উদ্ভিদবিজ্ঞানের নিয়ম অনুযায়ী ফজলি আমগাছের চারা থেকে সাধারণত ফজলি আমই হয়, যার স্বাদ, গুণ ও সুবাস সব একই থাকে। তবে ক্রিকেট বিশ্বের নিয়ম সবসময় তেমন হয় না। ব্যাটসম্যান বাবার ছেলে যে সবসময় ব্যাটসম্যানই হবেন, এমন কোনো কথা নেই। উদাহরণ হিসেবে নেওয়া যায় শচীন টেন্ডুলকারের ছেলের কথা। বাবা জগদ্বিখ্যাত ব্যাটসম্যান হলেও অর্জুন টেন্ডুলকার হয়ে উঠেছেন একজন পেস বোলিং অলরাউন্ডার। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, বাবা ও ছেলে উভয়েই ক্রিকেটার হলেও তাদের খেলার ধরন বা ঘরানা সম্পূর্ণ আলাদা হয়। বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে শেবাগ মানেই ছিল ব্যাটে ঝড়ের উন্মাদনা। বলকে পেটানোর বস্তুর মতো মনে করাটাই ছিল বীরেন্দর শেবাগের ব্যাটিং দর্শন। কিংবদন্তি এই ওপেনার বল দেখতেন এবং সরাসরি আঘাত করতেন। তাঁর ছেলে আর্যবীরও ওপেনার হিসেবে খেলেন, তবে তিনি বাবার সেই দর্শনের অনুসারী নন। নতুন বলে নিজেকে থিতু করতে তিনি কিছুটা সময় নেন। তাঁর পায়ের কাজ বেশ উন্নত, যা তাঁর বাবা খুব একটা গুরুত্ব দিতেন না। বাবার সঙ্গে আর্যবীরের সবচেয়ে বড় পার্থক্য হলো, তিনি বলের লাইন-লেংথ এবং উইকেটের আচরণ ভালোভাবে বুঝে নিয়ে তারপর আক্রমণ শুরু করেন।

গত ১৪ নভেম্বর ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পেছনে আর্যবীরের বড় অবদান ছিল। তাঁর এই ধীরস্থির ব্যাটিং কৌশলের কারণেই তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে সক্ষম হন। পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে তিনি সংগ্রহ করেন ৩৬১ রান, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৫.৫০। একটি ১৬০ রানের ইনিংস এবং তিনটি ফিফটির সৌজন্যে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। স্বাভাবিকভাবেই ১৯ বছর বয়সী আর্যবীরকে ঘিরে ভারতীয় সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। অনেকেই তাঁর মধ্যে ‘বীরেন্দর শেবাগ ২.০’ দেখার স্বপ্ন দেখছেন।

তবে এই প্রত্যাশা সম্পর্কে আর্যবীরের ভাবনা ভিন্ন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি শেবাগ ২.০ হতে আসিনি। আমি আর্যবীর শেবাগ হতে এসেছি।”

জিওস্টারের সঙ্গে আলাপচারিতায় আর্যবীরের এমন কথা শুনে অনেকের মনে খটকা লাগতে পারে। কারণ তাঁর বাবা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার এবং ভারতীয় ওপেনিং ব্যাটিং দর্শনের পথপ্রদর্শক। যেখানে ভারতের অসংখ্য উদীয়মান ওপেনার বীরেন্দর শেবাগের মতো হতে চান, সেখানে শেবাগের নিজের ছেলের দর্শন কেন আলাদা?

প্রথমত, আর্যবীর জানেন যে তিনি চাইলেও বাবার সঙ্গে তুলনা এড়াতে পারবেন না এবং এই বাস্তবতাকে তিনি মেনে নিয়েছেন। তবে বাবার মতো হয়ে ওঠার যে প্রবল চাপ, তার নিচে তিনি পিষ্ট হতে চান না। সম্ভবত রোহান গাভাস্কারের উদাহরণ থেকে তিনি শিক্ষা নিয়েছেন। ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারের ক্যারিয়ারের ধারেকাছেও যেতে পারেননি তাঁর ছেলে রোহান, কারণ তিনি প্রত্যাশার প্রবল চাপে ছিলেন।

এই বিষয়ে আর্যবীর বলেন, “ক্যারিয়ারে অনেক আগেই আমি এই বাস্তবতা মেনে নিয়েছি যে বাবার সঙ্গে আমার তুলনা সব সময়ই হবে এবং এটি অনিবার্য, এ নিয়ে আমার কিছুই করার নেই। মানুষ যদি মিল খুঁজে পায়, তবে সেটি তাঁদের নিজস্ব মতামত এবং বাবার প্রতি তাঁদের ভালোবাসা। তবে আমি এখানে শেবাগ ২.০ হতে আসিনি, আমি আর্যবীর শেবাগ হতে এসেছি। আমি দ্বিতীয় শেবাগ নয়, বরং প্রথম আর্যবীর হতেই বেশি পছন্দ করব।”

ক্রিকেট বিশ্বের প্রথম শেবাগ যখন বলের ছাল ছাড়িয়ে নিতেন, তখন তাঁর মুখে থাকতো বলিউডের হিন্দি গান। আর্যবীরের পথটি কিছুটা ভিন্ন; তিনি একজন ধীরস্থির ও হিসাবি ব্যাটসম্যান। তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাবার মতোই তাঁর ঠোঁটে সুর ছিল, তবে তা বলিউডের গান নয়, বরং ‘সীতা রাম’ কীর্তন। বাবার সঙ্গে এই বিশাল পার্থক্যের মাঝে আর্যবীরের ব্যাটিং দর্শন আসলে কার মতো?

ভারতীয় ক্রিকেট বিশ্ব সেই দর্শনের সাথে আগে থেকেই পরিচিত, আর তিনি হলেন বিরাট কোহলি। আর্যবীর নিজেই বলেন, “আমি নিজেকে স্ট্রোক প্লেয়ার বা নির্দিষ্ট কোনো ধরনের খেলোয়াড় হিসেবে চিহ্নিত করি না। শুধু পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই। আগেই বলেছি, আমি বিরাট কোহলির বিশাল বড় ভক্ত এবং যে পরিস্থিতিতে দলের যা প্রয়োজন, ঠিক সেটাই করতে চাই।”