প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন (রিমন)। তাঁকে সচিব পদমর্যাদা প্রদান করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব অর্পণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গিয়াস উদ্দিনকে চুক্তি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নিয়োগের শর্তাবলি উল্লেখ করে বলা হয়েছে, “গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”