কোম্পানি গঠন এবং নিবন্ধনের প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে আজ বৃহস্পতিবার। আজ সকাল ১০টা থেকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) তাদের নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস কার্যক্রম শুরু করবে। এই নতুন ব্যবস্থা চালুর আগেই পুরোনো সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুন ইবিআরএসের মাধ্যমে এখন থেকে কোম্পানির নামের ছাড়পত্র এবং নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। এই সিস্টেমে নির্ধারিত শর্তাবলি যথাযথভাবে পূরণ করে আবেদন করা কোম্পানিগুলো তাৎক্ষণিকভাবেই নিবন্ধন সনদ লাভ করবে। এর পাশাপাশি নামের ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াটিও আগের চেয়ে অনেক দ্রুত হবে।

দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সরকারি দপ্তরে দীর্ঘসূত্রিতার সম্মুখীন হতে হয়। নামের ছাড়পত্র নেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া, আবেদন যাচাই এবং চূড়ান্ত নিবন্ধন সনদ পাওয়া পর্যন্ত একাধিক ধাপ পার হতে হয়। বিশেষ করে তথ্যের কোনো ঘাটতি থাকলে বা নথিতে অসংগতি দেখা দিলে পুরো প্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত হয়। ব্যবসা শুরুর আগেই এই ধরনের প্রশাসনিক জটিলতা উদ্যোক্তাদের জন্য বাড়তি আর্থিক ব্যয় এবং অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়ায়।

নতুন এই ব্যবস্থায় কী কী সুবিধা পাওয়া যাবে, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

১. কোম্পানির নামের ছাড়পত্র:
এতদিন উদ্যোক্তাদের আরজেএসসির ওয়েবসাইটে গিয়ে প্রস্তাবিত নামের ছাড়পত্রের জন্য আবেদন করতে হতো। এরপর কর্মকর্তারা যাচাই করতেন যে প্রস্তাবিত নামটি আগে থেকে নিবন্ধিত কি না অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের নামের সঙ্গে এর কোনো সাদৃশ্য আছে কি না। আবেদন এবং ফি পরিশোধের তথ্য যাচাই-বাছাই করে কর্মকর্তারা ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিতেন। অর্থাৎ আবেদন অনলাইনে হলেও পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ছিল না।

নতুন ইবিআরএসে প্রস্তাবিত নাম প্রথমে সফটওয়্যারের মাধ্যমেই যাচাই করা হবে। তবে সিস্টেমটি চালুর প্রাথমিক পর্যায়ে কর্মকর্তাদের দ্বারা পুনরায় যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আবেদন নিষ্পত্তি হবে। পরবর্তীতে সফটওয়্যারের অ্যালগরিদম আরও উন্নত হলে নামের ছাড়পত্র তাৎক্ষণিকভাবে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

২. কোম্পানি নিবন্ধন:
আগের নিয়মে নামের ছাড়পত্র পাওয়ার পর উদ্যোক্তাকে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) এবং নির্ধারিত ফরমসহ প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিবন্ধনের আবেদন করতে হতো। আরজেএসসির কর্মকর্তারা সেই আবেদন ও সংযুক্ত কাগজপত্র যাচাই করতেন। কোনো তথ্যে ঘাটতি থাকলে আবেদনটি সংশোধনের জন্য ফেরত পাঠানো হতো এবং সব ঠিক থাকলে নিবন্ধন সনদ দেওয়া হতো।

নতুন ব্যবস্থায় এই প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারী যদি আরজেএসসির নির্ধারিত নমুনা সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করেন এবং প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নিশ্চিত করেন, তবে সফটওয়্যারই আবেদনটি যাচাই করে তাৎক্ষণিকভাবে অনুমোদন ও নিবন্ধন সম্পন্ন করবে।

তবে যারা নিজস্বভাবে তৈরি বা পরিবর্তিত সংঘস্মারক ও সংঘবিধি জমা দেবেন, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে না। এ ধরনের আবেদনগুলো আরজেএসসির কর্মকর্তারা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যাচাই করে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ নামের ছাড়পত্র ও নিবন্ধন—দুটি সেবাই এখন অনলাইনে পাওয়া যাবে, তবে নির্ধারিত নমুনা দলিল ব্যবহারকারী কোম্পানিগুলোর নিবন্ধনই হবে পুরোপুরি স্বয়ংক্রিয়।

পরিচয় যাচাইয়ে নতুন শর্ত:
নতুন ইবিআরএসে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য ও অংশীদারদের পরিচয় যাচাইয়ের কঠোর ব্যবস্থা যুক্ত করা হয়েছে। বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইটিআইএন ও মোবাইল নম্বরের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে।

শুধুমাত্র তথ্য প্রদানই যথেষ্ট হবে না, সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরটি তাঁর নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত কি না, সেটিও যাচাই করা হবে। এই যাচাই প্রক্রিয়ায় ব্যর্থ হলে ওই ব্যক্তিকে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না।

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, শেয়ারহোল্ডার ও পরিচালকদের আয়কর রিটার্ন জমার প্রমাণ (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের স্পষ্ট স্ক্যান করা কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো ই-সম্মতি। কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, অংশীদার বা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আগে তাঁদের ই-সম্মতি নিতে হবে। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় সম্মতিসংক্রান্ত লিংক ও নথি পাঠানো হবে। যতক্ষণ পর্যন্ত সবার সম্মতি সম্পন্ন না হবে, ততক্ষণ নিবন্ধনের আবেদন পরবর্তী যাচাইয়ের জন্য সামনে এগোবে না।

নিবন্ধন অনুমোদিত হলে ডিজিটাল স্বাক্ষরযুক্ত মূল নিবন্ধন সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য ফরম আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধিত ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হবে। ফলে সনদ সংগ্রহের জন্য আর পরিদপ্তরে সশরীরে যাওয়ার প্রয়োজন হবে না।