সড়কের পাশে একটি আমগাছে উঠে ডাল কাটছিলেন রমেশ বাস্কী। বাগানমালিকের কাছ থেকে আগেই অনুমতি নিয়েছিলেন তিনি। নিচে দাঁড়িয়ে সেই ডালগুলো কেটে এক জায়গায় জড়ো করছিলেন তাঁর স্ত্রী মারিয়া মুর্মু। মূলত রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করছিলেন তাঁরা। একসময় যে মাঠে ধান রোপণ, কাটা ও মাড়াইয়ের কাজে তাঁরা ব্যস্ত থাকতেন, সেই মাঠের বড় একটি অংশ এখন আমবাগানে পরিণত হয়েছে। এর ফলে কৃষিশ্রমিকদের কাজের সুযোগ আশঙ্কাজনকভাবে কমেছে। আমের মৌসুম শেষ হয়ে গেলেই এখন কাজের সন্ধানে তাঁদের অন্যের জমিতে ছুটতে হয়। সারা বছর আর কোনো কাজ মেলে না তাঁদের।
নওগাঁর সাপাহার উপজেলার ফুরকুটিডাংগা গ্রামের বাসিন্দা মারিয়া (২৬) ও তাঁর স্বামী রমেশ (৩০) পেশায় কৃষিশ্রমিক। তাঁরা সাঁওতাল জনগোষ্ঠীর সদস্য। বরেন্দ্র অঞ্চলের ধানখেতে বহু প্রজন্ম ধরে যাঁরা শ্রম দিয়ে আসছেন, তাঁদের বড় একটি অংশ হলো সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। মারিয়া ও রমেশের কোনো আবাদি জমি নেই, আছে শুধু সামান্য বসতভিটা। দুই মেয়েকে নিয়ে তাঁদের চার সদস্যের সংসার। বড় মেয়ের বয়স ছয় বছর এবং ছোট মেয়েটির বয়স মাত্র তিন মাস। মারিয়ার উপার্জন বন্ধ হয়ে গেলে স্বামীর একার আয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
সম্প্রতি ফুরকুটিডাংগায় এই দম্পতির সঙ্গে কথা বলা হয়। সংসারের আয়-ব্যয়ের কথা বলতে গিয়ে মারিয়া বলেন, “দিন যত যাচ্ছে, সংসার চালানো তত কঠিন হয়ে যাচ্ছে। আগে দুজনের আয় দিয়ে কোনো রকমে চলে যেত। এখন তো এলাকায় কাজই নাই। তিন বেলা শাক-ভাত জোটানোর ব্যবস্থাও হয় না।”
বিয়ের পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জাতাহার গ্রামের বাবার বাড়ি থেকে সাপাহারে আসেন মারিয়া। সেই সময়ে আশপাশের মাঠে প্রচুর পরিমাণে আমন ও বোরো ধানের চাষ হতো। কৃষিশ্রমিকেরা ধান রোপণ, কাটা ও মাড়াইয়ের পাশাপাশি অন্যান্য ফসলের আবাদেও নিয়মিত কাজ পেতেন। তবে বর্তমানে মারিয়া ও রমেশের জীবনে কাজের নিশ্চয়তার চেয়ে অনিশ্চয়তাই অনেক বেশি। আমের মৌসুমে কিছু টাকা জমলেও তা দিয়ে সারা বছরের সংসার চালানো সম্ভব হয় না।
মারিয়া বলেন, “যখন বিয়া হয়ে স্বামীর বাড়িত আসি, তখন গাঁয়ের আশপাশের মাঠত বর্ষালি ধান ও ইরি আবাদ হতো। তখন বছরের চার-পাঁচ মাস ধান লাগানো, কাটা-মাড়াইয়ের কাজ থাকত। আবার মাঠত সারা বছর অন্যান্য আবাদও হতো। কিন্তু দেখতে দেখতে এলাকার সব মাঠ আমবাগান হয়ে গেল। এখন আর মাঠত আবাদ তেমন নাই। লোকজন কামত নেয় না।”
বর্তমানে মারিয়া আম পাড়ার মৌসুমে বছরে মাত্র এক-দুই মাস কাজ পান, যা সব মিলিয়ে ৪০ থেকে ৫০ দিন হয়। দৈনিক মজুরি ৫০০ থেকে ৬০০ টাকা। সেই হিসেবে আমের মৌসুমে তাঁর আয় হয় ২০ থেকে ৩০ হাজার টাকা। অথচ আগে ধানের আবাদের সময় চার-পাঁচ মাসের কৃষিকাজ থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় হতো তাঁর।
