রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর সাথে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে এই গোলাগুলির ঘটনাটি ঘটে।
প্রাপ্ত তথ্যানুসারে, মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। সেই সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলের সদস্যদের লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়ে। এর প্রতিক্রিয়ায় সেনাবাহিনী পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে সংঘাত ও গোলাগুলি শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো পক্ষেরই হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন ঘটনার বিষয়ে জানান, “সকাল ৯টা থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”