ইসলামি জীবনদর্শনে জনস্বার্থে কোনো দায়িত্ব গ্রহণ করার পর বিশেষ কারণ ছাড়া তা থেকে সরে আসা বা পদত্যাগ করাকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে পরিস্থিতি যখন এমন পর্যায়ে পৌঁছায় যে, দায়িত্ব আঁকড়ে ধরে রাখলে জনকল্যাণের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি থাকে, তখন স্বেচ্ছায় পদত্যাগ করা কেবল বৈধই নয়, বরং বিশেষ ক্ষেত্রে তা ওয়াজিব বা আবশ্যক হয়ে দাঁড়ায়।

প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে শারীরিক সুস্থতা এবং মানসিক ভারসাম্য অত্যন্ত জরুরি। যদি কোনো নেতা বা দায়িত্বশীল ব্যক্তি বার্ধক্য, দুরারোগ্য ব্যাধি কিংবা মানসিক বৈকল্যের কারণে নিজের অর্পিত দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, তবে তাঁর জন্য পদত্যাগ করা আবশ্যক হয়ে পড়ে। এ বিষয়ে ইমাম আল-মাওয়ারদি লিখেছেন, ‘নেতৃত্ব বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যার ওপর ন্যস্ত, তার মাঝে যদি এমন কোনো শারীরিক বা মানসিক অক্ষমতা (যেমন—দৃষ্টিশক্তি হারানো বা মানসিক ভারসাম্যহীনতা) তৈরি হয় যা তাকে দায়িত্ব পালনে বাধা দেয়, তবে তাকে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হবে।’ (আল-মাওয়ারদি, আল-আহকামুস সুলতানিয়্যাহ, পৃ. ২০, দারুল হাদিস, কায়রো, ২০০৬)

ইসলামি শাসনব্যবস্থায় নেতৃত্বের মূল ভিত্তি হলো ইনসাফ বা ন্যায়বিচার। যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি অনুভব করেন যে, রাজনৈতিক প্রভাব, পারিপার্শ্বিক চাপ কিংবা ব্যক্তিগত দুর্বলতার কারণে তিনি আর ন্যায়বিচার নিশ্চিত করতে পারছেন না এবং তাঁর পদে থাকার ফলে জুলুম বা অবিচার সংঘটিত হচ্ছে, তবে তাঁর দ্রুত পদত্যাগ করা উচিত। অবিচারের অংশীদার হয়ে ক্ষমতা ধরে রাখা ইসলামে হারাম। দ্বিতীয় খলিফা ওমর (রা.) তাঁর নিযুক্ত গভর্নরদের এ বিষয়ে কঠোর সতর্ক করতেন। কেউ যদি নিজের দুর্বলতার কারণে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভয় পেতেন, তবে তাঁরা নিজেরাই পদত্যাগের আবেদন করতেন।

ক্ষমতা ধরে রাখার নেশায় দেশের অভ্যন্তরে সংঘাত, গৃহযুদ্ধ কিংবা মুসলমানদের মধ্যে রক্তপাত ঘটা ইসলামে চরমভাবে নিন্দনীয়। যদি পদত্যাগের মাধ্যমে একটি বৃহত্তর সংঘাত এড়ানো সম্ভব হয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, তবে পদত্যাগ করাই ইসলামের নির্দেশ। এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নবীজির দৌহিত্র হাসান ইবনে আলী (রা.)-এর কথা উল্লেখ করা যায়। তিনি মুসলমানদের বৈধ খলিফা হওয়া সত্ত্বেও বৃহত্তর ঐক্য রক্ষা এবং রক্তপাত এড়ানোর লক্ষ্যে স্বেচ্ছায় খেলাফত থেকে পদত্যাগ করে মুয়াবিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। মহানবী (সা.) বহু আগেই তাঁর এই নিঃস্বার্থ ত্যাগের প্রশংসা করে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘আমার এই সন্তানটি একজন সাইয়িদ (নেতা); হয়তো আল্লাহ এর মাধ্যমে মুসলমানদের দুটি বিশাল দলের মধ্যে আপস-মীমাংসা করে দেবেন।’ (সহিহ বুখারি, হাদিস: ২৭০৪)

এছাড়া, যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি উপলব্ধি করেন যে, ওই পদের জন্য তাঁর চেয়ে অধিক যোগ্য, পরহেজগার এবং জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য অন্য কোনো ব্যক্তি রয়েছেন, তবে বৃহত্তর জনকল্যাণে স্বেচ্ছায় সরে দাঁড়ানো একটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। ইসলামি রাষ্ট্রদর্শনে নেতৃত্বের ভিত্তি হলো জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। যদি কোনো জনগুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তি বুঝতে পারেন যে তিনি জনগণের আস্থা ও সমর্থন পুরোপুরি হারিয়েছেন এবং জনগণ যৌক্তিকভাবেই তাঁর নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে, তবে জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে থাকা চরম নিন্দনীয়।

ইসলামি ফিকহের মূলনীতি ‘মাসলাহাতুল উম্মাহ’ বা জনকল্যাণ অনুযায়ী, সমাজকে অরাজকতা ও বিদ্রোহের হাত থেকে বাঁচাতে এমন পরিস্থিতিতে নেতার উচিত স্বেচ্ছায় পদত্যাগ করে জনগণের মতামতের প্রতি সম্মান জানানো। ক্ষমতা আঁকড়ে ধরে অযোগ্যদের দিয়ে সমাজ পরিচালনা করা মূলত আমানতের খেয়ানত।

পরিশেষে, ইসলামি রাষ্ট্রদর্শন অনুযায়ী পদত্যাগ মানেই পরাজয় বা অপমান নয়। বরং নিজের অক্ষমতা কিংবা পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া একজন মুমিনের সর্বোচ্চ তাকওয়া (আল্লাহভীতি) এবং আমানতদারির বহিঃপ্রকাশ।