুফতিকে মানুষের অবস্থা, রীতিনীতি ও পরিস্থিতি জানতে হবে, কারণ সময়, স্থান, প্রথা ও অবস্থার পরিবর্তনে ফতোয়াও বদলায়। (ইবনুল কাইয়িম, ইলামুল মুআক্কিয়িন আন রাব্বিল আলামিন)
গবেষক ওমর আমেরের পরীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীর রোজার বিধান জানতে চাওয়া হলে যন্ত্র বলেছে, ‘স্বাস্থ্য অনুমতি দিলে রোজা রাখা জায়েজ।’ কথাটি ভুল নয়, তবে অসম্পূর্ণ।
একজন মুফতি রোগীর অবস্থা, চিকিৎসকের পরামর্শ ও প্রাণহানির ঝুঁকি যাচাই করে কখনো রোজা রাখাকেই নিষেধ করবেন। কোরআন বলেছে, ‘আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন চান না।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)
আরও বলা হয়েছে, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)
আর নবীজির নীতি হলো, ‘নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও নয়।’ (সুনান ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)
একজন রক্তমাংসের মুফতি রোগীকে সামনে বসিয়ে এই নীতিগুলো প্রয়োগ করেন। তাই শুরুর হাদিসের সেই সাহাবির মতো রোজার বেলায়ও ভুল জবাব বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে।
গবেষক এখানে বিংশ শতাব্দীর দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইনের ভাষাদর্শনের সাহায্য নিয়েছেন (লুডভিগ ভিটগেনস্টাইন, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস, ১৯৫৩)। তাঁর মতে, শব্দের অর্থ মানুষের ‘জীবনরূপ’ ও সামাজিক প্রেক্ষাপট থেকে আলাদা করা যায় না। যন্ত্র সম্ভাব্যতার হিসাবে শব্দের পর শব্দ বসায়। সে শব্দ চেনে, কিন্তু শব্দের পেছনের আবেগ, প্রশ্নকারীর নিয়ত ও শরিয়তের মূল উদ্দেশ্য (মাকাসিদ) বুঝতে পারে না।
সূত্র: আল–জাজিরা অ্যারাবিক