দীর্ঘদিন ধরে আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য মূলত বেতার বা রেডিও তরঙ্গের ওপর নির্ভরশীল হয়ে এসেছি। তবে প্রযুক্তির উৎকর্ষে এখন রেডিও তরঙ্গের পরিবর্তে আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। লাইট ফিডেলিটি, যা সংক্ষেপে লাই–ফাই নামে পরিচিত, এই প্রযুক্তিতে এলইডি বাতির আলো ব্যবহার করে ইন্টারনেট সংযোগ প্রদান করা সম্ভব। গবেষকদের ধারণা, “প্রচলিত ওয়াই-ফাইয়ের তুলনায় লাই-ফাইয়ে তাত্ত্বিকভাবে ১০০ গুণ পর্যন্ত বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা যাবে।” এই লাই-ফাই প্রযুক্তির গবেষণার কাজ শুরু হয়েছিল ২০০০ সালে, অর্থাৎ শূন্য দশকের শুরুর দিকে। এই প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশে জার্মান পদার্থবিজ্ঞানী হ্যারাল্ড হাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

লাই-ফাই প্রযুক্তির কার্যপদ্ধতি

মূলত অপটিক্যাল ওয়্যারলেস কমিউনিকেশন বা আলোকনির্ভর বেতার যোগাযোগপ্রযুক্তি হিসেবে লাই-ফাই কাজ করে। এর অন্যতম একটি পদ্ধতি হলো ভিজিবল লাইট কমিউনিকেশন (ভিএলসি), যার মাধ্যমে দৃশ্যমান আলোর সাহায্যে তথ্য প্রেরণ করা হয়। এই বিশেষ পদ্ধতিতে এলইডি বাতিকে তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। বাতি থেকে যে আলো নির্গত হয়, তার তীব্রতা অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তন করে ডিজিটাল সংকেত তৈরি করা হয়। এটি অনেকটা মোর্স কোডের মতো নির্দিষ্ট সংকেতের মাধ্যমে তথ্য পাঠানোর প্রক্রিয়া, তবে এই পরিবর্তন এত দ্রুত ঘটে যে মানুষের খালি চোখে আলোর কোনো পরিবর্তন ধরা পড়ে না। লাই-ফাই ব্যবস্থায় এলইডি বাতির সাথে একটি বিশেষ প্রযুক্তি সংযুক্ত থাকে, যা ডিজিটাল তথ্যকে আলোর সংকেতে রূপান্তর করতে সক্ষম হয়।

ইন্টারনেট দুনিয়ায় লাই-ফাইয়ের প্রভাব ও সম্ভাবনা

১৯৯৬ সালে যাত্রা শুরু করা ওয়াই-ফাই প্রযুক্তি সময়ের সাথে সাথে ব্যাপক বিবর্তিত হয়েছে। বর্তমানে ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ই এবং ওয়াই-ফাই ৭-এর মতো আধুনিক সংস্করণগুলো ইন্টারনেটের গতি এবং সংযোগের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এবং তথ্যের আদান-প্রদানের চাহিদা যেভাবে বাড়ছে, তাতে বেতার তরঙ্গের ওপর নির্ভরশীলতার কিছু সীমাবদ্ধতা প্রকট হয়ে উঠছে। এই বাস্তবতায় আলোকনির্ভর যোগাযোগপ্রযুক্তি হিসেবে লাই-ফাই একটি শক্তিশালী বিকল্প সম্ভাবনা তৈরি করছে। তবে লাই-ফাইয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও বিদ্যমান। যেহেতু আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হয়, তাই প্রেরক এবং গ্রাহক যন্ত্রের মধ্যে সরাসরি আলোর সংযোগ থাকা অত্যন্ত জরুরি। যদি মাঝখানে দেয়াল বা অন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে, তবে সংযোগ ব্যাহত হতে পারে।

সূত্র: সিনেট ডটকম