জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে এহসান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই পদে তার নিয়োগ কার্যকর হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ধারা ১২(২) অনুযায়ী এহসান মাহমুদকে এই নিয়োগ দেওয়া হলো। তবে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করাই হবে এই নিয়োগের প্রধান শর্ত।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত এই চুক্তিভিত্তিক নিয়োগ বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।