রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে সাজেকের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে এই দুঃসাহসিক ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ হওয়া ওই গৃহবধূর নাম অরুণা চাকমা (৩০)। তিনি স্থানীয় বাসিন্দা ইন্টন চাকমার স্ত্রী। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে আহত অরুণা চাকমার সঙ্গে কথা বলা হয়। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অরুণা জানান, “গতকাল রাতে তাঁর ননদ মুঠোফোন কল দিয়েছিলেন। ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। তাই তিনি কথা বলতে ঘরের উঠোনে বের হয়েছিলেন। একপর্যায়ে মাচাংঘরে বসে কথা বলার সময় কে বা কারা তাঁকে উদ্দেশ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রাতে অন্ধকার থাকায় ওই দুর্বৃত্তদের তিনি দেখতে পাননি।”

অরুণা চাকমাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন তাঁর দুই প্রতিবেশী। তাঁদের মধ্যে একজন কল্পনা চাকমা মুক্তকণ্ঠকে জানান, রাতে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনার পর তিনি অরুণা চাকমার চিৎকার শুনতে পান। এরপর দ্রুত ঘরের ভেতর থেকে বাইরে এসে তিনি দেখেন, অরুণা চাকমা মাটিতে লুটিয়ে পড়েছেন।

হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাজেকে প্রাথমিক চিকিৎসার পর অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, তিনি শরীরের দুটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যমতে, অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতির সঙ্গে যুক্ত। তবে বেশ কিছু দিন ধরে ইন্টন কারাগারে বন্দি রয়েছেন। এই দম্পতির সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে; যার মধ্যে একজনের বয়স ১১ বছর এবং অপরজনের বয়স সাড়ে তিন বছর। স্বামী কারাগারে যাওয়ার পর থেকে অরুণা কৃষিশ্রমিক হিসেবে কাজ করে পরিবারের ভরণপোষণ ও ব্যয় নির্বাহ করে আসছিলেন। গতকাল রাতে যখন গুলির ঘটনা ঘটে, তখন তাঁর দুই সন্তানই ঘুমিয়ে ছিল।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা মুক্তকণ্ঠকে বলেন, “যে এলাকায় ওই নারীকে গুলি করা হয়েছে, সেটি খাগড়াছড়ির দীঘিনালার কবখালী ও রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। কারা ওই নারীকে গুলি করেছে, সেটি জানা সম্ভব হয়নি।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মুক্তকণ্ঠকে জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।