বাংলাদেশ টেলিভিশনের পর্দায় উপস্থাপনা দিয়ে শুরু হয়েছিল এক দীর্ঘ পথচলা, যা এখন এক দশকের অভিজ্ঞতায় পরিণত হয়েছে। উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মৌসুমী মৌ। ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ করার এই বিশেষ মুহূর্তে তাঁর জীবনের অজানা লড়াই, অভিজ্ঞতা এবং আগামীর স্বপ্ন নিয়ে কথা বললেন তিনি।

২০১৬ সালের ১২ নভেম্বর বিটিভিতে প্রথমবার উপস্থাপনার কাজ শুরু করেন মৌসুমী মৌ। দীর্ঘ এই ১০ বছরের পথচলাকে তিনি অভিহিত করেছেন ‘শেখার এক দশক’ হিসেবে। তাঁর মতে, “শুরুর মৌসুমী মৌ আর এখনকার মৌয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি অতিথি, এমনকি প্রতিটি ভুল থেকেও কিছু না কিছু শিখেছি। পথটা ভীষণ কঠিন ছিল। তবে দর্শকদের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতা আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।”

শুরুর দিনগুলোতে নিজেকে প্রমাণ করার এক তীব্র তাড়না কাজ করত তাঁর মনে। তখন প্রধান চিন্তা ছিল বাহ্যিক রূপ এবং কথা বলার ধরন নিয়ে। তবে সময়ের সাথে সাথে তাঁর চিন্তাভাবনায় এসেছে আমূল পরিবর্তন। এখন তিনি কেবল কথা বলা নয়, বরং আত্মবিশ্বাস, ধৈর্য এবং দায়িত্ববোধের ওপর বেশি গুরুত্ব দেন। তবে নিজেকে তিনি এখনো একজন শিক্ষার্থী মনে করেন। প্রতিটি অনুষ্ঠানের আগে তিনি যথাযথ পড়াশোনা ও প্রস্তুতি নেন এবং ভুলগুলোকে দেখেন নতুন কিছু শেখার সুযোগ হিসেবে। তবে দীর্ঘ এই সময়ে যা অপরিবর্তিত রয়েছে, তা হলো কাজের প্রতি তাঁর সততা ও ভালোবাসা। তিনি বলেন, “প্রথম দিনের মতো আজও ক্যামেরা অন হলে একই রকম রোমাঞ্চ লাগে।”

উপস্থাপনার ক্ষেত্রে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করেন। গত ১০ বছরে তিনি দুই হাজারের বেশি শো উপস্থাপনা করেছেন বলে জানান। তবে পর্ব হিসেবে গণনা করলে এই সংখ্যা আরও অনেক বাড়বে। বর্তমানে তিনি ‘সেরা রাঁধুনী’, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’, ‘কনকা সেরা পরিবার’ এবং ‘আজকের অনন্যা’র মতো জনপ্রিয় রিয়েলিটি শোগুলোর উপস্থাপনা নিয়ে ব্যস্ত।

মৌসুমী মৌ জানান, “কোনো কোনো অনুষ্ঠানের একাধিক মৌসুমেও কাজ করেছি। প্রতিটি শোর ধরন ও উপস্থাপনার ধরন আলাদা। তাই একেকটির জন্য একেকভাবে প্রস্তুতি নিতে হয়। রিয়েলিটি শোর একটা আলাদা চাপ ও চ্যালেঞ্জ থাকে। তবে প্রতিটি অনুষ্ঠান থেকেই নতুন কিছু শেখার সুযোগ হয়েছে। “সেরা রাঁধুনী” যেমন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আবার “বাংলাবিদ” করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রতিযোগীদের বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার গভীরতা আমাকে মুগ্ধ করেছে। তাঁদের কাছ থেকে যেমন শিখেছি, তেমনি বিচারকদের কাছ থেকেও অনেক কিছু জানার সুযোগ হয়েছে। শ্রদ্ধেয় আনিসুল হক, ত্রপা মজুমদার ও তারিক মনজুর স্যার প্রতিটি বিষয় নিয়ে চমৎকার সব তথ্য ও বিশ্লেষণ দিতেন। তাঁদের কাছ থেকে শিল্পের নানা ধাপ ও পর্যায় সম্পর্কে নতুন করে জেনেছি। আমার মনে হয়েছে, “বাংলাবিদ” অন্যতম সেরা একটি আয়োজন। এ ধরনের অনুষ্ঠান আমি খুব বেশি দেখিনি। প্রতিটি শো-ই আমাকে পেশাগত ও ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করেছে, নতুনভাবে প্রস্তুত হতে সাহায্য করেছে।”

