যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্নটি হলো—ডোনাল্ড ট্রাম্পের পর প্রেসিডেন্ট হিসেবে কে আসবেন? ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় দুটি নাম বারবার সামনে আসছে। একজন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যজন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসনের এই দুই প্রভাবশালী ব্যক্তিত্বেরই প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তবে তাঁদের রাজনৈতিক পথচলা, অভিজ্ঞতা এবং বিশ্বরাজনীতি দেখার দৃষ্টিভঙ্গিতে রয়েছে বিস্তর পার্থক্য।
যুক্তরাষ্ট্রের মতো একটি জটিল রাষ্ট্র পরিচালনার জন্য কে বেশি যোগ্য, সেই প্রশ্নটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের মনে ঘুরপাক খাচ্ছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক বোঝার দক্ষতা এবং অভ্যন্তরীণ সংকট সমাধানে কার দৃষ্টিভঙ্গি বেশি কার্যকর হবে, তা বুঝতে হলে তাঁদের রাজনৈতিক জীবন ও কর্মপদ্ধতি পাশাপাশি বিশ্লেষণ করা প্রয়োজন।
মার্কো রুবিওর রাজনৈতিক যাত্রার শুরু ফ্লোরিডায়। ১৯৭১ সালে মায়ামিতে জন্ম নেওয়া রুবিওর বাবা-মা ছিলেন কিউবা থেকে আসা অভিবাসী। আইন বিষয়ে উচ্চশিক্ষার পর তিনি স্থানীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং ২০০০ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্য আইনসভার সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ওই আইনসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১১ সালে রিপাবলিকান পার্টির সিনেটর হিসেবে রুবিও যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে পদার্পণ করেন এবং টানা তিন মেয়াদে সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন পাওয়ার চেষ্টা করলেও ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। ২০২৫ সালের ২১ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন রুবিও। ফলে স্থানীয় আইনসভা থেকে শুরু করে জাতীয় আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক কূটনীতি পর্যন্ত তাঁর অভিজ্ঞতার পরিধি বিস্তৃত।
প্রেসিডেন্ট পদের যোগ্যতার ক্ষেত্রে এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন প্রেসিডেন্টকে কেবল অভ্যন্তরীণ প্রশাসন নয়, বরং আন্তর্জাতিক সংকট, সামরিক জোট, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের মতো জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। বিশেষ করে লাতিন আমেরিকা, চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য নিয়ে রুবিওর দীর্ঘদিনের সক্রিয় অবস্থান মার্কিন রাজনীতির আলোচনায় অত্যন্ত প্রভাবশালী।
অন্যদিকে, জেডি ভ্যান্সের রাজনৈতিক জীবন রুবিওর তুলনায় অনেক সংক্ষিপ্ত। ১৯৮৪ সালে ওহাইওর মিডলটাউনে জন্ম নেওয়া ভ্যান্সের শৈশব কেটেছে অর্থনৈতিক অনিশ্চয়তা ও পারিবারিক সংকটের মধ্য দিয়ে। পড়াশোনা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের মেরিন কোরে চার বছর দায়িত্ব পালন করেন, যার মধ্যে ইরাক যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে।
পরবর্তীতে ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ইয়েল ল স্কুলে ভর্তি হন ভ্যান্স। আইন পেশার পর তিনি বিনিয়োগ ব্যবসায় যুক্ত হন। তবে জাতীয় পর্যায়ে তাঁর পরিচিতি বাড়ে ‘হিলবিলি এলিজি’ নামক স্মৃতিকথার মাধ্যমে। এই বইটিতে যুক্তরাষ্ট্রের গ্রামীণ ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক সংকট, সামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক হতাশার বাস্তব চিত্র ফুটে উঠেছে।
২০২২ সালে ওহাইও থেকে সিনেটর নির্বাচিত হন ভ্যান্স। তবে সিনেটে তাঁর মেয়াদ খুব বেশি দীর্ঘ হয়নি। মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তাঁকে রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ভ্যান্সের রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হলো শ্রমজীবী ও মধ্যবিত্ত আমেরিকানদের স্বার্থ রক্ষা। শিল্পকারখানা বন্ধ হওয়া, কর্মসংস্থানের অভাব, অভিবাসন সমস্যা এবং বৈশ্বিক বাণিজ্যনীতির নেতিবাচক প্রভাব নিয়ে তিনি সোচ্চার। তাঁর উত্থান প্রমাণ করে যে, রিপাবলিকান পার্টির একটি বড় অংশ এখন কেবল প্রচলিত রক্ষণশীল অর্থনৈতিক নীতিতে সন্তুষ্ট নয়; তারা এমন নেতৃত্ব চায় যারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্প ও শ্রমবাজারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রুবিও ও ভ্যান্সের মধ্যে সবচেয়ে স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। রুবিও দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নেতৃত্বের পক্ষে কথা বলে এসেছেন। তাঁর