রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অবরোধ প্রত্যাহারের বিষয়ে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। একদিকে একটি পক্ষ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য পক্ষ তাদের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে। ফলে পর্যটনকেন্দ্রটি পুনরায় খোলা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বিরাজ করছে।

তবে একটি পক্ষের প্রত্যাহারের ঘোষণার পর ২০ দিন পর গতকাল বুধবার স্থানীয় উজোবাজারে পুনরায় প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। দীর্ঘদিনের অবরোধের কারণে এই বাজারটির বাণিজ্যিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছিল। সাজেক সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল, তবে জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, এখন ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষের কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সাজেক পর্যটনকেন্দ্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাজেক উজোবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন চাকমা মুক্তকণ্ঠকে বলেন, “বুধবার হাটে মানুষের সমাগম হয়েছে। কলাসহ কৃষিপণ্য কিনতে ব্যবসায়ীরা বাজারে এসেছেন। এককথায় বাজার জমজমাট ছিল। তবে একটি পক্ষ এখনো অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক এলাকার সবচেয়ে বড় বাজার হলো উজোবাজার। এই বাজারে স্থানীয় জুমচাষিরা তাঁদের উৎপাদিত কলা, পেঁপে, আনারসসহ বিভিন্ন সবজি বিক্রি করেন। ব্যবসায়ীরা এসব কৃষিপণ্য কিনে খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের বাজারে সরবরাহ করেন। স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ এই বাজারের ওপর নির্ভরশীল।

সাজেক ভ্যালি রুইলুই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সাব্বির মুক্তকণ্ঠকে বলেন, “উজোবাজারে গতকাল বেশ ভালো মানুষজন সমাগম হয়েছে। গতকাল সাজেক সড়কে দু-একটি গাড়ি চলাচল করতে দেখা গেছে। দীর্ঘদিন অবরোধ থাকায় স্থানীয় বাসিন্দাদের চালের সংকট দেখা দিয়েছিল। পরে পুলিশ ও সেনাবাহিনী চাল পেতে সহযোগিতা করেছে।”

অন্যদিকে, সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালমান মুক্তকণ্ঠকে বলেন, “সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নিলে আগের মতো গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২২ অক্টোবর থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছিল। সংগঠন দুটির পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

তবে গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি তাঁর অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে তিনি বলেন, “দীর্ঘদিনের অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।”

বিবৃতিতে নতুন জয় চাকমা আরও অভিযোগ করেন, ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এসব সংগঠনের কার্যক্রমে সাধারণ মানুষকে জোরপূর্বক সম্পৃক্ত করার প্রবণতাও রয়েছে। রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতো।

অবরোধ প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে নতুন জয় চাকমা বলেন, “কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।”

তবে এই সিদ্ধান্তের পেছনে অন্য কারণ রয়েছে বলে দাবি করেছেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। তাঁর অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) চাপের কারণে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “পিসিজেএসএসের চাপে নতুন জয় চাকমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। তবে আমাদের চলমান আন্দোলন ও অবরোধ অব্যাহত রয়েছে।”

পিসিজেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এই অভিযোগ অস্বীকার করে মুক্তকণ্ঠকে বলেন, এই অভিযোগগুলো ভিত্তিহীন। তাঁদের সংগঠন কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি।

সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা মুক্তকণ্ঠকে বলেন, “সাজেক অবরোধকারী দুটি সংগঠনের মধ্যে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন অবরোধ প্রত্যাহার করলেও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি অবরোধ প্রত্যাহার করেনি। সমস্যা সমাধান করে সাজেক অবরোধ তুলে নিলে পর্যটন সংশ্লিষ্টসহ স্থানীয় লোকজনের জন্য ভালো হবে।”

পুরো ঘটনার সূত্রপাত ১১ অক্টোবর। ওই দিন তিন দাবিতে এক দিনের অবরোধ কর্মসূচি পালন করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এরপর ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় অবরোধের ডাক দেওয়া হয়। তবে শারদীয় দুর্গাপূজার কারণে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়। পূজা শেষে ২১ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করে সংগঠন দুটি।

নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে রাঙামাটি জেলা প্রশাসন সাময়িকভাবে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে। নির্দেশ অনুযায়ী ২২ অক্টোবর সকাল থেকে পর্যটকেরা সাজেক ছাড়তে শুরু করেন। তবে ফেরার পথে উজোবাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালিয়েছেন, যদিও ইউপিডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে।

সাজেকে অবরোধ চলাকালীন হামলা, লাঠিপেটা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন ২৪ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করে।