রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে অবরোধকারীদের রক্তক্ষয়ী গোলাগুলি চলছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উজো বাজারে সাজেক সড়কে চলা অবরোধের সময় এই উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী যখন পর্যটকদের খাগড়াছড়ি পাঠানোর লক্ষ্যে সড়কের ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রাথমিক পর্যায়ে ইট ও পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে শুরু হয় গোলাগুলি।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পর্যটকরা নিরাপদে দিঘীনালা এলাকার কাছাকাছি পৌঁছেছেন। উল্লেখ্য, সকালে অবরোধ শুরু হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রায় ৩ হাজার পর্যটক। তবে সকাল সাড়ে ৮টায় সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজারে পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। বর্তমানে উজোবাজারে অবরোধকারীরা অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুটি রাজনৈতিক সংগঠনের দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে রাঙামাটির সাজেক সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী এসোসিয়েশন সড়ক অবরোধের ডাক দেয়।
তবে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি এই ঘটনার বিষয়ে বলেন, “এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফ যে সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর শোষণ-পীড়ন চালাচ্ছে, সেখান থেকে নজর সরাতেই তারা এ কাজ করছে।”