ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে জ্বর কমে যাওয়া মানেই সুস্থ হয়ে ওঠা নয়; বরং এই সময়টিই হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্লাটিলেট নিয়ে অযথা আতঙ্ক, ভুল ওষুধের ব্যবহার এবং সচেতনতার অভাব কীভাবে জীবনহানিকর পরিস্থিতি তৈরি করতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা অত্যন্ত জরুরি।
২০১৯ সালে যখন দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছিল, তখন আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত ছিলাম। করোনার আগের সেই মহামারিতে পুরো বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা যেন ডেঙ্গুর প্রকোপে দিশেহারা হয়ে পড়েছিল। সেই সময়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের শিশু বিভাগে মাত্র ৭০টি শয্যা থাকলেও নিয়মিত ২৪০ থেকে ২৫০ জন রোগী ভর্তি থাকতেন।
রোগীদের জায়গা দেওয়ার জন্য হাসপাতালের ওয়ার্ড, বারান্দা এবং করিডোরে সারি সারি মশারি টাঙিয়ে অস্থায়ী ব্যবস্থা করতে হয়েছিল। স্যালাইনের নল, ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া তরল, চিকিৎসক ও নার্সদের অবিরাম ব্যস্ততা এবং আমাদের বিশেষজ্ঞদের সকাল-বিকেলের ওয়ার্ড রাউন্ড—এই ছিল তখনকার প্রতিদিনের চিত্র।
বিভাগীয় প্রধান ফারহানা নোমান ম্যাডামের তত্ত্বাবধানে ফেরদৌসী হাসনাত ম্যাডামসহ আমাদের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসককে দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রতিদিন বহির্বিভাগে আমাদের প্রত্যেককে ১২০ থেকে ১৩০ জন রোগী দেখতে হতো। তবে সবচেয়ে তৃপ্তির বিষয় ছিল যে, এত বড় মহামারির মধ্যেও আমাদের শিশু বিভাগে মাত্র একজন রোগীর মৃত্যু হয়েছিল।
এখন প্রশ্ন উঠতে পারে, ডেঙ্গুতে মৃত্যু প্রতিরোধে আমাদের চিকিৎসাব্যবস্থার কতটা উন্নতি হয়েছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে সবার আগে ডেঙ্গু জ্বর সম্পর্কে কিছু মৌলিক বিষয় জানা প্রয়োজন। ডেঙ্গু মূলত একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে একজন থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। অন্যান্য ভাইরাসজনিত জ্বরের মতোই ডেঙ্গুতেও জ্বর আসে। সাধারণত প্রথম দিনেই তীব্র জ্বর হয় এবং দ্বিতীয় বা তৃতীয় দিনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে জ্বর সেরে যায়।
"মূলত জ্বরবিহীন সময়ে অবহেলা ও অজ্ঞতার কারণেই ডেঙ্গুতে মৃত্যুর হার বেশি। এই লেখায় আমি মূলত সেই বিষয়ই তুলে ধরার চেষ্টা করব।"
জ্বর ছাড়াও গা-ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে লালচে দাগ, রক্তবমি বা কালো পায়খানার মতো উপসর্গ নিয়ে ডেঙ্গু রোগী হাসপাতালে আসতে পারেন। তবে ইদানীং দেখা যাচ্ছে যে, জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ খুব একটা প্রকাশ পাচ্ছে না।
অন্যান্য ভাইরাসজনিত জ্বরের সঙ্গে ডেঙ্গুর প্রধান পার্থক্য হলো, ডেঙ্গুতে রক্তনালি থেকে ব্লাড প্লাজমা বা রক্তরস লিক করে বের হয়ে যায়। এই প্লাজমা বের হয়ে যাওয়ার ফলে শরীরের টিস্যু ও বিভিন্ন অঙ্গে রক্তসঞ্চালন ব্যাহত হয়। এর ফলে রোগী শকে চলে যান এবং দ্রুত মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়।