মতে, বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা, মিত্রদেশগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর প্রভাব ঠেকানো অত্যন্ত জরুরি। চীনকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করেন এবং লাতিন আমেরিকায় চীনের প্রভাব বিস্তার নিয়ে তাঁর গভীর উদ্বেগ রয়েছে। রাশিয়ার বিষয়েও তাঁর অবস্থান কঠোর এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বিপরীতে, জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক সম্পৃক্ততার বিষয়ে অনেক বেশি সতর্ক। ইউক্রেনকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বিরোধিতা করেছেন। তাঁর যুক্তি হলো, যুক্তরাষ্ট্রের সম্পদ ও সামরিক সক্ষমতা দেশের নিজস্ব নিরাপত্তা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে বেশি মনোযোগী হওয়া উচিত। অনেক বিশ্লেষক ভ্যান্সের এই অবস্থানকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একটি অনমনীয় রূপ হিসেবে দেখেন, যেখানে বিদেশের দীর্ঘস্থায়ী যুদ্ধের চেয়ে দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়।
২০২৬ সালের জুনে ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা ও কূটনৈতিক আলোচনায় দুই নেতার এই পার্থক্য আরও প্রকট হয়। ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে নেতৃত্ব দিতে দেখা গেলেও লেবানন প্রশ্নে কূটনৈতিক তৎপরতায় ভূমিকা রাখেন রুবিও। এছাড়া ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে ভ্যান্সের কিছু সমালোচনামূলক বক্তব্য আলোচনায় আসলেও রুবিও ইসরায়েলের প্রতি তাঁর সমর্থন বজায় রেখেছেন। তবে দুজনই প্রকাশ্যে জানিয়েছেন যে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই।
অর্থনীতির প্রশ্নেও তাঁদের মধ্যে কিছু পার্থক্য থাকলেও তা সম্পূর্ণ বিপরীত নয়। ভ্যান্সের বক্তব্যে শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি, শিল্পকারখানা ফিরিয়ে আনা, আমদানি নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। তিনি মনে করেন, কয়েক দশকের বিশ্বায়ন যুক্তরাষ্ট্রের অনেক শ্রমিক ও শিল্পাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে। এই কারণে প্রচলিত রিপাবলিকান অর্থনৈতিক নীতির বাইরে গিয়ে তিনি শ্রমিকদের স্বার্থে করপোরেট প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ এবং একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা বলেন।
রুবিওর অর্থনৈতিক চিন্তায় শিল্পোন্নয়ন, কর্মসংস্থান এবং চীনের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও তাঁর অবস্থান ঐতিহ্যবাহী রিপাবলিকান অর্থনৈতিক দর্শনের সঙ্গে বেশি সংগতিপূর্ণ। তিনি জাতীয় নিরাপত্তার সঙ্গে শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতার সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন। দুজনেরই লক্ষ্য যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প পুনর্গঠন এবং চীনের ওপর নির্ভরতা কমানো, তবে অর্থনৈতিক নীতি বাস্তবায়নে রাষ্ট্রের ভূমিকা কতটা বিস্তৃত হওয়া উচিত, তা নিয়ে তাঁদের চিন্তার পার্থক্য রয়েছে।
রুবিও ও ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ বুঝতে হলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁদের সম্পর্কের বিবর্তন লক্ষ্য করা প্রয়োজন। রুবিও একসময় ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। ২০১৬ সালের রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতায় তাঁদের মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়েছিল।
২৬ ফেব্রুয়ারি ২০১৬, হিউস্টনে রিপাবলিকান বিতর্কে রুবিও ট্রাম্পের ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ ছিল, ট্রাম্প নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে তুলে ধরলেও তাঁর ব্যবসায় একাধিকবার দেউলিয়াত্বের আশ্রয় নেওয়ার ঘটনা রয়েছে। রুবিও কটাক্ষ করে বলেন, “ট্রাম্প যদি বাবার কাছ থেকে বিপুল অর্থ না পেতেন, তাহলে হয়তো তাঁকে ম্যানহাটানে ঘড়ি বিক্রি করতে হতো।” ট্রাম্প এই আক্রমণকে ভুল বলে প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প রুবিওকে প্রায়ই ‘লিটল মার্কো’ বলে সম্বোধন করতেন, যার জবাবে রুবিও ট্রাম্পকে ‘মিস্টার মেল্টডাউন’ বলে বিদ্রূপ করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ভার্জিনিয়ায় এক নির্বাচনী সমাবেশে রুবিও ট্রাম্পের হাতের আকার নিয়ে ঠাট্টা করে বলেন, “ট্রাম্পের হাত নাকি এমন ছোট, যেন ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার কোনো মানুষের হাত।” এরপর রুবিও বলেন, “ছোট হাতের পুরুষদের বিশ্বাস করা যায় না।”
