ইসলামি জীবনদর্শনে নেতৃত্বের প্রকৃত অর্থ ক্ষমতা ভোগ করা কিংবা অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা নয়; বরং এর মূল লক্ষ্য হলো আর্তমানবতার সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অর্পিত দায়িত্বের যথাযথ পালন। একজন প্রকৃত নেতা জনগণের শাসক নন, বরং তিনি তাঁদের সেবক হিসেবে গণ্য হন। তাঁর নেতৃত্বের সার্থকতা পরিমাপ করা হয় মানুষের কল্যাণে তাঁর ভূমিকা, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলির ওপর ভিত্তি করে।

মানবজাতিকে সঠিক পথ প্রদর্শন ও মুক্তির দিশা দিতে আল্লাহ-তাআলা যুগে যুগে নবী-রাসুল (আ.) পাঠিয়েছেন। তাঁরাই ছিলেন নেতৃত্বের সর্বোত্তম ও পরম আদর্শ। বিশেষ করে সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির সামনে যে আদর্শ স্থাপন করেছেন, তা-ই আমাদের নেতৃত্বের পথে চলার জন্য সবচেয়ে বড় পাথেয়।

এই বিষয়ে আল্লাহ-তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তাদের মধ্যে কিছু লোককে অন্য কিছু লোকের ওপর আমিই প্রাধান্য দিয়েছি, যেন তারা পরস্পরের কাছ থেকে কাজ নিতে পারে। আর আপনার প্রতিপালকের রহমত ওই ধনসম্পদ থেকে অধিক মূল্যবান, যা (ধনীরা) দুই হাতে সংগ্রহ করছে।’ (সুরা জুখরুফ, আয়াত: ৩২)

মর্যাদার মাপকাঠি সম্পর্কে আল্লাহ-তাআলা আরও বলেন, ‘বস্তুত আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি বা নীতিপরায়ণ। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে জানেন এবং সব বিষয়ে অবহিত।’ (সুরা হুজুরাত, আয়াত: ১৩)

উপরোক্ত নির্দেশনা থেকে এটি স্পষ্ট যে, ইসলামে নেতৃত্বের মর্যাদা কোনো সম্পদ, বংশমর্যাদা, উচ্চ পদ কিংবা সামাজিক প্রভাবের ওপর নির্ভর করে না। বরং তাকওয়া, নৈতিকতা এবং মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার মধ্যেই নেতৃত্বের প্রকৃত সার্থকতা নিহিত।

সমাজের সেবা করা, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাঁদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করাই একজন নেতার প্রধান দায়িত্ব। আরবিতে একটি প্রচলিত প্রবাদ রয়েছে, ‘সাইয়্যিদুল কওমি খাদিমুহুম’, যার অর্থ হলো জাতির নেতারা তাঁদের সেবক। একজন নেতা কোনো অবস্থাতেই তাঁর অধীনস্থদের মধ্যে বৈষম্য করতে পারেন না। বরং সবার সঙ্গে ইনসাফভিত্তিক আচরণ করতে হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাতীয়তা কিংবা অঞ্চল নির্বিশেষে প্রত্যেকেই নেতার কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার অধিকারী। এমনকি শত্রুর প্রতিও ইনসাফ ও ন্যায়বিচারের আচরণ করতে ইসলাম নির্দেশ দিয়েছে।

পবিত্র কোরআনে এই বিষয়ে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতসমূহ সেগুলোর প্রাপকদের কাছে পৌঁছে দাও। আর মানুষের মধ্যে যখন কোনো বিষয়ে বিচার করবে, তখন ইনসাফের সঙ্গে বিচার করবে।’ (সুরা ৪ নিসা, আয়াত: ৫৮)

ন্যায়বিচারের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ-তাআলা আরও বলেন, ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহর (বিধিবিধানের) পূর্ণ প্রতিষ্ঠাকারী ও ইনসাফের সাক্ষ্যদাতা হও। কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে অবগত।’ (সুরা মায়িদা, আয়াত: ৮)

নেতৃত্বের জন্য উদারতা, মহত্ত্ব এবং ক্ষমাশীলতা অত্যন্ত জরুরি গুণ। কঠোরতা কিংবা পাষাণহৃদয় কখনোই নেতৃত্বের উপযুক্ত বৈশিষ্ট্য হতে পারে না। মহানবী (সা.)-এর নম্র স্বভাবের প্রশংসা করে আল্লাহ-তাআলা বলেন, ‘হে নবী (সা.)! এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আপনি এসব লোকের প্রতি অত্যন্ত নম্র স্বভাবের হয়েছেন। আপনি যদি উগ্র স্বভাব ও কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তবে এসব লোক আপনার চারপাশ থেকে দূরে সরে যেত। অতএব তাদের ক্ষমা করে দিন। তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন এবং ইসলামের কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন। অবশ্য কোনো বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহর ওপর ভরসা করুন। বস্তুত আল্লাহ তাঁদের ভালোবাসেন, যাঁরা তাঁর ওপর ভরসা করে কাজ করেন।’ (সুরা আলে–ইমরান, আয়াত: ১৫৯)

মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ (সা.) ক্ষমার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা বিশ্ব ইতিহাসে এক অতুলনীয় নজির। বিজয়ী হয়েও তিনি প্রতিশোধ নেওয়ার পথ বেছে নেননি; বরং ক্ষমা ও উদারতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন। নেতৃত্বের ক্ষেত্রে এই মানবিক গুণের গুরুত্ব অপরিসীম।

নেতৃত্বের আরেকটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতা। কারও ওপর যখন কোনো দায়িত্ব অর্পিত হয়, তখন তা সর্বোত্তমভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দায়িত্ব পালনের কারণে যেন সাধারণ মানুষ কষ্টের শিকার না হয়, সেদিকে নেতাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। হজরত আয়েশা (রা.) বলেন, ‘আমার এ ঘরে রাসুলুল্লাহ (সা.)–কে দোয়া করতে শুনেছি, “হে আল্লাহ! যে ব্যক্তি আমার উম্মতের যেকোনো কাজের দায়িত্বশীল নিযুক্ত হয়, এরপর সে লোকেদের কষ্ট দেয়, আপনিও তাকে কষ্টের মধ্যে ফেলে দিন। আর যে ব্যক্তি আমার উম্মতের যেকোনো বিষয়ে দায়িত্বশীল নিযুক্ত হয় এবং লোকেদের সঙ্গে নম্র ব্যবহার করে, আপনিও তার সঙ্গে নম্র ব্যবহার করুন।’” (মুসলিম: ৪৭২২)

— লেখক: অধ্যক্ষ মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।