পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে আগের ম্যাচে ৩ উইকেটের পরাজয়ের পর সেমিফাইনালে ওঠার পথটি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় যুবাদের জন্য। তবে গতকাল ওমানের আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে আরব আমিরাতের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে সেই বাধা পার করল ভারত অনূর্ধ্ব-১৯ দল। আর এই জয়ের কারিগর হয়ে উঠলেন আর্যবীর শেবাগ, যিনি ম্যাচের আগে বাবাকে সেঞ্চুরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বাবার পরামর্শ অনুযায়ী ওপেনিংয়ে নেমে আর্যবীর তাঁর সেই প্রতিশ্রুতি কতটা গুরুত্বের সাথে পালন করেছেন, তা স্পষ্ট তাঁর সংগ্রহ থেকে। ১৬৮ বলে ১৬০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৭টি ছক্কা এবং ১৭টি চার। তাঁর মোট রানের মধ্যে ১১০ রানই এসেছে বাউন্ডারি থেকে। আর্যবীরের এই ব্যাটিং শৈলী দেখে তাঁকে বীরেন্দর শেবাগের ‘মিনি ভার্সন’ বলা এখন আর বাড়িয়ে বলা মনে হয় না।

আগে ব্যাটিংয়ে নেমে আর্যবীরের এই বিশাল ইনিংসের ওপর ভর করে ভারত ৩০৯ রান সংগ্রহ করে। শেষ পর্যন্ত ৭০ রানের বড় জয় নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।

তবে উইকেটের চ্যালেঞ্জিং প্রকৃতির কারণে আর্যবীরের শুরুটা খুব একটা শেবাগসুলভ ছিল না। ১৪তম বলে গিয়ে তিনি প্রথম রানের দেখা পান। তবে অন্তত ৪০ ওভার ক্রিজে থাকার সংকল্প থাকায় শুরুর দিকের ‘ডট’ বলগুলো তাঁকে খুব একটা বিচলিত করেনি। আর্যবীর একবার সেট হয়ে যাওয়ার পর বোঝা গেল কেন ‘যেমন বাবা, তেমন ছেলে’ কথাটি প্রচলিত। ৬৯ বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এবং ১৩১ বলে এসে যায় কাঙ্ক্ষিত সেঞ্চুরি। যুব ওয়ানডেতে এটিই আর্যবীরের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

পুরো ইনিংসটি অবশ্য নিখুঁত ছিল না। ১৬তম ওভারে যখন আর্যবীর ৪১ রানে ছিলেন, তখন আরব আমিরাতের উইকেটকিপার মোহাম্মদ সাদ পরপর দুই বলে তাঁর দুটি ক্যাচ মিস করেন। বাবার মতো মারমুখী ব্যাটিং দর্শনে বিশ্বাস করায় আর্যবীর সব সময় নিখুঁত খেলার চেষ্টা করেন না। স্পিনারদের ওপর চড়াও হয়ে তিনি আমিরাতের উদ্দিশ সুরির একটি ওভারেই ২১ রান তুলে নেন। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে তাঁর সময় লেগেছে ২৯ বল। এছাড়া ১৩৬ রানে থাকাকালীন উইকেটকিপার সাদ তাঁকে আরও একবার জীবনদান করেন।

ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আর্যবীর তাঁর বাবার প্রসঙ্গ টেনে বলেন, “বড় একটা স্কোর করতে চেয়েছিলাম। আজ (গতকাল) বড় স্কোর করার প্রতিশ্রুতি দিয়েছিলাম একজনকে। সেটা রাখতে পারায় ভালো লাগছে। সেই মানুষটি আমার বাবা।”

ক্রিকেট ইতিহাসের অন্যতম আক্রমণাত্মক ওপেনার বীরেন্দর শেবাগের ব্যাটিং ধাঁচ এবং দর্শনেরই প্রতিফলন দেখা যায় আর্যবীরের খেলায়। আর্যবীর নিজেই বলেন, “তাঁকে (বীরেন্দর শেবাগ) বলেছিলাম যে আমি বড় সেঞ্চুরি করব। কারণ, তিনি শুধু বড় সেঞ্চুরিকেই গুরুত্ব দেন—সেঞ্চুরি করার পরও তাঁর আনন্দ এবং শ্রদ্ধার পাত্র হতে হলে ১৫০ রান করা দরকার। আজ (গতকাল) তা করতে পেরে খুব ভালো লাগছে।”

এর আগেও বেশ কয়েকবার নজর কেড়েছেন আর্যবীর। গত অক্টোবরে ভিনু মানকড় ট্রফিতে দিল্লি অধিনায়ক হিসেবে চণ্ডিগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার আগের মাসে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় ভারত অনূর্ধ্ব-১৯ দলে। বাবার মতোই বল বাউন্ডারিতে পাঠানো আর্যবীরের প্রিয় কাজ, যার বড় প্রমাণ ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে তাঁর ২৯৭ রানের ইনিংস।

তবে চ্যালেঞ্জিং উইকেটে ধৈর্য ধরে খেলতে পারেন তিনি। গতকালের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, “বল বাঁক নেওয়ায় উইকেট একটু চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। শুরুতে কিছু ডট বল খেলেছি। তবে বিশ্বাস ছিল যে পুষিয়ে নিতে পারব।”

আগামীকাল আল আমারাতে সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে ভারত। একই দিনে অপর সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।