নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাইফুল ইসলামকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে রূপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই প্রজ্ঞাপনে তাকে মন্ত্রিপরিষদ বিভাগ হিসেবে বদলির আদেশাধীন কর্মকর্তার পদ থেকে অবমুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম প্রায় দুই বছর ধরে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক দূরীকরণ এবং তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এ ছাড়া পরিচ্ছন্ন রুপগঞ্জ গঠনে তার বেশ কয়েকটি উদ্যোগ দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।