স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় নাম নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের নির্মম গুলিতে প্রাণ হারান তিনি। তাঁর সেই অসামান্য আত্মত্যাগ এবং গণতন্ত্রের প্রতি তীব্র আকাঙ্ক্ষাকে শব্দে রূপ দিয়েছিলেন প্রথিতযশা কবি শামসুর রাহমান। কবির সেই কালজয়ী কবিতা ‘আলো-ঝরানো ডানা’র মাধ্যমে নূর হোসেনের সাহসিকতাকে স্মরণ করা হয়। আজ শহীদ নূর হোসেন দিবসে সেই কবিতাটি পুনরায় পাঠকদের সামনে উপস্থাপন করা হলো।

কবিতার শুরু হয় কবির ব্যক্তিগত অনুভূতির মধ্য দিয়ে। তিনি লিখছেন, রোজকার মতো আজো আমার ঘুম ভাঙলো ভোরবেলা। হাওয়ার সঙ্গে নারকেল গাছের পাতার খেলা দেখলাম দুচোখ ভরে। একটা পাখি এসে নাচানাচি শুরু করলো ডালে, শিস্ও দিলো দু-একবার। এই মুহূর্তে মনে হলো, কোনো শোক নেই পৃথিবীতে; কোনো হতাশা অথবা বিক্ষোভের কারণের কথাও মনে করতে পারলাম না। চারদিকের শোভা আমাকে রাখলো আচ্ছন্ন করে।

কবি অনুভব করেন, এই মুহূর্তে স্তোত্র রচনা করতে পারি গাছের পাতায় মিশে যাওয়া রোদের, পাখির শিসের বিষয়ে। বাথরুমে ট্যাপ থেকে টপটপানো পানি, আলনায় ঝোলানো উপহার পাওয়া পাঞ্জাবি, ফ্যানের হাওয়ায় ওড়া পেঙ্গুইনের আধপড়া পেপার ব্যাকের স্তুতি গাইতে পারি।

নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে কবি বলেন, আমার পক্ষে অসম্ভব নয় হৃদয়জোড়া ভালোবাসার জয়, সামনের দিকে প্রসারিত নির্জন পথ কিংবা সেই মন-কেমন-করা ঘর, যেখানে আমার প্রিয়তমা বসত করে, গুন গুন করে গান গায়, যেখানে ঝরে যায় অনেক অপূর্ণ আকাঙ্ক্ষার মুকুল, রুক্ষ জমিনে ফুটে ওঠা স্মিত ফুল, তার কপালে লুটিয়ে পড়া চুল, ওর দ্বিধা-জড়ানো খানিক দাঁড়িয়ে থাক। সিঁড়ির ধাপে আমার মায়ের মুখের সোনালি বিহ্বলতার স্তব রচনা করা।

বিদেশে থাকা মেয়ে কিংবা অকালে চলে যাওয়া ছেলের কথা ভেবে কবি বলেন, আমার যে-মেয়ে বিদেশে গোছাচ্ছে সংসার, যাকে দীর্ঘকাল দেখিনে, কিংবা সেই ছেলে, যাকে মৃত্যু ছিনিয়ে নিয়ে গেছে আমার বুকের পাঁজর খসিয়ে তাদের নিয়ে বিধুর কিছু লেখার বেদনা আমি সইতে পারি সহজেই। দুজনের মধ্যে যে চিরকালীন দূরত্ব বিদ্যমান, তাকে সরিয়ে ফেলার ব্যর্থতা অন্ধকারে আবৃত বৃষ্টির দিন যে তোলপাড় সৃষ্টি করে মনের গহনে, যে বুলবুলি কোনোদিন এসে বসবে না আমার ঘরের ঘুলঘুলিতে, এসব কথাও মঞ্জরিত হতে পারে আমার খাতার পাতায়। কিন্তু আজ ভোরবেলা আমি নিজেকে সরিয়ে নিচ্ছি এসব থেকে। আজ বৃক্ষ, পাথর আর নক্ষত্রের স্তবগান গাইবো না। আমি উচ্চারণ করবো সেই মানুষটির নাম, যাকে আমি কোনোদিন দেখিনি অথচ মনে হয় দীর্ঘকাল সে জড়িয়ে আছে আমার দিন যাপনে, আমার নিভৃত স্বপ্নে, যে আমার সঙ্গে কথা বলে বারবার অন্তরঙ্গ কণ্ঠস্বরে। তার ঠোঁটের নড়া, হাসি এবং চোখের আগুন আমার মুখস্থ, অথচ তাকে কোনোদিন চোখেও দেখিনি।

