বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর ওঁরাও জাতিগোষ্ঠীর যাবতীয় উৎসব ও পার্বণ আবর্তিত হয় কৃষি কর্মকাণ্ডকে কেন্দ্র করে। সেই কৃষির সমৃদ্ধি ও উন্নতির কামনায় গোয়ালপূজা উপলক্ষ্যে আয়োজিত হয় ঐতিহ্যবাহী ‘সোহরাই’ বা ‘ঝান্ডি’ উৎসব। গত মঙ্গলবার রাতে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।

রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ওঁরাও অধ্যুষিত গ্রামগুলোতে তিন দিনব্যাপী এই উৎসব পালিত হয়। স্থানীয় ওঁরাওদের সূত্রে জানা গেছে, উৎসবের প্রথম দিন রোববার সন্ধ্যায় শুরু হয় সেহরাই। এদিন বাড়িঘর, বাড়ির চারপাশ, তুলসীতলা, ধানখেত, বাঁশবাগান এবং সমাধিস্থলে মাটির প্রদীপ জ্বালিয়ে পরিবেশকে আলোকিত করা হয়। পরদিন সোমবার পালিত হয় গোয়ালপূজা। এই বিশেষ দিনে গবাদি পশুর প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। কৃষি সরঞ্জাম যেমন—হাল-লাঙল, দা-কোদাল, খুন্তি ও কাস্তে পরিষ্কার করে চালের আটার গোলানি এবং সিঁদুরের ফোঁটা দিয়ে চিহ্নিত করা হয়। বাড়িঘর ধুয়েমুছে পরিষ্কার করার পাশাপাশি উঠানে সুন্দর আলপনা আঁকা হয়। গৃহ ও গো-দেবতার প্রতি পূজা নিবেদন করা হয় গবাদি পশু ও কৃষির উন্নতির আশায়। গবাদি পশুর জন্য বিশেষভাবে ভাত রান্না করে খাওয়ানো হয় এবং এর আগে তাদের গোসল করিয়ে শিংয়ে তেল ও সিঁদুর মাখানো হয়। উৎসবের আমেজে বয়স্করা স্থানীয় পানীয় পান করে মনের আনন্দে গান গেয়ে এবং মাদলের তালে তালে নাচেন।

উৎসবের তৃতীয় দিন গত মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউপির কিনুপাড়া ফুটবল মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝান্ডি উৎসব পালিত হয়। মাঠের মাঝে একটি লম্বা বাঁশের মাথায় বড় একটি সাদা পতাকা উড়িয়ে উৎসবের সূচনা করা হয় এবং বাঁশের গোড়ায় পূজা দেওয়া হয়। ঐতিহ্যবাহী নাচগানে মেতে ওঠেন উপস্থিত ওঁরাওরা। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মাঠের চারদিকে নারী-পুরুষের নাচগান এবং লাঠিখেলার আসর বসে।

ঝান্ডি উৎসবকে কেন্দ্র করে সেখানে একটি গ্রামীণ মেলা বসে। মেলায় মিঠাই-মণ্ডার পাশাপাশি চুড়ি, ফিতা এবং ইমিটেশনের গয়নার দোকান বসে। সাজসজ্জা করা হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কিনুপাড়া ফুটবল মাঠ। মেলার পাশে একটি মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কিনুপাড়ার বাসিন্দা ও পার্বতীপুর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য লক্ষ্মী তিরকি মুক্তকণ্ঠকে বলেন, ‘ওঁরাওদের গ্রামগুলোতে বাড়ি বাড়ি দিপাবলি ও গোয়ালপূজা আদিকাল থেকে হয়ে এলেও ২০০০ সাল থেকে কিনুপাড়া মাঠে ঝান্ডি উৎসব উদ্যাপন হয়ে আসছে সম্মিলিতভাবে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য টিকে রাখতে আমরা ঝান্ডি উৎসবের আয়োজন করে আসছি।’

ওঁরাওদের ভাষা নিয়ে কাজ করা এবং সাদরি ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে যুক্ত ওঁরাও নেতা বঙ্গপাল সরদার জানান, গোমস্তাপুরের কিনুপাড়া ছাড়াও নওগাঁর পোরশা উপজেলার নোনা হার এবং নিয়ামতপুরের গোলমাসনা গ্রামের মাঠে ঝান্ডি উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, শুরুর দিকে গোয়ালপূজার সঙ্গে ঝান্ডির প্রচলন ছিল না। প্রায় ২০০ বছর আগে যাত্রা ওঁরাও নামের একজন শ্রদ্ধেয় নেতা প্রথম এই ঝান্ডি উৎসবের সূচনা করেন।

বঙ্গপাল সরদার আরও বলেন, ‘ঝান্ডি উৎসবকে অনেক জায়গায় ‘ঝান্ডি বা সোহরাই উৎসব’ বলা হয়। এটি ওঁরাওদের গোয়ালপূজাকেন্দ্রিক উৎসব। কৃষিনির্ভর জীবন, গবাদিপশুর প্রতি কৃতজ্ঞতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এ উৎসবের মধ্য দিয়ে প্রকাশ পায়।’