কিছু ডেঙ্গু রোগীর ক্ষেত্রে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে। এছাড়া সংখ্যায় কম হলেও কেউ কেউ শরীরের বিভিন্ন অঙ্গ বিকল বা কার্যকারিতা নষ্ট হওয়ার সমস্যা নিয়ে আসতে পারেন। তবে এ ধরনের মারাত্মক ডেঙ্গু রোগীর সংখ্যা সাধারণত খুব কম। অধিকাংশ রোগীই রক্তরস লিক বা বের হয়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হন।
তাই সঠিক সময়ে ডেঙ্গু শনাক্ত করা, প্রচুর তরল খাবার খাওয়ানো এবং পূর্ণ বিশ্রাম নেওয়াই হলো ডেঙ্গুর মূল চিকিৎসা। তবে রোগের তীব্রতা বা সিভিয়ারিটি নির্ধারণ করবেন কেবল চিকিৎসক। সাধারণ মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়া, ভুল পরীক্ষা করানো কিংবা ওষুধ খাওয়া একেবারেই ঠিক নয়।
ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়ে জ্বরকে কখনোই অবহেলা করা যাবে না। প্রথমত, জ্বর আসার পর তা কমে গেলেও অন্তত একটি সিবিসি পরীক্ষা করতে হবে। জ্বর আসার ২৪ ঘণ্টা পর ডেঙ্গু অ্যান্টিজেন পরীক্ষা, যা এনএস-ওয়ান নামে পরিচিত, তা অবশ্যই করতে হবে। সাধারণত জ্বরের পঞ্চম দিন থেকে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করে থাকি।
রোগী, তাঁদের আত্মীয়স্বজন, এমনকি অনেক চিকিৎসকও সিবিসি রিপোর্ট দেখার সময় প্রথমেই প্লাটিলেটের সংখ্যার দিকে নজর দেন। প্লাটিলেট কমার ভয়ে অনেকে পেঁপেপাতার রস বা বিভিন্ন ক্যাপসুল সেবন করেন। আবার কেউ কেউ শরীরে প্লাটিলেট ইনজেকশন বা ট্রান্সফিউশন নিয়ে নেন।
আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, এই রোগীরা অনেক সময় আরও জটিল পরিস্থিতিতে পড়েন। খুব বেশি প্রয়োজন না হলে রোগীর শরীরে কখনোই ব্লাড বা ব্লাড কম্পোনেন্ট; অর্থাৎ রক্ত বা রক্তের উপাদান দেওয়া উচিত নয়।
সিবিসিতে প্রথমেই ‘টোটাল কাউন্ট অব ডব্লিউবিসির (শ্বেত রক্তকণিকার সংখ্যা)’ দিকে নজর দিতে হবে। শ্বেত রক্তকণিকার মোট সংখ্যা যখন ৫,০০০/সিএমএম-এর নিচে নেমে যায়, তখনই রোগীর রক্তনালি থেকে প্লাজমা বের হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি ৫,০০০-এর কম হলে পরের দিনের সিবিসিতে সাধারণত প্লাটিলেটও কম পাওয়া যায়। তবে প্লাটিলেট কম পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই অবস্থায় অসচেতন থাকলে রোগী হঠাৎ শকে চলে যেতে পারেন এবং বেশির ভাগ ক্ষেত্রেই তখন রোগীর মৃত্যু হয়।
তাই প্লাটিলেট নয়, বরং টোটাল কাউন্ট অব ডব্লিউবিসির দিকে নজর দিন। ডব্লিউবিসি ৫,০০০/সিএমএম-এর কম হলে বিশ্রাম নিন এবং প্রচুর তরল খাবার গ্রহণ করুন।
আপনার চিকিৎসক আপনাকে নিয়মিত সিবিসি করার পরামর্শ দেবেন। খেয়াল করলে দেখবেন, পরবর্তী সিবিসিতেও ডব্লিউবিসি কমছে। সিবিসিতে ডব্লিউবিসি ছাড়াও আমরা এইচসিটি (রক্তে রক্তরস ও রক্তকণিকার অনুপাত) এবং সবশেষে প্লাটিলেটের দিকে নজর দিই। ডব্লিউবিসি কমতে থাকলে এবং এইচসিটি বাড়তে থাকলে সাধারণত আমরা রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলি ও স্যালাইন প্রয়োগ করি। কখনোই বাসায় স্যালাইন দেওয়ার কথা চিন্তা করবেন না।
উদাহরণস্বরূপ, ধরা যাক, দ্বিতীয় দিনে প্রথম নমুনায় টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি ৪,২০০/সিএমএম। তৃতীয় দিনে দ্বিতীয় নমুনায় তা কমে ২,৭০০/সিএমএম হলো। চতুর্থ দিনে তৃতীয় নমুনায় যদি তা বেড়ে ৩,৫০০/সিএমএম হয়, তার মানে তৃতীয় দিন থেকে তা সেরে ওঠার দিকে যাচ্ছে এবং আপনি অনেকটাই ভালো আছেন। আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, কোনো রোগীর ডব্লিউবিসি একবার বাড়তে শুরু করলে সাধারণত তা আর কমে না।
এমন অবস্থায় তরল খাবার খেতে থাকুন এবং পঞ্চম দিন আরেকটি সিবিসি করুন। টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি ৫,০০০-এর ওপরে হলে আপনি অনেকটাই সুস্থ।
তবে টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি স্বাভাবিক মানেই যে ডেঙ্গু হয়নি, তা নয়; বরং এনএস-১ পজিটিভ হলে অথবা ডেঙ্গু অ্যান্টিবডি পজিটিভ হলে (যা সাধারণত জ্বরের পঞ্চম দিন থেকে পজিটিভ হয়) আপনি ডেঙ্গুতে আক্রান্ত। কিন্তু ডব্লিউবিসি স্বাভাবিক থাকার অর্থ হলো, আপনার রক্তনালি থেকে প্লাজমা লিক করে বের হয়ে যাওয়ার আশঙ্কা কম।
তাই ঘরে বসেই তরল খাবার গ্রহণ, বিশ্রাম এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রতিদিন সিবিসি পরীক্ষার মাধ্যমে ফলোআপ করতে পারেন।
যে রোগীর টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি কমে এবং এইচসিটি বাড়ে, তাঁর প্লাটিলেট অবশ্যই কমবে; অর্থাৎ ১,৫০,০০০/সিএমএম-এর নিচে নেমে যাবে।
প্লাটিলেট খুব কমে গেলে সাধারণত বোঝা যায়, রোগী সিভিয়ার ডেঙ্গুর দিকে যাচ্ছেন। তবে খুব কম প্লাটিলেট নিয়েও অনেক রোগী অন্যান্য চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে গেছেন। কুর্মিটোলা হাসপাতালে আমাদের কিছু রোগী ৫,০০০/সিএমএম প্লাটিলেট নিয়েও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন। তাই প্লাটিলেট খুব কমে গেলে সতর্কতার সঙ্গে আপনার চিকিৎসক আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
সতর্কতামূলক কিছু নির্দেশনা:
১. ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় জ্বর হলেই জ্বরের দ্বিতীয় দিন সিবিসি ও এনএস-১ পরীক্ষা করুন।
২. জ্বর না থাকার সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্বর না থাকলেও দ্বিতীয় দিন সিবিসি ও এনএস-১ পরীক্ষা করুন।
৩. সিবিসিতে টোটাল কাউন্ট অব ডব্লিউবিসি ৫,০০০/সিএমএম-এর কম হলে বিশ্রাম নিন এবং প্রচুর তরল খাবার গ্রহণ করুন। যেমন লেবুর শরবত, গ্লুকোজের পানি, স্যুপ, খাওয়ার স্যালাইন, ভাতের মাড় ও চিড়ার পানি। ডাবের পানি বা মাল্টা খেতেই হবে, এমন কোনো কথা নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
৪. প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাবেন না।
৫. ছোট শিশু, অতি বৃদ্ধ, গর্ভবতী নারী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি করুন।
৬. অফিস, স্কুল বা দূরে ভ্রমণ থেকে বিরত থাকুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
লেখক: সহযোগী অধ্যাপক, শিশু পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর