গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এক বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকবেন।

নিয়োগের শর্তাবলীতে স্পষ্টভাবে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সমস্ত কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য বিস্তারিত শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিজের এই নতুন দায়িত্ব প্রসঙ্গে কাজী ছাইয়েদুল আলম মুক্তকণ্ঠকে বলেন, “প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। গাজীপুরের পরিকল্পিত উন্নয়ন, আবাসনব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে তিনি কাজ করবেন।”