তথ্যপ্রযুক্তি এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুসনাদ–ই–আহমদ। ‘বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা’ শ্রেণিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আবদুন নাসের খান এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এই বিশেষ আয়োজনে বিভিন্ন খাতের মোট ৮ জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।
শিল্প মন্ত্রণালয় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই পুরস্কারের আয়োজন করা হয়। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উদ্ভাবনী চিন্তা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির আধুনিক ব্যবহার এবং উদ্যোক্তাদের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
রংপুরের গঙ্গাচড়ার একটি শিক্ষক পরিবারে জন্ম নেওয়া মো. মুসনাদ–ই–আহমদ ২০০৮ সালে তাঁর পেশাগত জীবন শুরু করেন। চাকরির পাশাপাশি একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করে ২০১৩ সালে ব্যাংকঋণের সহায়তায় তিনি প্রতিষ্ঠা করেন স্কাইটেক সলিউশনস। শুরুর দিকে সীমিত পুঁজি এবং নানা আর্থিক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হলেও, তাঁর দৃঢ় সংকল্পে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে ৯ শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
বর্তমানে স্কাইটেক সলিউশনস যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং, কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাক-অফিস অপারেশন এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যবসায়িক সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক বাজারে এই সেবাগুলো রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করছে, অন্যদিকে দেশের তরুণ প্রজন্মের জন্য দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের পথ প্রশস্ত করছে।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতেও নিরলস কাজ করে যাচ্ছেন মুসনাদ–ই–আহমদ। বিশ্বের অন্যতম বৃহৎ বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের বাংলাদেশি চ্যানেল পার্টনার হিসেবে তাঁর এই উদ্যোগ স্থানীয় উৎপাদক, রপ্তানিকারক ও এসএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। এর ফলে দেশের রপ্তানি বাজারের ব্যাপক সম্প্রসারণ ঘটছে। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি দেশের বিপিও ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পুরস্কার অর্জনের পর মো. মুসনাদ–ই–আহমদ মুক্তকণ্ঠকে বলেন, ‘একটি ছোট উদ্যোগ নিয়ে যে স্বপ্নের যাত্রা শুরু করেছিলাম, সেই উদ্যোগের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জীবনের গর্ব ও আবেগের মুহূর্ত। এ অর্জন আমার একার নয়; বরং স্কাইটেক সলিউশনসের প্রতিটি সদস্যের পরিশ্রম, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্ববাজারে প্রযুক্তি ও সেবা রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। আমার লক্ষ্য শুধু একটি সফল প্রতিষ্ঠান গড়ে তোলা নয়; বরং নতুন উদ্যোক্তা তৈরি, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দেশের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’