নূর হোসেনের বীরত্বগাথা বর্ণনা করতে গিয়ে কবি লিখেছেন, “এইতো আমি দেখছি পুরাকালের বীরের ভঙ্গিতে কোন্ দুর্বার ইঙ্গিতে সে কোনো ভোজসভায় নয়, হেঁটে যাচ্ছে ধুন্ধুমার যুদ্ধক্ষেত্রে, স্পষ্ট দেখছি সে ছুটে চলেছে উদোম গায়ে। মেঘের গর্জনের মতো সাহস আর অন্তহীন দেশপ্রেম ছাড়া তার কোনো অস্ত্র নেই।”

শত্রুর ব্যূহ ভেদ করে নূর হোসেনের সেই যাত্রা ছিল এক অনন্য মহিমার। কবি বর্ণনা করেন, সে ছুটে চলেছে শত্রুদের নির্মম ব্যূহের ভেতরে। তার যাত্রা ছিলো ফিরে না আসার মহিমা-খচিত। ওর মা কাতর কণ্ঠে মিনতি জানিয়েছিলেন, “নূর নূর, বাছা আমার, আয় ফিরে আয়।” কিন্তু সে ফিরে আসেনি। ফিরে আসার জন্যে অমন করে কেউ কোথাও যায় না বুনো বরাহের দঙ্গলে। ওর বর্ষীয়ান পিতা, যিনি বাহান্নর একুশে ফেব্রুয়ারিতে পা রেখেছিলেন ঢাকার মাটিতে, তিনি “নূর নূর” বলে ডাকেন, কিন্তু এক থমথমে নিস্তব্ধতা ছাড়া তিনি কোনো সাড়া পান না। তিনি এই পাথুরে শহরের উপেক্ষিত দরিদ্রমণ্ডলীর একজন, অথচ তাঁর মাথায় জ্বলজ্বলে সোনার মুকুট, যা পরিয়ে দিয়েছে তাঁর হৃদয়ের নূর। সেই মুকুটের দিকে তাকানোর সময় কোথায় এই নষ্ট শহরের?

সময়ের আবর্তনে অনেক বর্ষা অতিক্রান্ত হলেও নূর হোসেনের রক্ত রাজপথ থেকে মুছে যায়নি। কবি বলেন, দু–দুটো বর্ষা বিদায় নিয়েছে বাংলাদেশকে ধুইয়ে, কিন্তু আমি সত্যি দেখতে পাচ্ছি, নেকড়ের দাঁতের মতো বুলেটে ঝাঁঝরা ঐ যুবার বুকের রক্ত প্রবল বর্ষার অবিরল জলও রাজপথ আজো মুছে ফেলতে পারেনি। প্রবালের মতো জ্বলছে চাপ চাপ রক্ত আর দেখছি ওর দুই কাঁধে। গজিয়ে উঠেছে আলো-ঝরানো ডানা। আমাদের চোখ কখনো কখনো ঝলসে ওঠে সেই আলোয়। না, তাকে ওরা হত্যা করতে পারেনি। তা হলে কে অমন আলো-ঝরানো এক জোড়া ডানা নিয়ে উড়ে যাচ্ছে মেঘে মেঘে, হেঁটে চলেছে রাজপথে? ওর চোখে নক্ষত্রের নীড়, বাহুতে অনির্বাণ বরাভয়। নূর, নূর, নূর হোসেন বলে ডাকছে রাজপথ, নদীনালা, গাছপালা, নীলকণ্ঠ বাংলাদেশ। কখন আবার দশমিক ওলট–পালট করে জেগে উঠবে নতুন যৌবন?

উল্লেখ্য, কবিতাটি ১৯৮৯ সালের ১১ নভেম্বর সাপ্তাহিক একতা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল।