বিশ্বের ৫২টি দেশের মানুষের ওপর পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। দেখা গেছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এছাড়া অন্য একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, তীব্র রাগের পরবর্তী দুই ঘণ্টার মধ্যে হার্ট অ্যাটাকসহ হৃদ্‌যন্ত্রের গুরুতর সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

খেলাধুলার ক্ষেত্রে টানটান উত্তেজনা যখন তুঙ্গে ওঠে, বিশেষ করে প্রিয় দলের আক্রমণে অনেক দর্শকের বুক ধড়ফড় করতে দেখা যায়। আবার গোলের সুযোগ নষ্ট হলে অনেকে চরম হতাশায় ভেঙে পড়েন। কেবল খেলার মাঠেই নয়, কর্মজীবনের অতিরিক্ত চাপ, পারিবারিক অশান্তি কিংবা প্রিয় কোনো মানুষের আকস্মিক মৃত্যুর মতো মানসিক আঘাতের পর অনেক ব্যক্তি বুকে ব্যথা বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

অনেকের মনেই প্রশ্ন জাগে, তীব্র রাগ, উত্তেজনা কিংবা মানসিক চাপ থেকে কি সত্যিই হার্ট অ্যাটাক হতে পারে? এর উত্তর হলো—হ্যাঁ, পারে। বিশেষ করে যাঁদের শরীরে আগে থেকেই হৃদ্‌রোগের ঝুঁকি বিদ্যমান, তাঁদের ক্ষেত্রে তীব্র মানসিক চাপ বা উত্তেজনা হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক উদ্দীপক হিসেবে কাজ করতে পারে।

আমরা যখন প্রচণ্ড রাগান্বিত হই, ভয় পাই কিংবা তীব্র মানসিক চাপের সম্মুখীন হই, তখন শরীরে এক ধরনের জরুরি প্রতিক্রিয়া শুরু হয়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া। এই সময়ে শরীরে অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর ফলে হৃৎস্পন্দনের গতি দ্রুত হয়, রক্তচাপ বৃদ্ধি পায় এবং হার্টের অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। একটি সুস্থ হৃৎপিণ্ড সাধারণত এই পরিবর্তনগুলো সামলে নিতে সক্ষম হয়।

তবে সমস্যা তৈরি হয় তখন, যখন হার্টের রক্তনালিতে আগে থেকেই চর্বি জমে সংকোচন তৈরি হয়ে থাকে। এমন অবস্থায় হার্টের বাড়তি অক্সিজেনের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। আবার তীব্র মানসিক চাপের সময় কিছু ক্ষেত্রে রক্তনালির ভেতরে জমে থাকা চর্বির আবরণ ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধতে পারে। এর ফলে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। অর্থাৎ, রাগ-উত্তেজনা বা মানসিক চাপ সব সময় নিজে থেকে হৃদ্‌রোগ সৃষ্টি না করলেও, আগে থেকে বিদ্যমান সমস্যাকে অত্যন্ত বিপজ্জনক করে তুলতে পারে।

২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ চলাকালে জার্মানিতে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, দেশটির জাতীয় দলের খেলার দিনগুলোতে হৃদ্‌যন্ত্রের জরুরি সমস্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। পুরুষদের ক্ষেত্রে এ ধরনের ঘটনার হার ছিল স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ। বিশেষ করে যাঁরা আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন, তাঁদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি ঘটেছে, যেটাকে খেলার উত্তেজনা ও মানসিক চাপের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়।

যাঁদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, যাঁরা ধূমপান করেন, যাঁদের ওজন অতিরিক্ত এবং যাঁদের আগে হৃদ্‌রোগ হয়েছে, তাঁদের ঝুঁকি তুলনামূলক বেশি। পরিবারে অল্প বয়সে হৃদ্‌রোগের ইতিহাস থাকলেও সতর্ক থাকা প্রয়োজন।

বিশেষ করে যাঁদের করোনারি ধমনিতে নীরবে রোগ বাসা বেঁধেছে, তাঁরা অনেক সময় কোনো পূর্বলক্ষণ ছাড়াই স্বাভাবিক জীবন যাপন করেন। তীব্র মানসিক চাপ তখন গুরুতর সমস্যার সূচনা করতে পারে। পাশাপাশি দীর্ঘদিনের উদ্বেগ, বিষণ্নতা ও ঘুমের অভাবও পরোক্ষভাবে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে।

প্রিয়জনের মৃত্যু, সম্পর্কে বিচ্ছেদ কিংবা ভয়াবহ কোনো সংবাদ থেকে তীব্র মানসিক আঘাতের পর কখনো কখনো দেখা দিতে পারে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’, চিকিৎসাবিজ্ঞানে যার নাম স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি। এ অবস্থায় হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়।

তবে হার্টের রক্তনালিতে রক্তপ্রবাহ বন্ধ করে দেওয়ার মতো কোনো বড় ব্লক পাওয়া যায় না; বরং হৃদ্‌যন্ত্রের পাম্প করার ক্ষমতা সাময়িকভাবে কমে যায় এবং হার্টের কিছু অংশের সংকোচন ক্ষমতা কমে যায়। অধিকাংশ রোগী চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। তবে এ রকম অবস্থাও গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

তাই রাগ, উত্তেজনা ও মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন। উত্তেজিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ থামুন, ধীরে ধীরে শ্বাস নিন এবং পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার চেষ্টা করুন।

দীর্ঘস্থায়ী উদ্বেগ বা বিষণ্নতা দৈনন্দিন জীবনযাপন ব্যাহত করলে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত রক্তচাপ, রক্তের শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা করুন। এরপর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান বাদ দিন আর চিকিৎসকের পরামর্শ ছাড়া হৃদ্‌রোগের ওষুধ বন্ধ করবেন না।

রাগ বা মানসিক চাপের পর বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব হলে কিংবা হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়লে হার্ট অ্যাটাকের আশঙ্কা করতে হবে। বিশেষ করে বুকে চাপধরা অস্বস্তি স্থায়ী হলে দেরি করা যাবে না। ‘একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে’—এমন ভেবে বসে থাকবেন না।