নাটোরে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি নূর হোসেনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
মৃত নূর হোসেন সদর উপজেলার পীরজীপাড়া গ্রামের আলহ্বাজ মো. হাফিজ উদ্দিনের ছেলে। তিনি বড়হরিশপুর ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জংলী ফাজিল মাদ্রাসার প্রভাষক ও মেরিট একাডেমি স্কুলের পরিচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের অভ্যন্তরীণ সমস্যার সমাধানের জন্য মতবিনিময় সভা চলছিল। সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূর হোসেন। এ সময় সভায় পস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নূর হোসেনকে মৃত ঘোষণা করেন।
তার এই মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ছাত্র শিবিরের সাবেক সভাপতি নূর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রজীবনে তিনি বড়হরিশপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।