ইউরোপের বিভিন্ন দেশের কর্মীদের কর্মক্ষেত্রের মানসিক চাপের হার বিশ্লেষণ করে দেখা গেছে, বেশ কিছু দেশের কর্মীরা চরম মানসিক চাপের মধ্য দিয়ে অতিবাহিত করছেন তাদের কর্মজীবন। দৈনন্দিন কাজের চাপ ও মানসিক স্বাস্থ্যের অবনতির এই তালিকায় সবচেয়ে শীর্ষস্থানে অবস্থান করছে গ্রিস। পরিসংখ্যান অনুযায়ী, গ্রিসের মোট কর্মীবাহিনীর ৬১ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মাত্রার মানসিক চাপ অনুভব করেন। এই তালিকায় গ্রিসের পাশাপাশি মাল্টা, সাইপ্রাস ও ইতালির মতো দেশগুলোও উপরের দিকে রয়েছে।

সবচেয়ে বেশি মানসিক চাপে থাকা ১০টি দেশের বিস্তারিত চিত্র নিচে তুলে ধরা হলো:

১. গ্রিস: ৬১ শতাংশ
দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট, অত্যন্ত কঠোর কর্মপরিবেশ এবং নির্দিষ্ট কিছু খাতে সপ্তাহে ছয় দিন কাজ করার বাধ্যবাধকতার কারণে গ্রিসের কর্মীদের ওপর চাপের পরিমাণ সবচেয়ে বেশি। দেশটির ৬১ শতাংশ কর্মী প্রতিদিন উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।

২. মাল্টা: ৫৭ শতাংশ
আয়তনের দিক থেকে ছোট এবং ঘনবসতিপূর্ণ এই দেশটিতে গেমিং ও আর্থিক খাতের দ্রুত প্রসারের ফলে কর্মীদের কাজের চাপ বহুগুণ বেড়েছে। ফলে ৫৭ শতাংশ কর্মী উল্লেখযোগ্য চাপ অনুভব করেন।

৩. সাইপ্রাস: ৫৬ শতাংশ
সাইপ্রাসের অনেক কর্মী সপ্তাহে ছয় থেকে সাত দিন পর্যন্ত কাজ করেন। দীর্ঘ কর্মঘণ্টার কারণে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ কমে যাওয়ায় ৫৬ শতাংশ কর্মী মানসিক চাপের কথা জানিয়েছেন।

৪. ইতালি: ৫১ শতাংশ
অর্থনৈতিক কাঠামোগত জটিলতা এবং কাজের গুণগত মানের চেয়ে কর্মস্থলে উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়ার প্রচলিত সংস্কৃতির কারণে ইতালির ৫১ শতাংশ কর্মী উল্লেখযোগ্য চাপ অনুভব করেন।

৫. পর্তুগাল: ৪৭ শতাংশ
বেতনের পরিমাণ তুলনামূলক কম হওয়া এবং দীর্ঘ সময় ধরে কাজ করার বাধ্যবাধকতা দেশটির কর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ফলে ৪৭ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।

৬. যুক্তরাজ্য: ৪৬ শতাংশ
আবাসন খরচের উচ্চ হার, চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতা এবং কাজের অতিরিক্ত চাপের কারণে যুক্তরাজ্যের ৪৬ শতাংশ কর্মী মানসিক চাপ অনুভব করেন।

৭. লুক্সেমবার্গ: ৪৩ শতাংশ
বিশাল ব্যাংকিং খাত, উচ্চ কর্মদক্ষতার প্রত্যাশা এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের অন্য দেশ থেকে যাতায়াত করার চাপ দেশটির কর্মীদের ওপর প্রভাব ফেলছে। ৪৩ শতাংশ কর্মী চাপ অনুভব করেন।

৮. বেলজিয়াম: ৪৩ শতাংশ
জটিল রাজনৈতিক পরিস্থিতি, ভাষাগত বৈচিত্র্য এবং বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কাজের প্রচণ্ড চাপের কারণে বেলজিয়ামের ৪৩ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।

৯. নরওয়ে: ৪৩ শতাংশ
তেল ও প্রযুক্তি খাতের উচ্চ কর্মদক্ষতার প্রত্যাশা এবং পারফরম্যান্স ধরে রাখার চাপের কারণে নরওয়ের ৪৩ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।

১০. আয়ারল্যান্ড: ৪২ শতাংশ
বিশেষ করে রাজধানী ডাবলিনের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর উচ্চ উৎপাদনশীলতাকেন্দ্রিক কর্মসংস্কৃতির কারণে দেশটির ৪২ শতাংশ কর্মী কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য চাপ অনুভব করেন।