বর্তমান ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত গোপনীয় তথ্য, পাসওয়ার্ড এবং আর্থিক হিসাব হাতিয়ে নেওয়ার জন্য সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম পরিচিত ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি হলো ফিশিং আক্রমণ। সাধারণত ই–মেইল, ওয়েবসাইট কিংবা খুদে বার্তার মাধ্যমে ভুয়া পরিচয় দিয়ে পাঠানো এই ডিজিটাল ফাঁদ থেকে রক্ষা পেতে হলে ব্যক্তিগত সচেতনতা এবং প্রযুক্তিগত সুরক্ষার কোনো বিকল্প নেই। তাই নিরাপদ থাকতে হলে ফিশিং স্ক্যামের প্রধান লক্ষণগুলো চিনে রাখা অত্যন্ত জরুরি।
ফিশিং স্ক্যামের লক্ষণসমূহ
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হলে অচেনা বা অপ্রত্যাশিত ই–মেইলে থাকা কোনো লিংকে ক্লিক করা কিংবা সন্দেহজনক কোনো অ্যাটাচমেন্ট নামানো থেকে বিরত থাকা উচিত। প্রেরকের ই-মেইল ঠিকানার সাথে মূল প্রতিষ্ঠানের ঠিকানার মিল না থাকা, বার্তার ভেতরে বানান বা ব্যাকরণগত ভুল থাকা কিংবা হঠাৎ করে অত্যন্ত জরুরি বলে দাবি করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়ার মতো লক্ষণগুলো দেখে সন্দেহজনক বার্তাগুলো দ্রুত চিহ্নিত করতে হবে। কোনো বার্তা সন্দেহজনক মনে হলে তাড়াহুড়ো না করে সংশ্লিষ্ট মূল প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিষয়টি যাচাই করে নেওয়া প্রয়োজন।
ভুয়া ও অনিরাপদ ওয়েবসাইট শনাক্তকরণ
সাইবার অপরাধীরা অনেক সময় অত্যন্ত সুকৌশলে সুপরিচিত কোনো প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে হুবহু নকল বা ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে। কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় যদি লোগোতে অস্পষ্টতা, টাইপো বা বানান ভুল কিংবা অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো অসংগতি দেখা যায়, তবে সাথে সাথে সতর্ক হতে হবে।
যদি কেউ ভুলবশত ফিশিংয়ের শিকার হন, তবে দেরি না করে অবিলম্বে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়ে থাকলে দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে জালিয়াতির বিষয়টি অবহিত করতে হবে। এ ছাড়া আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ ডিফেন্ডার বা অ্যান্টি-ফিশিং ওয়ার্কিং গ্রুপের মতো প্ল্যাটফর্মে স্প্যাম বা ফিশিং বার্তা এবং ভুয়া ওয়েবসাইট রিপোর্ট করার সুযোগ রয়েছে। সূত্র: মাইক্রোসফট