৩ মার্চ ২০১৬ ডেট্রয়েটে টেলিভিশনে সম্প্রচারিত বিতর্কে ট্রাম্প এর জবাব দেন। তিনি দর্শকদের সামনে নিজের দুই হাত তুলে বলেন, “হাত ছোট হলে শরীরের অন্য একটি অঙ্গও ছোট হওয়ার কথা।” এরপর বলেন, “আমি নিশ্চয়তা দিচ্ছি, এ নিয়ে কোনো সমস্যা নেই।” এটি ছিল সেই নির্বাচনী বিতর্কের সবচেয়ে আলোচিত ও অস্বস্তিকর মুহূর্তগুলোর একটি।
তবে সময়ের সাথে সাথে রুবিও ট্রাম্পের রাজনৈতিক বলয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। বর্তমানে তাঁর দায়িত্ব কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জাতীয় নিরাপত্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনাতেও তিনি ভূমিকা রাখছেন।
অন্যদিকে, ভ্যান্সের ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সাদৃশ্য অনেক বেশি। তিনি ট্রাম্পের সমর্থকদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং মাগা (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ট্রাম্পের রাজনৈতিক দর্শন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়।
তবে ট্রাম্পের উত্তরাধিকার বহন করা এবং নিজের স্বতন্ত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করা দুটি ভিন্ন বিষয়। প্রেসিডেন্ট হওয়ার জন্য দলের সমর্থনের পাশাপাশি নিজের রাজনৈতিক পরিচয় ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা প্রমাণ করতে হয়। এই ক্ষেত্রে দুজনের সামনেই আলাদা চ্যালেঞ্জ রয়েছে। রুবিওকে প্রমাণ করতে হবে যে তিনি কেবল দক্ষ কূটনীতিক নন, বরং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতৃত্ব দিতে সক্ষম। আর ভ্যান্সকে দেখাতে হবে যে, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের বাইরেও একটি বিশাল প্রশাসন পরিচালনার মতো অভিজ্ঞতা ও সক্ষমতা তাঁর রয়েছে।
সামগ্রিকভাবে দেখা যায়, রুবিওর শক্তি হলো তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক কূটনীতির প্রত্যক্ষ সম্পৃক্ততা। অন্যদিকে, ভ্যান্সের শক্তি হলো রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কাঠামোর ভেতরে কাজ করার অভিজ্ঞতা, সামরিক পটভূমি এবং শ্রমজীবী আমেরিকানদের সঙ্গে তাঁর গভীর সংযোগ।
তবে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা কেবল অভিজ্ঞতার বছর দিয়ে পরিমাপ করা যায় না। একজন নেতার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সংকট মোকাবিলার দক্ষতা, ভিন্নমতের সঙ্গে কাজ করার সামর্থ্য এবং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বোঝার ক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
২০২৮ সালের নির্বাচন এখনো অনেক দূরে। তার আগে ট্রাম্প প্রশাসনের বাকি সময়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সংকট এবং রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ সমীকরণ অনেক কিছু বদলে দিতে পারে। রুবিও অবশ্য আপাতত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো আলোচনা করতে চান না। সম্প্রতি তিনি বলেছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শেষ দিন পর্যন্ত তাঁর প্রশাসনে কাজ করাই তাঁর পরিকল্পনা। ২০২৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি আর ২০২৮ নিয়ে কথা বলব না। একেবারেই না।” এর মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে চলা জল্পনা থেকে নিজেকে দূরে রাখার ইঙ্গিত দিয়েছেন।
তাই এখনই নিশ্চিত করে বলা কঠিন যে রিপাবলিকান পার্টির নেতৃত্বের লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। আলোচনায় তাঁদের বাইরে রন ডিস্যান্টিস ও টেড ক্রুজের নামও রয়েছে। রন ডিস্যান্টিস ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর, যিনি ২০১৯ সাল থেকে এই দায়িত্বে আছেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলের সাবেক শিক্ষার্থী এবং মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতায় তিনি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। অন্যদিকে টেড ক্রুজ টেক্সাসের রিপাবলিকান সিনেটর, যিনি ২০১৩ সাল থেকে সিনেটে দায়িত্ব পালন করছেন এবং ২০১৬ সালের মনোনয়ন প্রতিযোগিতায় ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন ছিলেন।
তবে রুবিও ও ভ্যান্সের রাজনৈতিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য একটি মৌলিক প্রশ্ন সামনে এনে দিয়েছে—ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্র কি একজন অভিজ্ঞ কূটনীতিকের নেতৃত্ব চাইবে, নাকি নতুন প্রজন্মের জাতীয়তাবাদী রাজনীতিকের হাতে দায়িত্ব তুলে দেবে?
তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, ওয়াশিংটন পোস্ট ও হোয়াইট হাউস