সন্তান জন্মের পর অনেক নারীর শরীরেই নানা ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়, যার অন্যতম একটি সাধারণ সমস্যা হলো বাড়তি ওজন। অনেকে নিয়মিত শরীরচর্চা এবং খাদ্যাভ্যাসের কঠোর নিয়ন্ত্রণ মেনে চললেও কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারেন না। বিশ্বখ্যাত টেনিস তারকা সেরেনা উইলিয়ামস-এর ক্ষেত্রেও ঠিক এমনটিই ঘটেছিল। ২৩টি একক গ্র্যান্ড স্লাম জয়ী এই আমেরিকান তারকা দুই সন্তানের মা হওয়ার পর ওজন কমাতে যথেষ্ট বেগ পেতে হয়। কঠোর পরিশ্রম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যখন কার্যকর হচ্ছিল না, তখন তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজন কমানোর ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নেন। ২০২৫ সালের আগস্টে ‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি তাঁর এই অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। সেরেনার দাবি, জিএলপি–১ শ্রেণির ওষুধ ব্যবহারের ফলে তাঁর ওজন ৩১ পাউন্ডের বেশি, অর্থাৎ প্রায় ১৪ কেজি কমেছে।
টেনিস কোর্টে অসামান্য পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে পরিচিত সেরেনা উইলিয়ামস। ২০২২ সালে ইউএস ওপেনের পর তিনি পেশাদার টেনিস থেকে বিদায়ের কথা ঘোষণা করেছিলেন। তবে প্রায় চার বছর পর, ২০২৬ সালে তিনি পুনরায় প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে এসেছেন। বর্তমানে তাঁকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কেবল তাঁর টেনিসে ফেরা নয়, বরং ওজন কমানোর অভিজ্ঞতাও বড় জায়গা করে নিয়েছে। ওজন কমানোর পর তিনি নিজের শারীরিক ও মানসিক অবস্থার ইতিবাচক পরিবর্তন অনুভব করছেন। সেরেনার ভাষায়, ‘দারুণ লাগছে। এখন শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই নিজেকে বেশ ভালো ও সুস্থ মনে হচ্ছে। শরীরটা যেমন হালকা লাগছে, মনটাও তেমন ফুরফুরে।’
২০১৭ সালে প্রথম সন্তান অ্যালেক্সিস অলিম্পিয়ার জন্মের পর থেকেই সেরেনা ওজনজনিত সমস্যায় পড়তে শুরু করেন। সন্তান জন্মের পর তাঁর শরীরে বিভিন্ন পরিবর্তন আসে। কিন্তু নিয়মিত অনুশীলন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার পরেও তিনি কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারছিলেন না।
সেই সময়ের কথা স্মরণ করে সেরেনা বলেন, ‘অনেক কঠোর অনুশীলন করেছি, কিছুতেই আমার কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাতে পারছিলাম না। বিষয়টি ছিল অদ্ভুত। কারণ, জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এত পরিশ্রম করেছি, স্বাস্থ্যকর খাবার খেয়েছি, অথচ কিছুতেই কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাতে পারছিলাম না।’
দীর্ঘদিনের পেশাদার খেলোয়াড়ি জীবন সেরেনাকে কঠোর পরিশ্রমের অভ্যাসে অভ্যস্ত করেছিল। শরীরকে ফিট রাখার সঠিক পদ্ধতি সম্পর্কে তাঁর গভীর জ্ঞান ছিল। তাই পরিচিত নিয়মে চেষ্টা করেও যখন ওজন কমছিল না, তখন তিনি বেশ হতাশ হয়ে পড়েন।
সেরেনা বলেন, ‘ক্যারিয়ারে কখনো শর্টকাট পথে হাঁটিনি। সব সময় কঠোর পরিশ্রম করেছি। সেরা হতে কী করতে হয়, তা আমি জানি। তাই আগের মতোই সবকিছু করার পরও যখন ওজনের কাঁটায় কোনো পরিবর্তন আসছিল না, তখন খুব হতাশ লাগত।’
