দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি রিয়েলিটি গেম শো 'কনকা সেরা পরিবার' সিজন ৫। এর আগের টানা চারটি সিজনে দর্শকদের ব্যাপক ভালোবাসা ও জনপ্রিয়তা পাওয়া এই প্রতিযোগিতার এবারের আয়োজনে থাকছে আরও চমক। ধাঁধা, বুদ্ধির লড়াই, আনন্দদায়ক গেম এবং তারকাদের বিশেষ উপস্থিতিসহ নতুন সব আকর্ষণ নিয়ে সাজানো হয়েছে এবারের সিজন।
একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এই বিস্তারিত তথ্য প্রদান করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনকা ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ঢাকার গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে গত শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই এই রিয়েলিটি গেম শোর নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই সাথে অনুষ্ঠানে সিজন ৫-এর লোগো উন্মোচন এবং এর থিম সং পরিবেশন করা হয়।
গত শনিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ নুরুসসাফা মজুমদার ও নুরুল আফছার; পরিচালক নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নূর; বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী; জাতীয় বিক্রয় ব্যবস্থাপক (রিটেইল অপারেশন) মো. জুলহক হোসাইন; মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজয় কুমার কুন্ডু এবং এনটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, কনকা সেরা পরিবার সিজন ৫–এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। ১৮ থেকে ৬০ বছর বয়সী একই পরিবারের যেকোনো দুজন সদস্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রতিযোগীরা নির্ধারিত ওয়েবসাইটে অথবা ইলেক্ট্রো মার্টের যেকোনো শোরুমে গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। পুরো অনুষ্ঠানটি এনটিভিতে প্রচারিত হবে।