এছাড়া ‘স্টার নাইট’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে তিনি বিশেষ আনন্দ পান। এর কারণ হিসেবে তিনি বলেন, “একুশে পদক, স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পীরা ছাড়াও গুণী সব শিল্পী এই অনুষ্ঠানে আসেন। তাঁদের সঙ্গে সময় কাটানো, তাঁদের অভিজ্ঞতা ও কাজের গল্প শোনা—সব মিলিয়ে অনুষ্ঠানটি আমার খুব প্রিয়। উপস্থাপনা আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। কাজটি এতটাই আত্মস্থ করতে পেরেছি যে এর মধ্যে নিজেকে খুঁজে পাই। বলতে পারেন, উপস্থাপনা আমার পরিচয়েরই অংশ হয়ে গেছে।”

উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও তাঁর আগ্রহ রয়েছে। ভিকি জাহেদের ‘চক্র ২’ নাটকে জেনি চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান। অভিনয় নিয়ে তিনি বলেন, “অভিনয় অবশ্য একেবারেই আলাদা। যদিও একসময় থিয়েটার করেছি, অভিনয় ভালোও লাগে। কিন্তু নিয়মিত চর্চা না থাকায় ক্যামেরার সামনে দাঁড়ালে নিজের ছন্দ ফিরে পেতে কয়েক দিন সময় লাগে। অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করতে হয়, নিজেকেও সেভাবে প্রস্তুত করতে হয়। ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই অভিনয় করতে চাই।” খুব শীঘ্রই তিনি ভিকি জাহেদের পরিচালিত ‘চক্র ৩’-এর কাজ শুরু করতে যাচ্ছেন।

পেশাগত ব্যস্ততার পাশাপাশি উচ্চশিক্ষার প্রতিও তাঁর প্রবল আগ্রহ। তিনি জানান, “আবার পড়াশোনা শুরু করতে চাই। আরেকটি মাস্টার্স কিংবা পিএইচডি করার ইচ্ছা আছে। অনেক দিন ধরে কাজ করছি, সামনে আরও কাজ করতে চাই। সেই পথচলায় নিজেকে আরও সমৃদ্ধ ও প্রস্তুত করার চেষ্টা থাকবে। আমি যেখানে আছি, যে কাজ করছি, তা আনন্দ নিয়েই করছি।”

তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে অনেক দীর্ঘশ্বাস ও কঠিন লড়াই। ক্যামেরার সামনে হাসিখুশি থাকলেও ব্যক্তিগত জীবনে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন তিনি। অনেক সময় মনে হয়েছে সব শেষ, কিন্তু কাজের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন বেঁচে থাকার শক্তি। তিনি বলেন, “এমন অসংখ্য গল্প রয়েছে। প্রতিটি খারাপ সময় আমাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্তিশালী ও দৃঢ় করেছে। এমনও দিন গেছে, মনে হয়েছে আর সম্ভব নয়। কিন্তু আমি কাজে ডুবে থেকেছি। কাজ আমাকে বাঁচিয়ে রেখেছে।”

এক কঠিন সময়ের স্মৃতিচারণ করে তিনি জানান, তাঁর বাবা ও ছোট ভাই দুজনই চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং দুজনেরই অস্ত্রোপচার হয়েছিল। অন্যদিকে দেশে অসুস্থ মা। চরম আর্থিক সংকটের কারণে পরিবারের সদস্যদের বিদেশে রেখে দেশে ফিরতে হয়েছিল তাঁকে। দেশে ফিরে তৎকালীন প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান উপস্থাপনা করে অর্জিত অর্থ নিয়ে তিনি পুনরায় চেন্নাই ফিরে যান। সেই সময়ে তাঁর থাকার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, এমনকি শুটিংয়ের জন্য পর্যাপ্ত পোশাকও ছিল না। বন্ধু বহ্নি ও কাজিন নাসরিনের বাসায় আশ্রয় নিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে চারদিকে নানা নেতিবাচক আলোচনা ও বুলিংয়ের মুখেও তিনি দমে যাননি।

শারীরিক অসুস্থতাও তাঁকে দমাতে পারেনি। গত বছর এক জটিল অস্ত্রোপচারের মাত্র ৯ দিন পর হাসপাতাল থেকে ফিরে পরদিনই কাজে যোগ দেন তিনি। চিকিৎসকরা তিন মাস বিশ্রামের কথা বললেও মায়ের অসুস্থতার কারণে পরিবারের সব দায়িত্ব তাঁর কাঁধে চাপে। সেই সময়ের কথা মনে করে তিনি বলেন, “আমি তখন টানা ১৫ ঘণ্টা দাঁড়িয়ে শুটিং করতাম। রাতে বাসায় ফিরে ভোরে হাসপাতালে যেতাম। সেখানে কয়েক ঘণ্টা থেকে আবার শুটিংয়ে চলে আসতাম। সেই সময় আরও কত ঘটনা যে ঘটেছে!”

শারীরিক ক্লান্তি বা জটিলতা তাঁকে দমাতে না পারলেও, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তাঁকে গভীরভাবে আহত করে। মৌসুমী মৌয়ের ভাষায়, “শারীরিক জটিলতা আমাকে ভাঙতে পারে না কখনো, ভেঙে ফেলে হৃদয়সংক্রান্ত জটিলতা।”