বছরের শুরুতেই আমি মনে মনে একটি পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিলাম যে, এবার একটি সেন্ট মার্টিন ট্যুর দেবই! নীল জলরাশি, সারি সারি নারকেলগাছ আর প্রবাল পাথরের ওপর দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে শাহরুখ খান স্টাইলে একটি প্রোফাইল পিকচার তোলা—কল্পনায় সবকিছু ছিল একদম প্রস্তুত।
ট্রলারে বসে চিপস খাওয়া আর সি-গালের সাথে সিনেমাটিক ভিডিও তৈরি করার স্বপ্ন দেখতে দেখতে বন্ধুদের সাথে আড্ডায় কত পরিকল্পনা করা হয়েছে, তার কোনো সঠিক হিসাব নেই। কিন্তু কে জানত, আমার এই সাজানো স্বপ্নের ভেতরে হলিউডি থ্রিলারের মতো এমন একটি ‘টুইস্ট’ অপেক্ষা করছে!
ট্যুরের বাজেট এবং তারিখ যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই সামনে এল এক নতুন আতঙ্কের নাম—‘পারমিট’! জানা গেল, সেন্ট মার্টিনে যেতে হলে এখন নাকি সরকারি অনুমতি লাগবে। তাও এই অনুমতি সীমিত, অর্থাৎ আগে আবেদন করলে আগে পাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে।
এই খবরটি শোনার পর আমি রীতিমতো থ বনে গেলাম। মনে মনে ভাবলাম, ভাই, আমি তো দেশের ভেতরেই একটি দ্বীপে যাচ্ছি, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ট্রলারে করে ইতালিতে তো যাচ্ছি না! অথচ ঘরের পাশের সেন্ট মার্টিনে যেতেও এখন পারমিট প্রয়োজন?
একটা সময় ছিল যখন মানুষ কানাডা, আমেরিকা বা ইউরোপের শেনজেন ভিসা নিয়ে চিন্তিত থাকত। ভিসা পাওয়ার পর গর্বের সাথে ফেসবুকে পোস্ট দিত—‘ভিসা ডান’।
আর এখন? এখন মনে হয় আড্ডায় বসলে আলোচনার বিষয়ই বদলে যাবে। কেউ হয়তো খুব গর্ব করে বলবে, “দোস্ত, আমার তো সেন্ট মার্টিনের পারমিট হয়ে গেছে!”
বাকিরা হয়তো অবাক হয়ে জিজ্ঞাসা করবে, ভাই, কীভাবে করলি? ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হয়েছে? ইন্টারভিউতে প্রবাল সংরক্ষণ নিয়ে কোনো কঠিন প্রশ্ন করেছিল নাকি?
পুরো ব্যাপারটি এমন মনে হচ্ছে যেন সেন্ট মার্টিনের পারমিট পাওয়া মানেই পাসপোর্টের ওজন দশ গুণ বেড়ে যাওয়া! এখন হয়তো আমার মতো দেশি ট্রাভেলাররা কানাডার ভিসার চেয়ে সেন্ট মার্টিনের পারমিট পেলে ফেসবুকে বেশি ফ্লেক্স করবে।
এর পাশাপাশি আরেকটি বিশাল সমস্যা হলো টাইমিং। সেন্ট মার্টিন তো আর পতেঙ্গা বিচ নয় যে যখন খুশি চাইলেই যাওয়া যাবে। এটি খোলা থাকে কেবল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। অর্থাৎ এটি যেন একদম ‘লিমিটেড এডিশন’ অফার!
মাঝেমধ্যে কল্পনা করি, সেন্ট মার্টিনের পারমিটের জন্য হয়তো আলাদা কোনো ভাইভা বোর্ড বসবে। সেখানে কড়া চেহারার একজন অফিসার বসে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করবেন, আপনার সেন্ট মার্টিনে যাওয়ার মূল উদ্দেশ্য কী?
আমি হয়তো কাঁপা কাঁপা গলায় বলব, “স্যার, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে একটা ছবি তুলব আর একটা কোরাল মাছ খেয়েই চলে আসব। বিশ্বাস করেন, একটুকরা পলিথিন বা চিপসের প্যাকেটও ফেলব না!”
এত কাঠখড় পুড়িয়ে এবং পারমিটের দুশ্চিন্তা মাথায় নিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার চেয়ে মনে হয়, বাসার পাশে ১০ টাকা ভাড়ায় গিয়ে পতেঙ্গা সি-বিচেই বরং একটি ট্যুর দিয়ে আসি। অন্তত সেখানে যাওয়ার জন্য আমেরিকার ভিসার মতো এমন ‘পারমিট’ তো জোগাড় করতে হবে না!