ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত তারকা জুটি আজিজুল হাকিম এবং নাট্যকার জিনাত হাকিম। ১৯৯৩ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি তাঁদের দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে উপস্থিত হন এই দম্পতি। সেখানেই নিজেদের বিয়ের দিনটি নিয়ে বেশ কিছু মজার স্মৃতিচারণা করেন তাঁরা।
অনুষ্ঠানে জিনাত হাকিম হাস্যরসের সাথে বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ তাঁর এই কথা শুনে মঞ্চে পাশে বসে থাকা আজিজুল হাকিম উচ্চস্বরে হেসে ওঠেন। জিনাত হাকিম তখন বিস্তারিত জানিয়ে বলেন, ‘আজিজুল হাকিম তখন নব্বই দশকের জনপ্রিয় তারকা। সেই সময় একটি চমৎকার ঘটনা ঘটেছিল। তাঁরা যখন বরযাত্রায় এসেছিলেন কাবিনের দিন তখন তাঁর (আজিজুল হাকিম) পিছে পিছে একদল সাংবাদিক এসেছিলেন কাউকে কিছু না বলে। আজিজুল হাকিমও জানতেন না, তিনি ভেবেছিলেন তাঁরা (সাংবদিকেরা) আমার গেস্ট, আমি ভেবেছিলাম, তাঁরা উনার গেস্ট। কাজী সাহেব যখন আমি কবুল বলার পর খাতা বাড়িয়ে সাইন করতে বললেন, তখন একজন ফটোগ্রাফার বললেন, “একটু থামুন। আমি ক্লিক করব। তখন আমি তো নার্ভাস। কলম থামিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিলাম, সিগনেচারটার আর বোধ হয় করাই হয়নি।’
সেই ঘটনার পরবর্তী অংশ বর্ণনা করেন আজিজুল হাকিম। তিনি জানান, ‘যেহেতু স্বাক্ষর নেই, ওই অবস্থায় আমাদের চলতে হয়েছে। পরে অবশ্য আমরা এফিডেভিড করে নিয়েছি। কিন্তু আমার মেয়ে (নাযাহ হাকিম) এবং মেয়ের জামাই শুভ (নাফিস ফুয়াদ) এটা একটু ভিন্নভাবে উপস্থাপন করে। কয়েক দিন আগে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বিয়ের রেজিস্ট্রেশনে আবার সাইনের আয়োজন করেছিল,’ বলেন তিনি। এই কথা শুনে আজিজুল হাকিম ও জিনাত হাকিমসহ মঞ্চের উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
চার দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটকের পর্দায় অভিনয় করে চলেছেন আজিজুল হাকিম। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি আরণ্যক নাট্যদলে কাজ করেছেন। ১৯৮১ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন তিনি। ‘এখানে নোঙর’ নাটকে একটি ছোট চরিত্রের মাধ্যমে তাঁর টিভি নাটকের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিটিভির অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ অলি চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান, যেখানে তাঁর বিপরীতে ছিলেন শমী কায়সার। এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘“কোন কাননের ফুল” আমার অভিনয়জীবন বদলে দেয়। নাটকটি আমার জীবনে সুখের স্মৃতি হয়ে আছে।’
মঞ্চের অভিনয়ের ক্ষেত্রেও আজিজুল হাকিমের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বছরের পর বছর তিনি ‘ওরা কদম আলী’, ‘ইবলিস’, ‘গিনিপিগ’, ‘আগুনমুখা’, ‘খেলা খেলা’ এবং ‘মানুষ’-সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এছাড়া ‘পদ্মা নদীর মাঝি’র মতো আলোচিত চলচ্চিত্রেও তাঁর অভিনয় দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ এবং রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’-এ অভিনয়ের মাধ্যমে তিনি নতুন করে দর্শকদের মাঝে আলোচনায় এসেছেন।