আম পাড়ার কাজ শেষ হয়ে গেলে উপার্জনের পথ সংকুচিত হয়ে আসে। তখন তাঁরা অন্যের ধানখেতে রোপণ, কাটা বা মাড়াইয়ের কাজ খোঁজেন। কিন্তু ধানের আবাদ কমে যাওয়ায় সেই কাজও আগের মতো পাওয়া যায় না। বিশেষ করে তিন মাসের শিশুকে সামলে কাজ করা মারিয়ার জন্য এক বড় চ্যালেঞ্জ। সন্তানকে রেখে দূরে গিয়ে কাজ করার সুযোগ নেই, আবার কাজ না করলে সংসার চলে না। তাই স্থানীয়ভাবে কাজের অপেক্ষায় থাকতে হয় তাঁকে।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় সাপাহার ও পোরশা উপজেলার বিস্তীর্ণ মাঠে ধানসহ নানা ফসলের চাষ হতো এবং শ্রমিকেরা প্রচুর কাজ পেতেন। কিন্তু দিনে দিনে অনেক জমিতে আমবাগান গড়ে উঠেছে। তাঁদের হিসাবে, দুই উপজেলার ফসলি মাঠের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ এখন আমবাগানে পরিণত হয়েছে। কৃষি বিভাগের চলতি বছরের মার্চ-এপ্রিলের হিসাব অনুযায়ী, সাপাহার ও পোরশায় আমবাগান আছে প্রায় ২১ হাজার ৫০০ হেক্টর জমিতে এবং পুরো জেলায় এই সংখ্যাটি ৩০ হাজার ৬০০ হেক্টর।
রমেশ বাস্কী বলেন, “আমবাগানের শুরুতে পরিচর্যা আর সেচে শ্রমিক লাগে। গাছ বড় হলে কাজ কমে আসে; থাকে শুধু মুকুলের আগে-পরে কীটনাশক দেওয়া, গোড়ায় সার আর সেচের মতো কিছু কাজ। অথচ ধানের আবাদে জমি তৈরি থেকে মাড়াই পর্যন্ত প্রতিটি ধাপে শ্রমিক লাগে।” তাঁর মতে, জমির ব্যবহার বদলে যাওয়ায় কৃষিশ্রমিকদের কাজ বছরে কয়েক মাস কমে গেছে।
নিজের এলাকায় কাজ না পেলে রমেশকে জীবিকার সন্ধানে দূরে যেতে হয়। কখনো তিনি রাজশাহীতে গিয়ে পানের বরজে কাজ করেন, আবার কখনো পঞ্চগড়ে পাথর তোলার কাজে যান। এসব কাজের সুযোগ কখন আসবে বা কতদিন চলবে, তা আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। তাঁর দৈনিক মজুরি প্রায় ৬০০ টাকা, তবে প্রতিদিন কাজ মেলে না তাঁর।
ফলের বাগান বাড়লেও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কৃষিশ্রমিকদের সারা বছরের কাজের নিশ্চয়তা তৈরি হয়নি। ফলে আমের মৌসুম শেষ হলেই মারিয়ার সামনে নতুন করে শুরু হয় কাজের সন্ধান। মারিয়া ও রমেশের জীবনে কাজের নিশ্চয়তার চেয়ে অনিশ্চয়তাই বেশি। আমের মৌসুমে কিছু টাকা জমলেও তা দিয়ে সারা বছরের সংসার চালানো সম্ভব হয় না। অন্যদিকে কৃষিকাজের সুযোগ কমে যাওয়ায় বিকল্প কাজের সন্ধানে তাঁদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হচ্ছে।
নিজেদের কোনো আবাদি জমি নেই এবং স্থায়ী কর্মসংস্থানও নেই। অন্যের জমিতে শ্রম বিক্রি করেই চলে এই দম্পতির সংসার। ফলের বাগান বাড়লেও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কৃষিশ্রমিকদের সারা বছরের কাজের নিশ্চয়তা তৈরি হয়নি। তাই আমের মৌসুম শেষ হলেই মারিয়ার সামনে নতুন করে শুরু হয় কাজের সন্ধান।
এত অনিশ্চয়তার মাঝেও আনন্দ খুঁজে পান তাঁরা। মারিয়া বলেন, “সৎভাবে পরিশ্রম করে উপার্জন করে স্বামী-সন্তানের মুখেত দুবেলা খাবার জোটলেই হামরা অনেক খুশি। এর বাইরে বছরের বিভিন্ন সময় হামাগের পালাপার্বণে সবাই মিলে আনন্দ করি। বিশেষ করে অগ্রহায়ণ মাসে সোহরাই আর ভাদ্র মাসে ডালপূজা বা কারামপূজার সময় অনেক আনন্দ হয়। এই দুইটা উৎসবের জন্য হামাগের সম্প্রদায়ের মানুষ সারা বছর অপেক্ষা করে।” উল্লেখ্য, সোহরাই হলো সাঁওতালদের ফসল কাটার উৎসব।
বড় মেয়ে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। দুই মেয়েকেই লেখাপড়া করাতে চান মারিয়া। তিনি বলেন, “হামাগের বাপ-দাদা, মা-চাচিরা অন্যের জমিত কৃষিকাজ করে খাইছে। এখন হামরাও সেটাই করোছি। এসব কাজ করে তো উন্নতি হছে না। সামর্থ্য থাকলে মেয়ে দুটাক লেখাপড়া করাতে চাই। লেখাপড়া করাতে পারলে ওরা হয়তো চাকরি-বাকরি করে নিজের জীবনে উন্নতি করতে পারবে।”