২০২৩ সালের আগস্টে দ্বিতীয় মেয়ে আদিরা রিভারের জন্মের পর সেরেনা পুনরায় একই সমস্যার সম্মুখীন হন। সন্তান জন্মের প্রথম দুই সপ্তাহে কিছুটা ওজন কমলেও এরপর আর তেমন কোনো পরিবর্তন আসেনি।
সেই হতাশার কথা জানিয়ে সেরেনা বলেন, ‘একসময় মনে হয়েছিল, আমি আর কখনোই হয়তো আমার কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারব না।’
একজন পেশাদার অ্যাথলেট হিসেবে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস থাকা সত্ত্বেও যখন কোনো ফল মিলছিল না, তখন তিনি বিকল্প উপায় খুঁজতে শুরু করেন। এই উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রোর (Ro) সঙ্গে যোগাযোগ করেন, যারা রোগীদের অনলাইনে চিকিৎসকের পরামর্শ ও সেবা প্রদান করে থাকে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি জিএলপি–১ শ্রেণির ওষুধ ব্যবহার শুরু করেন। জিএলপি–১-এর পূর্ণরূপ হলো গ্লুকাগন–লাইক পেপটাইড–১। এটি মানবদেহে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক ধরনের হরমোন, যা খাবার গ্রহণের পর নিঃসরণ বৃদ্ধি পায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষুধা এবং পেট ভরে যাওয়ার অনুভূতি নিয়ন্ত্রণে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই হরমোনের কার্যকারিতাকে অনুকরণ করে তৈরি করা হয়েছে জিএলপি–১ রিসেপ্টর অ্যাগোনিস্ট নামক ওষুধ। এই ওষুধগুলো মস্তিষ্কের ক্ষুধা নিয়ন্ত্রণকারী অংশে কাজ করে, যার ফলে ক্ষুধা কম লাগে, দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি হয় এবং সামগ্রিকভাবে খাবার গ্রহণের পরিমাণ কমে যায়।
ওজন কমাতে এই ধরনের ওষুধের ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে, যা সেরেনাও জানতেন। তাই ওষুধ ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি এর উপকারিতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
সেরেনা বলেন, ‘এ বিষয়ে অনেক গবেষণা করেছি। নিজেকে প্রশ্ন করেছি, এটা কি কোনো শর্টকাট? এর কী কী উপকারিতা, আর কী কী সীমাবদ্ধতা? ওষুধটি ব্যবহারের আগে বিষয়টি নিয়ে গভীরভাবে বোঝার চেষ্টা করেছি। তারপর সিদ্ধান্ত নিয়েছি।’
ওজন কমানোর জন্য ওষুধের এই সিদ্ধান্তকে তিনি হালকাভাবে নেননি। রোর মাধ্যমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি নিশ্চিত হন যে এটি তাঁর জন্য উপযুক্ত কি না। দ্বিতীয় মেয়ের জন্মের প্রায় ছয় মাস পর, বুকের দুধ খাওয়ানো বন্ধ করার পর তিনি সাপ্তাহিক ইনজেকশন নেওয়া শুরু করেন।
২০২৫ সালের আগস্টে ‘পিপল ম্যাগাজিন’কে তিনি জানান, জিএলপি–১ ওষুধ ব্যবহার করে তিনি ৩১ পাউন্ডের বেশি ওজন কমিয়েছিলেন। পরবর্তীতে তিনি রোর সঙ্গে সেলিব্রিটি রোগী প্রতিনিধি হিসেবেও যুক্ত হন। সেরেনা বলেন, ‘জিএলপি–১ ওষুধ ব্যবহার করে আমার ৩১ পাউন্ডের বেশি ওজন কমেছে। ওজন কমানোর এই সাফল্যে আমি সত্যিই খুব খুশি।’
ওজন কমানোর পর দৈনন্দিন জীবনযাত্রায় বড় পরিবর্তন অনুভব করছেন সেরেনা। এখন তিনি আগের চেয়ে বেশি কাজ করতে পারছেন এবং তাঁর চলাফেরাও বেড়েছে। শরীরের বিভিন্ন জয়েন্টে আগের মতো ব্যথা হয় না এবং সাধারণভাবে নিচু হয়ে কোনো কাজ করাও এখন তাঁর জন্য অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। তাঁর ভাষায়, ‘এখন আমি অনেক বেশি কাজ করতে পারি। চলাফেরাও বেড়েছে। শরীরের বিভিন্ন জয়েন্টে আগের মতো ব্যথা হয় না। এমনকি সাধারণভাবে নিচু হয়ে কিছু করাও এখন আমার জন্য অনেক সহজ।’
ক্রীড়াজীবনের শুরু থেকেই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলার অভ্যাস ছিল সেরেনার। এবার ওজন কমানোর অভিজ্ঞতাও তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত শরীরচর্চার ভিডিও প্রকাশ করেন। সেরেনার মতে, সর্বোচ্চ চেষ্টা করার পরও কারও কারও ক্ষেত্রে বাড়তি সহায়তার প্রয়োজন হতে পারে এবং তা স্বীকার করায় কোনো দোষ নেই। চিকিৎসকের পরামর্শে ওষুধের সহায়তা নেওয়া মানেই শর্টকাট পথ বেছে নেওয়া নয়। সেরেনা বলেন, ‘আমি আগে থেকেই যা করছিলাম, ওষুধ আমাকে সেসবের কার্যকারিতা আরও বাড়াতে সাহায্য করেছে। স্বাস্থ্যকর খাবার খাওয়া ও শরীরচর্চা—সবই চালিয়ে গেছি।’
তবে ওজন কমলেও আত্মবিশ্বাস এবং নিজের প্রতি ভালোবাসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি বলে জানান তিনি। সেরেনার মতে, ওজন কমানোর কারণে নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে ফেলা উচিত নয়। নারীদের শারীরিক গড়ন নিয়ে প্রায়ই নানা সমালোচনা হয়, যার অভিজ্ঞতা তাঁরও আছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, যে ওজনই হোক কিংবা শরীরের গড়ন যেমনই হোক, নিজেকে ভালোবাসা সবচেয়ে জরুরি। নির্দিষ্ট কোনো শারীরিক গড়ন ধরে রাখার চাপ আমি কখনো অনুভব করিনি। তবে আমার মনে হয়, ওই বাড়তি ওজনের কারণে শরীর আমাকে ভালো থাকতে দিচ্ছিল না। তাই মনে হয়েছিল, নিজের কাছে যে অবস্থায় স্বস্তি বোধ করব, সেখানে পৌঁছাতে চেয়েছি।’
সেরেনার অভিজ্ঞতা আলোচনায় এলেও চিকিৎসকদের মতে জিএলপি–১ শ্রেণির ওষুধ সবার জন্য উপযুক্ত নয়। সাধারণত অতিরিক্ত ওজন বা স্থূলতার কারণে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হলে, নির্দিষ্ট শারীরিক মানদণ্ড এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্য বিবেচনা করে চিকিৎসকরা এই ওষুধের পরামর্শ দেন। কেবল বাহ্যিক সৌন্দর্য বা শরীরের গড়ন পরিবর্তনের জন্য এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়।
জিএলপি–১ শ্রেণির ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে, যেমন—বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং পেটের অস্বস্তি। কিছু ক্ষেত্রে গুরুতর জটিলতাও হতে পারে এবং ওষুধ বন্ধ করার পর পুনরায় ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় এই ধরনের ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের (এনআইডিডিকে) তথ্য অনুযায়ী, ওজন নিয়ন্ত্রণের ওষুধ কখনোই স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শারীরিক পরিশ্রমের বিকল্প নয়। বরং জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করলে এটি কিছু মানুষের ওজন কমাতে ও তা ধরে রাখতে সহায়তা করতে পারে।
সেরেনা উইলিয়ামসের এই অভিজ্ঞতা থেকে এটি স্পষ্ট যে, ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিটি শরীর ভিন্নভাবে সাড়া দেয়। কারও ক্ষেত্রে কেবল খাবার ও শরীরচর্চায় ফল পাওয়া যায়, আবার কারও ক্ষেত্রে চিকিৎসকের সহায়তার প্রয়োজন হয়। তবে মনে রাখতে হবে, ওজন কমানোর জন্য ওষুধের সিদ্ধান্ত কখনোই ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়।