বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন অনেক তারকা রয়েছেন যাঁদের ব্যাটে-বলে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। কেউ দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন, কেউ নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে, আবার কেউ হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। এখন সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে ক্রিকেটের আঙিনায় নিজেদের জায়গা করে নিচ্ছেন তাঁদের সন্তানেরা।
কেউ বর্তমানে বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে লড়াই করছেন, আবার কেউ নিজেদের দক্ষতা প্রমাণ করছেন ঘরোয়া ক্রিকেটের মঞ্চে। তবে তাঁরা কেবল বাবার পরিচয়েই সীমাবদ্ধ থাকতে চাইছেন না, বরং নিজেদের কঠোর পরিশ্রম ও পারফরম্যান্সের মাধ্যমে স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছেন। ক্রিকেটবিশ্বে বর্তমানে আলোচিত এমন কয়েকজন উদীয়মান তরুণের কথা এখানে তুলে ধরা হলো।
ভারতের বিধ্বংসী ওপেনার হিসেবে পরিচিত ছিলেন বীরেন্দর শেবাগ। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে তাঁর আগ্রাসী ব্যাটিং শৈলী ক্রিকেটপ্রেমীদের কাছে চিরস্মরণীয়। সেই ব্যাটিং ঐতিহ্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে তাঁর ছেলে আর্যবীর শেবাগের খেলায়। ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন। বাবার মতোই ওপেনিংয়ে ব্যাটিং করতে পছন্দ করেন আর্যবীর। যুব ক্রিকেটে বেশ কিছু বড় ইনিংস খেলে তিনি ইতিমধ্যে সবার নজর কেড়েছেন। সর্বশেষ ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচে তিনি ১৬৮ বলে ১৬০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি ছক্কা এবং ১৭টি চার।
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এবং ‘দ্য ওয়াল’ নামে খ্যাত রাহুল দ্রাবিড় খেলোয়াড়ি জীবনে অধিনায়ক এবং পরবর্তীতে জাতীয় দলের কোচ হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তাঁর পুত্র অন্বয় দ্রাবিড়ও বাবার পথ অনুসরণ করে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ১৭ বছর বয়সী অন্বয় তাঁর বাবার মতোই একজন উইকেটকিপার-ব্যাটসম্যান। কর্ণাটকের বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত খেলার পাশাপাশি তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও সুযোগ পেয়েছেন। এখন পর্যন্ত ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫টি ম্যাচে মাঠে নেমে তিনি মোট ১৫৮ রান সংগ্রহ করেছেন।
পাকিস্তানের তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাকের ছেলে আলী রাজ্জাকও ক্রিকেট অঙ্গনে বেশ সুনাম অর্জন করেছেন। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সক্রিয়। বাবার মতোই ব্যাটিংয়ের পাশাপাশি তিনি মিডিয়াম পেস বোলিং করেন। ২০২৬ সালের ন্যাশনাল টি-টুয়েন্টি কাপে নিজের অভিষেকেই ২৬ বলে ৪৫ রানের একটি ইনিংস খেলে নজর কাড়েন তিনি, পাশাপাশি এক ওভারে ২৬ রান দিয়েছেন। এছাড়া গত অক্টোবরে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডের একটি ম্যাচে ৬৪ ও ১১১ রানের ইনিংস খেলে ব্যাপক আলোচনায় এসেছেন আলী রাজ্জাক।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফের দুই পুত্র রকি ও কোরিও ক্রিকেটের মাঠে দাপট দেখাচ্ছেন। ১৮ বছর বয়সী রকি ফ্লিনটফ ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলেও প্রতিনিধিত্ব করেছেন। বয়সভিত্তিক ক্রিকেটে সেঞ্চুরির পাশাপাশি ইংল্যান্ড লায়ন্সের হয়েও সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। অন্যদিকে ২০ বছর বয়সী কোরি ফ্লিনটফ কেন্টের হয়ে খেলছেন, তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ফাস্ট বোলার।
ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন। ২০ বছর বয়সী এই অলরাউন্ডার কাউন্টি দল সামারসেটের হয়ে খেলছেন। ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি তিনি অফ স্পিন বোলিং করেন। ২০২৪ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে ১১টি উইকেট নিয়ে তিনি ক্রিকেট অঙ্গনে আলোচনায় আসেন।
এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের ছেলে জশ ডি কেয়ারেসও ক্রিকেটে নিজেদের ক্যারিয়ার গড়ছেন। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান মিডলসেক্সের হয়ে খেলছেন। ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি তিনি অফ স্পিন বোলিংয়ে পারদর্শী। ২০২১ সালে পেশাদার ক্রিকেটে তাঁর অভিষেক হয় এবং এরপর থেকে তিনি ৩১টি প্রথম শ্রেণির ম্যাচে অংশগ্রহণ করেছেন।